‘আমি তখন নবম শ্রেণিতে পড়ি। ২০১৯ সালের অক্টোবর মাসের কোনো এক দিনের কথা। সেদিন এক সহপাঠী বিদ্যালয়ে আসেনি। পরদিন জানতে পারি, সে আমাদের একই ক্লাসের আরেক ছাত্রীর চাচাতো বোনের আক্দ অনুষ্ঠানে গিয়েছিল। কয়েক দিন পর বিয়ের তারিখ ধার্য ছিল। বিষয়টি দ্রুত বিদ্যালয়ের কয়েকজনসহ প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে জানাই। পরে সবার সহযোগিতায় বিয়েটি বন্ধ হয়।’
চট্টগ্রামের পটিয়ার গৈড়লা কেপি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৈকত দাশ এভাবে একটি বাল্যবিবাহ বন্ধ করার স্মৃতিচারণা করল। এভাবে গত তিন বছরে পটিয়ায় শ খানেক স্কুল-কলেজশিক্ষার্থী এলাকার অন্তত ২১টি বাল্যবিবাহ বন্ধ করেছে। ২১টি যৌন হয়রানিও প্রতিরোধ করতে পেরেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, করোনা প্রতিরোধে এলাকায় এলাকায় মাইকিংসহ সচেতনতামূলক কাজ করে চলেছে। তাদের কল্যাণে নানা বাধাবিপত্তি পেরিয়ে ১০টি স্কুলের বেশ কিছু মেয়ে পড়ালেখার পাশাপাশি ফুটবল নিয়েও মেতে থাকে।
পটিয়ার ১০টি বিদ্যালয়ে ৬০ জন ছাত্রছাত্রীর সঙ্গে এলাকার কলেজের ৪০ শিক্ষার্থী মিলে ২০১৮ সালে এই কার্যক্রম শুরু করে। উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ‘প্রোমোটিং রাইটস থ্রু মোবিলাইজেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (প্রাইম)’ প্রকল্পের আওতায় চেঞ্জমেকারদের গড়ে তোলা হয়। মোট ১০টি বিদ্যালয় ও আশপাশের এলাকায় তারা সামাজিক এসব কার্যক্রমে অংশ নেয়।
ধলঘাট মুকুট নাইট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শেখ হোসেন আজম, ইমরানুল হক, পাপিয়া ইসলাম ও কেলিশহর উচ্চবিদ্যালয়ের ছাত্রী আরিফা আকতারের সঙ্গে কথা বলে জানলাম, আগে তারা বাল্যবিবাহ, যৌন হয়রানি, ইভ টিজিং, নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধ সম্পর্কে সচেতন ছিল না। বিদ্যালয়ে এসে ক্লাস করে ঘরে ফিরত। পথে-ঘাটে কোনো সমস্যা হলে তা অনেক সময় এড়িয়ে যেত। তারা সংঘবদ্ধ ছিল না। জনপ্রতিনিধি বা প্রশাসনের সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না। সরকারি হেল্পলাইন ব্যবহার করতে জানত না। এখন তারা এসব জানে, বোঝে। পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন। জানে কোথায় কখন প্রতিবাদ করতে হবে।
গৈড়লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, একসময় তারা ভয়ে কিছু বলত না। এখন নিজেরা প্রতিবাদী হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। এ ছাড়া মেয়েরাও এখন ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে।
একই প্রকল্পের অধীনে চট্টগ্রাম নগরেও নারীদের স্বাবলম্বী করার কাজ চলছে। নগরের আমবাগান ও ষোলশহর তুলাতলি বস্তিতে প্রায় ১৮০ জন সুবিধাবঞ্চিত নারীকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে কাজ চলছে। যেমন তুলাতলি বস্তির লাকি বেগম বেশ কিছুদিন ধরে গাড়ি চালানো শিখছেন। তাঁর মতো ২০ জন ড্রাইভিং শিখে চলেছেন। ড্রাইভিং শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা রয়েছে তাঁদের। লাকি বেগম বলেন, ‘আমার স্বামীও ড্রাইভার। তাঁর কোনো আপত্তি নেই। যদি ড্রাইভিং শিখে কোনো একটা চাকরি পাই, তাহলে সংসারে সচ্ছলতা ফিরবে। এখন তো অনেক বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নারী চালক খোঁজে।’
এ ছাড়া বিউটি পারলারের কাজ ও সেলাইয়ের কাজ শিখে ব্যবসাও করছেন জান্নাত আকতার, খালেদা বেগম ও নাছিমা আকতাররা। তবে সবচেয়ে বড় যে উন্নতি হয়েছে বলে তাঁরা মনে করছেন তা হলো অধিকারসচেতনতা।
আমবাগান বস্তির রওশন আকতার বলেন, ‘আগে আমরা প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা কিংবা বয়স্ক ভাতা সম্পর্কে জানতাম না। এখন এগুলো যে আমাদের অধিকার, তা বুঝি।’
বিএনপিএস চট্টগ্রামের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহমদ বলেন, পটিয়ায় শিক্ষার্থীরা এবং নগরে সুবিধাবঞ্চিত নারীরা তাঁদের অধিকার সম্পর্কে এখন অনেক সচেতন। লিঙ্গভিত্তিক বিদ্বেষপরায়ণ মানসিকতা পরিবর্তনে কাজ করছে। তাদের দেখাদেখি অন্য অনেকে বিষয়গুলো নিয়ে জানতে পারছেন। সচেতন হচ্ছেন।