অধিকাংশ ভবনে আগুন নেভানোর ব্যবস্থা নেই
নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি চারতলা ভবনে গত ১২ জানুয়ারি রাত পৌনে তিনটার দিকে আগুন লেগে ধোঁয়ায় দম বন্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়। আগুন লাগার পর ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা বারান্দা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান। নিহত পাঁচজনই চতুর্থ তলার একই পরিবারের সদস্য।চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ও ভবন থেকে ধোঁয়া বেরোনোর পথ না থাকায় ওই পাঁচজনের মৃত্যু হয়।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২০০৩ সালের অগ্নিনির্বাপণ ও প্রতিরোধ আইন অনুসারে বহুতল ভবন নির্মাণে ফায়ার সার্ভিস বিভাগের অনুমোদন নিতে হয়। এ আইন অনুযায়ী ভবনে সুপরিসর নির্গমন পথ, ভূগর্ভস্থ জলাধার, কার্বন ডাই-অক্সাইড সিলিন্ডার, ড্রাই কেমিক্যাল পাউডার (ডিসিপি) এবং ভবনের প্রতিটি তলায় জলাধার থেকে পানি সরবরাহের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। তবে অধিকাংশ ভবনে এসব ব্যবস্থা নেই।সরেজমিনে নগরের বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, সদরঘাট, চকবাজার, মাদারবাড়ি, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে এর সত্যতা মিলেছে। হালিশহর এ ব্লকের বাসিন্দা মো. কুতুব উদ্দিন বলেন, ‘ভবনে কার্বন ডাই-অক্সাইডের সিলিন্ডার আছে। কিন্তু সেগুলো বেশ পুরোনো। প্রয়োজনের সময় কাজ করবে কি না, জানি না।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক হাজার ৯৫টি। এ সময়ে নিহত হয়েছেন নয়জন। ক্ষতির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।’এর মধ্যে গত বছর ঘরবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে ৯০৬টি এবং শিল্পকারখানায় ১০৫টি। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে ৪১১টি ও চুলার আগুন থেকে ২১৭টি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।১২ জানুয়ারির অগ্নিকাণ্ডের বিষয়ে মো. জসীম উদ্দীন বলেন, ‘চান্দগাঁওয়ে ভবনটির নিচতলায় ভাড়া দেওয়া মুদি দোকানে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এই আগুন থেকে গ্যারেজে রাখা মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিন্তু ভবনটির ছাদ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। ওই ভবনে ছিল না কোনো অগ্নিনির্বাপণ-ব্যবস্থা। ছাদ খোলা থাকলে বাসিন্দারা সেখানে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেতে পারতেন।’ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেব বলেন, ‘নিরাপত্তার অজুহাতে ভবনগুলোকে “মৃত্যুকূপ” হিসেবে গড়ে তোলা হয়েছে। নির্মাণের আগে ৭০ শতাংশ ভবন মালিক অনুমোদনের আবেদন করেন। নিয়ম অনুসারে নির্মাণকাজ শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে পরিদর্শন করে ছাড়পত্র দিতে হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হলে তেমন কেউ আসে না। আর ১০ বছর আগে নির্মিত ভবনগুলোতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই নেই।’এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমদ বলেন, ‘ভবনের নকশা অনুমোদনের জন্য ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে। তাই অনেকে অনুমোদন নেন। নগরে প্রায় এক লাখ ভবন আছে। প্রতিবছর গড়ে নতুন দেড় হাজার ভবনের অনুমোদন দেওয়া হয়। কিন্তু সিংহ ভাগ ভবনের মালিকই অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন না। বিপণিবিতানগুলোর অবস্থাও একই রকম। কিছু কিছু বিপণিবিতানে পানি ছিটানোর হোস পাইপই অকেজো।’চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘অসতর্কতাই আগুন লাগার অন্যতম প্রধান কারণ। তবে নগরে গড়ে ওঠা বহুতল ভবনগুলোর মধ্যে সিংহভাগেই কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।’ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে করণীয় সম্পর্কে তিনি বলেন, অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে হবে। পাশাপাশি বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, শিল্প কারখানায় অগ্নিনির্বাপণ সরঞ্জামেরও স্বল্পতা রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকদের তাগাদা দেওয়া হলেও তাঁরা তেমন উদ্যোগী নন।