অদিনেও মিলবে রসেভরা হানিকুইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিখ্যাত হানিকুইন জাতের আনারস এখন কেবল মৌসুমেই নয়, ফলছে সারা বছর। পাহাড়ে এই আনারসের ফলন হয় এপ্রিলের শেষ সময় থেকে জুন-জুলাই পর্যন্ত। তবে হরমোন প্রয়োগের মাধ্যমে এখন এ জাতের আনারসের চাষ সারা বছরই হচ্ছে। রাঙামাটির বিভিন্ন বাজারে ইতিমধ্যে হরমোন প্রয়োগে উৎপাদিত হানিকুইন আনারসের বিক্রি শুরু হয়েছে।
কৃষিবিদ ও গবেষকেরা বলছেন, ফলন পেতে সরাসরি আনারসে নয়, হরমোন প্রয়োগ করা হয় চারা গাছে। এ পদ্ধতিতে উৎপাদিত আনারস স্বাদে, গন্ধে মৌসুমি আনারসের মতোই হয়।
গত রোববার রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে হানিকুইন আনারস বিক্রি করতে এসেছিলেন চাষি চরণ বিকাশ চাকমা (৪২) ও কিরণ চন্দ্র চাকমা (৪০)। তাঁরা জানান, প্রতিটি আনারস বিক্রি করছেন ১৫ টাকা দামে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শে তাঁরা আনারস গাছে হরমোন প্রয়োগ করে মৌসুমের প্রায় তিন মাস আগে ফলন পেতে শুরু করেছেন। তাই দামও পাচ্ছেন ভালো। তবে অনেক ক্রেতা হরমোনকে কীটনাশক ভেবে আনারস কিনতে ভয় পাচ্ছেন।
চরণ বিকাশ জানান, হরমোন প্রয়োগে উৎপাদিত আনারসের স্বাদ ও আকার স্বাভাবিক আনারসের মতোই। তিনি বলেন, হানিকুইন আনারসের আগাম ফলন পেতে সুস্থ-সবল চারা রোপণ করতে হয়। চাষে খরচও পড়ে বেশি। পাশাপাশি আগাছাও পরিষ্কার করতে হয় দ্রুত। স্বাভাবিক অবস্থায় হানিকুইন আনারসের ফলন পেতে চারা রোপণের পর দেড় থেকে দুই বছর অপেক্ষা করতে হয়। কিন্তু হরমোন প্রয়োগ করলে ছয় থেকে আট মাসের মধ্যে ফলন পাওয়া যায়।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষি সম্প্র্রসারণ বিশেষজ্ঞ পবন কুমার চাকমা জানান, বিশ্বের বিভিন্ন দেশে এখন হরমোন প্রয়োগের মাধ্যমে আনারসসহ বিভিন্ন ফল বছরব্যাপী উৎপাদন হচ্ছে।
হানিকুইন আনারস উৎপাদনের জন্য রাঙামাটি জেলার আবহাওয়া সবচেয়ে বেশি উপযোগী। কৃষিবিদেরা দীর্ঘদিন ধরে বছরব্যাপী আনারস ফলন নিয়ে গবেষণা চালিয়েছেন। তাঁদের গবেষণায় গেছে, হরমোন প্রয়োগে উৎপাদিত আনারস শরীরের জন্য ক্ষতিকর নয়।
পবন কুমার চাকমা বলেন, হরমোন সরাসরি আনারসে প্রয়োগ করা হয় না। চারা রোপণের পর গাছে ৩৮ থেকে ৪০টি পাতা গজালে চারার মাথায় হরমোন প্রয়োগ করা হয়। তারপর দুই মাসের মধ্যে গাছে ফুল আসে এবং পরবর্তী দুই মাসের মধ্যে আনারস পরিপক্ব হয়। তিনি জানান, এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হরমোন উৎপাদন করছে। চাষি এবং ক্রেতাদের হরমোন সম্পর্কে ভুল ধারণা দূর হলে সারা বছর আনারস উৎপাদন করা যাবে এবং বাজারেও পাওয়া যাবে। এতে চাষিরা লাভবান হবেন বলে তিনি উল্লেখ করেন।