অদ্ভুতুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রাবাস ছেড়ে আসার দুই দিন আগের ঘটনা। আমাদের ছাত্রাবাস ছিল অন্য সব থেকে দূরে, মাঠ পেরিয়ে ক্যাম্পাসের এক কোনায়। সেদিন রাতে অন্যান্য রাতের মতোই বন্ধুদের রুমে আড্ডা দিয়ে মাঝরাতে রুমে আসি। আমার রুমমেট তখন গভীর ঘুমে। তাই বাতি না জ্বালিয়ে বিছানায় শুয়ে হেডফোনে গান শুনতে লাগলাম। হঠাৎ গানের মধ্যে একটা লোক কথা বলে উঠল। কী বলল বোঝা গেল না। তবে এত স্পষ্ট শুনেছি যে বাধ্য হয়েই হেডফোন খুলে আশপাশে তাকালাম। ভাবলাম নিচে বুঝি কেউ কথা বলছে। কিন্তু কানে হেডফোন থাকা সত্ত্বেও দোতলার রুম থেকে ওদের কথা কেমন করে শোনা যাবে, বুঝলাম না। যা হোক, আবার গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দুম করে দরজা লাগানোর আওয়াজ হলো। এবারও পাত্তা দিলাম না। এর কিছুক্ষণ পর জানালার পাশে কে যেন গড়গড় করল। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে রুমের দরজা খুলে বাইরে এলাম। কিন্তু কিছুই পেলাম না। মনে একটা ক্ষীণ সন্দেহ হচ্ছিল। আমার বন্ধুরা এমন করছে না তো। ওদের রুমে গিয়ে ডাকাডাকি করলাম, কিন্তু ওরা তখন সত্যিই ঘুমোচ্ছিল। বারান্দার লাইটটা জ্বালিয়ে দিয়ে রুমে এসে ল্যাম্পের আলোয় বই পড়তে লাগলাম। হঠাৎ ভীষণ জোরে জানালা বন্ধ হওয়ার আওয়াজ হলো। বাইরে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে রুমের কোনো জানালাই বন্ধ হয়নি। আর বাইরে বৃষ্টির নাম-গন্ধও নেই। চিন্তিত মনে আবার বই পড়তে লাগলাম। একটু পরেই আমার রুমমেটের বিছানায় বেশ জোরেশোরেই আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে লাইট অন করে দেখি কিছুই নেই। রুমমেট ঘুমোচ্ছে আর বারান্দার লাইটটাও নেভানো। অবাক হলাম খুব। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এবার কী শুনব? পরে ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন বন্ধুদের ঘটনাটি বললাম। ওরা নানা মন্তব্য করল। তবে সবাই বলল, কোনো আওয়াজই নাকি রাতে শোনেনি। আজও ভাবি, সত্যিই কি আমার হ্যালুসিনেশন হয়েছিল? নাজিফা আনজুম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।