নগরের জয়নগর এলাকার বাসায় এসিড নিক্ষেপ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর পর ত্রুটি ধরা পড়ায় অধিকতর তদন্তের আবেদন করেছেন বাদী। এসিড-সন্ত্রাসের শিকার দুই বোনের বাবা আনোয়ারুল মুবিন এই মামলার বাদী। এ ব্যাপারে উচ্চ আদালতে বিষয়টির ওপর শুনানি হবে বলে জানা গেছে। গত বছরের ২ অক্টোবর ভোর ছয়টার দিকে নগরের চকবাজারের জয়নগরের চতুর্থ তলার বাসায় ঘুমের মধ্যে মুনতাহার কারিনা ও সালসাবিন তাসনিম নামের দুই বোন এসিড-সন্ত্রাসের শিকার হন। তাঁদের খালাতো বোন শারমিন ফারজানা লতিফ ওরফে সাকি এসিড ছোড়েন বলে তদন্তে বেরিয়ে এসেছে। আর এ ঘটনায় শারমিনকে সহযোগিতা করেন তাঁর ভাই মো. ইফতেখার লতিফ। বয়সে ছোট খালাতো বোন মুনতাহারের বিয়ের দিন ধার্য হওয়ায় শারমিন ফারজানা এই কাণ্ড ঘটান বলে পুলিশি তদন্তে জানা যায়। আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৪ মে বাদী আনোয়ারুল মুবিন সাক্ষ্য দেন। পাঁচ দিন পর ৯ মে ভুক্তভোগী মুনতাহারের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। মুনতাহার সাক্ষ্যও দিচ্ছিলেন। এ অবস্থায় আসামির কৌঁসুলিরা মুনতাহারকে জেরা করে বলেন, ‘আপনি ঢাকায় চিকিৎসা করেছেন বলে যে তথ্য দিয়েছেন, তা মিথ্যা। আপনি আদালতে মিথ্যা কথা বলছেন।...’ প্রসঙ্গত, এসিড সন্ত্রাসের শিকার মুনতাহারকে গত বছরের ৬ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২৩ দিন অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত মুনতাহার ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যার কাগজপত্র মামলার সিডিতে সংযুক্ত করা হয়নি। এমনকি চিকিৎসককে এই মামলায় সাক্ষী করা হয়নি। এটি মামলার বড় দুর্বলতা বলে সাক্ষ্য গ্রহণের সময় ধরা পড়ে। মামলার বাদী ও মুনতাহারের বাবা আনোয়ারুল মুবিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ফৌজদারি বিষয়ে আমি অজ্ঞ ছিলাম। আমার মেয়েদের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত চালায়। তদন্তে বড় ধরনের গলদ ছিল, যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় চিহ্নিত হয়। তাই আমি অধিকতর তদন্তের আবেদন করি আদালতে। উচ্চ আদালত খোলার পর এ বিষয়ে শুনানি হবে।’ এসিড সন্ত্রাসের শিকার মুনতাহার কিছুটা সুস্থ হয়ে ওঠার পর গত বছরের ৩০ নভেম্বর তাঁর বিয়ে হয়। যদিও বিয়ে হওয়ার কথা ছিল এক মাস ২০ দিন আগে ২০১০ সালের ১০ অক্টোবর। মুনতাহারের বাবা মুবিন বলেন, ‘যে প্রক্রিয়ায় আমার মেয়ের জবানবন্দি নেওয়া হয়েছে, তা ত্রুটিপূর্ণ ছিল। আবেদনে আমরা জবানবন্দি প্রত্যাহারেরও আবেদন করেছি। যদিও চট্টগ্রাম মহানগর দায়রা জজ শুধু ঢাকা সিটি হাসপাতালের চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র মামলার সিডিতে সংযুক্ত করার আদেশ দিয়েছেন। অধিকতর তদন্তের ব্যাপারে উচ্চ আদালতই সিদ্ধান্ত দেবে বলে আমি আশাবাদী।’