অধিকাংশই জানে না শিশু অধিকার কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুর আবার অধিকার কী? আর আমি কি শিশু! শিশু অধিকার সনদ সম্পর্কে আমি কিছু হুনিও নাই, কইতেও পারি না।’কমলাপুর বস্তির বাসিন্দা ১৬ বছরের কুসুম শিশু অধিকার সম্পর্কে তার না জানার কথা এভাবেই অকপটে বলে। পোশাকশ্রমিক কুসুম জানেই না, সে এখনো শিশু। কুসুমের মা বলেন, ‘এই সব সনদ দিয়া কী হইব? সকালে মাইয়া কামে যায়, রাইতে আহে। কাম না করলে খাওন জুডে না। এই সব সনদ-ফনদ কি আমগো মতো গরিবের লেইগ্যা!’প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে শিশু অধিকার সম্পর্কে মানুষ জানেই না। এমনকি শিশুটিও জানে না, তার অধিকার কী। আর সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রচারণাও চালানো হয় না এ বিষয়ে সচেতনতা বাড়াতে। শুধু যারা শিশুদের নিয়ে কাজ করে, এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে ওয়াকিবহাল। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি সংস্থার পরিচালক বলেন, যাঁরা শিশুদের নিয়ে কাজ করেন, তাঁরাও পূর্ণাঙ্গভাবে শিশু অধিকারের বিষয়ে জানেন না। এই না জানার কারণে শিশু অধিকার সনদ বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে না।ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাজমুন নাহার। শিশুদের অধিকার বা জাতিসংঘের শিশু অধিকার সনদ সম্পর্কে জানে কি না, জানতে চাইলে সে বলে, ‘না, এ বিষয়ে আমি জানি না। তবে সমাজ বইয়ে শিশু অধিকার নামে একটা অধ্যায় আছে। সেখানে আছে, দরিদ্রতার কারণে শিশু অধিকার ক্ষুণ্ন হয়। ফলে তারা খাদ্য, বস্ত্র বা শিক্ষালাভের সুযোগ পায় না। এ ছাড়া শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। তবে শিশুর কী কী অধিকার আছে, এ সম্পর্কে জানি না। স্কুলেও এ বিষয়ে কিছু পড়ানো হয়নি।’নাজমুন নাহারের মা কামরুন নাহার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনিও কখনো শিশু অধিকার নিয়ে কিছু শোনেননি। তিনি বলেন, ‘শিশু অধিকার নিয়ে কিছু জানি না। এ বিষয়ে যে সনদ আছে, তা-ও জানি না। তবে এখন জানার চেষ্টা করব।’ধানমন্ডির স্কলারস স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র আহম্মেদ হোসেন। সেও শিশু অধিকার সম্পর্কে কিছু জানে না। ১০ বছর বয়সী আহম্মেদ বলে, ‘শিশু অধিকার কী, আমি জানি না। স্কুলে এটা পড়িনি।’ধানমন্ডির কাকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ খান শিশু অধিকার নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশু অধিকার সম্পর্কে জানাতে স্কুলের ডায়েরি ও বার্ষিক ক্যালেন্ডারে বিষয়টি উল্লেখ করেছি। আবার শ্রেণীকক্ষেও তাদের শিশু অধিকারের বিষয়ে ধারণা দেওয়া হয়।’ তবে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে দেখা গেছে, শিশু অধিকার কী, তারা তা জানে না।১৪ বছরের আনোয়ার রাজধানীর একটি বাসায় গৃহপরিচারক হিসেবে কাজ করে। তার কাছে শিশু অধিকার সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, ‘পড়ালেহা করি নাই, জানুম ক্যামনে।’ পরে তাকে এ বিষয়ে জানালে বলে, ‘তাইলে খালাম্মা সবাই খাওয়ার শ্যাষে আমারে অল্প তরকারি দিয়া ভাত দেয় কেন? আবার মাছ-মাংসও দেয় না।’ এ নিয়ে আনোয়ারের গৃহকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কাজের ছেলেরও যে অধিকার আছে, এটা আমি জানিই না। আবার এ বিষয়ে সনদ!’এ বিষয়ে মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘শিশু অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু এখনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে প্রচারণা চালাইনি, তাই শিশুদের কাছে পৌঁছাতে পারিনি।’রিয়াজুল হক আরও বলেন, শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে এ সম্পর্কে জানতে হবে। বিশেষ করে মা-বাবা, অভিভাবক ও শিশুদের এ অধিকার সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, ‘শিগগিরই বিদ্যালয়গুলোকে এ প্রোগ্রামের সঙ্গে যুক্ত করব, যাতে তারা এ বিষয়ে জানতে পারে।’আইনজীবী ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি ফোরামের নির্বাহী পরিচালক এ বি এম হামিদুল মিসবাহ প্রথম আলোকে বলেন, প্রথমে শিশু অধিকার বাস্তবায়নে এর প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করতে হবে। আর যারা শিশু অধিকার লঙ্ঘন করে, তাদের আইনের আওতায় আনতে হবে। এতে মানুষের মাঝে শিশুর অধিকার খর্ব করার প্রবণতা কমবে।শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তারা সমাজের মূল স্রোতোধারায় মিশতে পারে না। এ বিষয়ে পরামর্শক ও গবেষণাপ্রতিষ্ঠান ‘নির্ণয়’-এর নির্বাহী পরিচালক মনোরোগ বিশেষজ্ঞ আফরোজা আক্তার বলেন, ‘আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সনদ অনুযায়ী শিশুদের সব অধিকার নিশ্চিত করা কঠিন। তবে প্রত্যেকে যদি শিশু অধিকার আদায়ে সচেতন ও তাদের প্রতি সংবেদনশীল হয়, তবে তা শিশুর মানসিক বিকাশে সহায়ক হবে।’