অদ্ভুত অজুহাতে অফিস ফাঁকি

কৌশল করে অফিস ফাঁকি দেওয়ার অজুহাত বের করার সময় বোধ হয় শেষ হয়ে এল। কী কী অজুহাত দেখিয়ে কর্মীরা কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা হঠাৎ ছুটি কাটান, এর একটি তালিকা জরিপ করে বের করেছে ক্যারিয়ারবিল্ডার।
এই জরিপে পাওয়া তথ্যের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গত বছর ভালো বোধ করার পরও ২৮ শতাংশ কর্মী অসুস্থতার কথা বলে অফিস ফাঁকি দিয়েছেন।
২৯ শতাংশ কর্মী বলেন, তাঁরা বিশ্রাম নিয়ে দিনটি কাটাতে চান। ২১ শতাংশ অজুহাত হিসেবে উল্লেখ করেন, চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত আছে। ১৯ শতাংশ আরেকটু ঘুমানোর ইচ্ছা এবং ১১ শতাংশ খারাপ আবহাওয়ার অজুহাত দেখিয়ে বাড়ি থাকতে চান।
নিয়োগদাতাদের এক-তৃতীয়াংশ দাবি করেছেন, কর্মীরা সত্য বলছেন কি না, তা যাচাইয়ে তাঁরা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এর ভিত্তিতেই অসুস্থতার কথা বলে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি তাঁরা ধরতে পেরেছেন।