অদ্ভুত আম!

কানসাট মানে আমের বাড়ি৷ সেখানেই হাফিজুর রহমানের শ্বশুরবাড়ি৷ বলার অপেক্ষা রাখে না, কানসাটের জামাই আদর মানে আমের আদর৷ শ্বশুরবাড়ি থেকে আমের উপঢৌকন আসা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের অংশ৷ কানসাট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন৷ এখানে নিবিড় আমের চাষ৷ হাফিজুর রহমানের শাশুড়ি রানী আরা বেগম তাঁকে এক অদ্ভুত আম উপহার দিয়েছেন৷ এমন আম তাঁর বাগানে আর কোনো দিন ধরেনি৷ নিজেও কোথাও দেখেননি৷ কারও কাছে এমন আমের গল্পও শোনেননি৷ আম একটি৷ বোঁটাও একটি৷ কিন্তু আঁটি দুটি৷ অর্থাৎ, যমজ আম৷ বড় দুটি ফজলি আম একসঙ্গে লাগানো৷ একদিক থেকে দেখলে মনে হচ্ছে বড় দুটি ফজলি আম পাশাপাশি রাখা আছে৷ বোঁটার দিক থেকে তাকালে মনে হচ্ছে একটি আস্ত আম৷ নিচের দিক থেকে দেখলে মনে হচ্ছে একটি আমের দুটি পা৷
হাফিজুর রহমানের বাড়ি রাজশাহী শহরের তেরখাদিয়া এলাকায়৷ আমের মৌসুমে স্ত্রী আমিনা খাতুনকে নিয়ে কানসাটে গিয়েছিলেন৷ গত বছর ৬ জুন বাড়ি ফিরে আসার সময় তাঁর শাশুড়ি জামাইয়ের হাতে যমজ আমটি তুলে দেন৷ অদ্ভুত চেহারার আমটি দেখে হাফিজুর রহমান খাওয়ার কথা ভুলে যান৷
হাফিজুর রহমান মেরী স্টোপস বাংলাদেশের লিংক আপ প্রকল্পের একজন কাউন্সিলর৷ আমটি তিনি কার্যালয়ে নিয়ে আসেন৷ ৮ জুন রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় অবস্থিত মেরী স্টোপসের স্থানীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, আমটি নিয়ে সব কৌতূহলী মানুষ সেখানে জড়ো হয়েছে৷ এতে পাকা রং ধরেছে৷ কাছে নিলে ঘ্রাণ পাওয়া যাচ্ছে৷ কেটে খেয়ে ফেললে তো কিছুক্ষণের মধ্যে অদ্ভুত আকৃতির এই আম ‘ইতিহাস’ হয়ে যাবে৷ ভেবেচিন্তে হাফিজুরের সহকর্মী ও প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী শেখ মঈন উদ্দিন আমটি না খাওয়ার পরামর্শ দিলেন৷ না খেয়ে শুধু রেখে দিলে তো আবার পচে যাবে৷ সিদ্ধান্ত হলো আমটি সংরক্ষণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে দেওয়া যাক৷ সঙ্গে সঙ্গে ফোন করে ওই বিভাগের অধ্যাপক এম মঞ্জুর হোসেনকে বিষয়টি জানানো হলো৷ তিনি ওপাশ থেকে বললেন, ‘এমন আম আমি কখনো দেখিনি৷ কারও কাছে শুনিওনি৷ নিয়ে আসেন, আমরা আমাদের গবেষণাগারে সংরক্ষণ করব৷’ ঘণ্টা দুয়েকের মধ্যেই হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে মঞ্জুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে আমটি হস্তান্তর করেন৷ এটি এখন উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষণাগারে শোভা পাচ্ছে৷ গত শনিবার অধ্যাপক এম মঞ্জুর হোসেনকে ফোন করলে তিনি বলেন, আমটি তাঁদের গবেষণাগারে এখনো রয়েছে৷