অধিকাংশ ভবনে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনের ধরন অনুসারে নির্দিষ্টসংখ্যক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার বাধ্যবাধকতা আছে। কিন্তু নগরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত অধিকাংশ বিদ্যালয় ও বাণিজ্যিক ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাই অনেকটা বাধ্য হয়েই এসব ভবনে আগত ব্যক্তিরা ব্যস্ত সড়কের ওপর গাড়ি পার্কিং করেন। এতে রাস্তা সংকুচিত হয়ে এখানে যানজটের সৃষ্টি হয়। একটি খাবার হোটেলে প্রতি ২০০ বর্গমিটার আয়তনের জন্য একটি গাড়ি পার্কিংয়ের নিয়ম থাকলেও জিইসি মোড়ে অবস্থিত অভিজাত খাবারের দোকানগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা নেই। জিইসির মোড়ে শুধু খাবারের দোকান নয়, দু-একটি প্রতিষ্ঠিত শপিংমল ছাড়া কোথাও পার্কিংয়ের সুবিধা নেই। গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির হোসনা কামাল টাওয়ারের সামনের রাস্তায় দুই সারিতে গাড়ি পার্কিং করা ছিল। এ কারণে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভবনের নিরাপত্তা তত্ত্বাবধায়ক (সিকিউরিটি ইনচার্জ) জানালেন, ‘আমাদের ভবনে ১৫টি গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। আবাসিক হোটেলের গ্রাহকেরা সেটি ব্যবহার করতে পারেন কিন্তু এখানে দুটি ব্যাংক আছে, সেখানে প্রতিদিন কয়েক শ গাড়ি আসে। এ গাড়িগুলোর পার্কিংয়ের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের নয়।’ গোলপাহাড় ও প্রবর্তক এলাকার হাসপাতালগুলোতে দেখা যায় রাস্তার সামনে ‘নো পার্কিং’ লেখা ফলক (সাইনবোর্ড) থাকলেও সেখানে গাড়ি পার্ক করা আছে। রয়েল হাসপাতাল ও বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ানের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের নিচে চার-পাঁচটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেগুলো শুধু চিকিৎসক ও পরিচালকদের জন্য নির্ধারিত। তবে হাসপাতালের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) নুরুল আমিন টেলিফোনে দাবি করলেন ভবনের নিচে ২০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ও পাশের একটি স্থানে আরও ১০টি গাড়ি রাখার জন্য জায়গা ভাড়া নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা রোগী বা রোগীর স্বজনদের বলি রোগীকে নামিয়ে দিয়ে চলে যেতে ও পরে এসে আবার নিয়ে যেতে।’ নগরের বিদ্যালয়গুলোতে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কারণে খুলশী থেকে জিইসি মোড়, বাওয়া স্কুল ও কলেজের কারণে ওয়াসা থেকে জিইসি ও আইডিয়েল স্কুলের কারণে জামালখানে যানজটের সৃষ্টি হয়। ইস্পাহানি পাবলিক স্কুলের সামনে রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করা থাকে। এতে রাস্তার অর্ধেকেরও বেশি অংশ পার্কিংয়ের দখলে চলে যায়। এভাবে ফুটপাত ও রাস্তায় গাড়ি পার্কিংয়ের ফলে পথচারীদের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায়। ইস্পাহানি স্কুলের এক ছাত্রের অভিভাবক আব্দুস সালাম বলেন, ‘স্কুলের যদি নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকত তাহলে আমাকে গাড়ি নিয়ে এত কষ্ট করে প্রতিদিন আসতে হতো না। আমার সময় ও খরচ বাঁচত।’ এ ব্যাপারে যোগাযোগ করলে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্পাদক (সেক্রেটারি) এন ইউ এম হুমায়ুন পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাদের কী করা উচিত আপনারা পরামর্শ দেন। আমরা পার্কিং কোথায় করব? আমরা কি স্কুল ভেঙে ফেলব?’ নিজস্ব পরিবহন চালুর ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের স্কুলে ছাত্র আছে চার হাজার। শুধু ১০০-২০০ ছেলের জন্য পরিবহন চালু করলে সমস্যার সমাধান হবে না। তা ছাড়া গাড়ি নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশের। পুলিশ যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে কোনো যানজট হওয়ার কথা নয়।’ বাওয়া স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, স্কুলের সামনে যানজট সৃষ্টি হয় ছোট বাচ্চাদের হেঁটে রাস্তা পার হওয়ার কারণে। আমরা সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি স্কুলের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য। এ ছাড়া বিদ্যালয়ের পাশের মাঠে গাড়ি পার্কিং করার জন্য একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আর্থিক স্বল্পতার কারণে বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করতে পারছি না।’ রাস্তায় পার্কিং করা নিষিদ্ধ থাকলেও স্কুল ও বিভিন্ন স্থানে রাস্তার সাদা রঙের দাগ দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। খাস্তগীর স্কুলের সামনে রাস্তায় রং দিয়ে গাড়ি পার্কিংয়ের স্থান চিহ্নিত করা আছে। সেই অনুযায়ী যদি পার্কিং করা হয় তবে রাস্তার অর্ধেকেরও বেশি অংশ চলে যায় পার্ক করা গাড়ির দখলে। কারা এ পার্কিংয়ের স্থান চিহ্নিত করেছেন—তা পুলিশ কিংবা সিটি করপোরেশন কেউ স্বীকার করে না। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম ছোট গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবস্থা চালুর ওপর জোর দিয়ে বলেন ‘একটি বাস ৫০ জন ছাত্রকে আনা-নেওয়া করতে পারে। কোনো ভবনে যদি একটি গাড়ি এক মিনিটের জন্যও আসে তবে সেখানে গাড়িটি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। নইলে পুলিশের উচিত সেই ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করা।’ জিইসি মোড়ে সিটি করপোরেশন ভবনের নিচতলায় কিছুদিন আগেও পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এখন সেখানে অন্য স্থাপনা হচ্ছে। চারতলা ভবনের পুরোটি ব্যবহার করে হোটেল জামান। হোটেলের গ্রাহকেরা কোথায় গাড়ি রাখেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবস্থাপক বললেন, ‘আমাদের হোটেলে সবাই পায়ে হেঁটে আসেন। কেউ গাড়ি নিয়ে আসেন না।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজেশন অফিসার-১ মোহাং মনজুর হাসান বললেন জনগণের সচেতনতার কথা—‘সিডিএ যেসব ভবনের অনুমোদন দেবে না তাদের ব্যাংক ঋণ, গ্যাস, বিদ্যুৎসংযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা না দিলে ইমারত নির্মাণ আইন মানতে সবাই বাধ্য হবেন।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ভবন পরিকল্পনার মধ্যে আগে থেকে কিছু সমস্যা আছে যেমন পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকে বেইজমেন্ট ও নিচতলা। কিন্তু একটি ভবনের নিচতলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। তাই মালিক এ স্থান পার্কিংয়ের মতো কম লাভজনক খাতে ব্যবহার করতে চাইবেন না—এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে প্রতিটি ভবনে পার্কিং না রেখে কেন্দ্রীয়ভাবে একজায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা যেতে পারে। সিডিএ কেন্দ্রীয়ভাবে পার্কিংয়ের জন্য একটি খোলা জায়গা রাখার চিন্তা করছে। পার্কিংয়ের অসুবিধা দূর করার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনি জটিলতা ও প্রভাবশালীদের কারণে পুরোনো ভবনগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে নতুন যে ভবনগুলো হচ্ছে সেগুলোতে পার্কিং নিশ্চিত করার জন্য আমরা জোর দিচ্ছি।’ উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘প্রতিদিন অবৈধ পার্কিংয়ের জন্য ৫০-৬০টি মামলা দেওয়া হয় কিন্তু শুধু জিইসি মোড়ে রাত আটটা থেকে ১০টার মধ্যে কয়েক শ গাড়ি পার্কিং করা হয়। একটি মামলা দিতে ১০-১৫ মিনিট সময় লাগে। একজন সার্জেন্ট কয়টি গাড়ির বিরুদ্ধে মামলা দিতে পারে? ভবনগুলোর ভেতর পার্কিংয়ের ব্যবস্থা নেই বলে মানুষ বাইরে পার্কিং করতে বাধ্য হচ্ছে। সিডিএর দায়িত্ব ভবনগুলোর ভেতর পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা। সমন্বিতভাবে পার্কিং সমস্যার সমাধান করতে হবে। পুলিশের ওপর যত নির্ভরশীলতা বাড়বে পরিস্থিতি ততই খারাপ হবে।’