আসন খুঁজে পেলে হাঁফ ছেড়ে বসে অয়ন। ট্রেন পুরো সাত ঘণ্টা লেট। লাগাতার হরতাল-অবরোধের ফল। বাইরে সন্ধ্যার আকাশভরা মেঘ; দমকা হাওয়া— কালবোশেখির লক্ষণ। বজ্রদেবের দিকে তাকিয়ে মেঘকন্যার ষড়যন্ত্রের হাসি। সেই হাসিতে আচ্ছন্ন বজ্রদেবের পিছলে পড়ার গুড়ুম গুড়ুম শব্দ! এই চলছে বেশ অনেকক্ষণ। বাইরে হাত বাড়ালে ভেজা হাওয়া ছুঁয়ে ছুঁয়ে যায় বিশ্বস্ত বন্ধুর মতো।
ট্রেনের ঝিক ঝিক আর বৃষ্টির ঝম ঝম শুরু হয় প্রায় একই সঙ্গে। রাতের অন্ধকার সুড়ঙ্গ কেটে এগিয়ে চলে ট্রেন। অয়নের পাশে দুজন সুদর্শন পুরুষ আর একজন মায়াবী মহিলার একটি জোট। ভেসে আসা টুকরো কথায় অয়ন বুঝতে পারে, সুদর্শনগণের মধ্যে অপেক্ষাকৃত বয়স্কজন স্ত্রী-সমেত নিজের বড় কুটুমের জন্য নতুন কুটুমের সন্ধানে যাচ্ছেন। নিজেদের মধ্যে কথার তোড় একটু কমলে মিশুক ভদ্রলোক অয়নের প্রতি মনোযোগী হন। কী ভাই, একদম চুপচাপ যে! কী নাম? কী করেন? কোথায় থাকেন? কোথায় যাচ্ছেন? ওখানে কী? ইত্যাকার প্রশ্নের শেষ হয় ‘আরে, আমরাও তো ওখানেই যাচ্ছি।’
সামান্য বিরতি দিয়ে আবার শুরু করেন ভদ্রলোক, আপনাদের মহল্লার অমুক সাহেবকে চেনেন? ওনার একটা মেয়ে আছে না?। চেনেন? অয়ন চেনে, জানে এবং জানায়। তার পর অদৃশ্য মানুষ হওয়ার সাধনায় নামে।
কিন্তু দৃশ্যমান হতে হয় পরের বিকেলেই। ডাক আসে। এই ডাকেই সে ছুটে এসেছে দূর শহর থেকে। অমুক সাহেবের মেয়ে বাড়ির ছাদে মাথার ওপর এক আকাশ মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, কেন তার সম্পর্কে এত ভালো ভালো কথা বলা হলো?
যদিও উত্তর সে জানে। যেমন জানে অয়ন। ঘুরিয়ে-পেঁচিয়ে সেটা অনুবাদ হয় এভাবে, ঘাড়ের ওপর একটা বিবাহযোগ্য গার্লফ্রেন্ড। ভালো ছেলে দেখে তাকে পাত্রস্থ করতে হবে না। অয়নের কি একটা দায়িত্ব নেই? তা ছাড়া সুদর্শন সাহেব খারাপটা কী?
দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য অশেষ ধন্যবাদসহ বিয়ের দাওয়াত পায় অয়ন। ওর নিজের বিয়ের! দিন-তারিখ ঠিক করার জন্য বাবা-মাকে পাঠানোর আদেশ হয় ষড়যন্ত্রময় হাসির সঙ্গে। হাসিতে আচ্ছন্ন বজ্রদেব আরও একবার গুড়ুম শব্দে পিছলে পড়েন।