‘দেড় বছর আগে আমি এনসিটিএফের সদস্য হয়েছি। এই সময়ের মধ্যে আমি ও আমার সঙ্গের সদস্যরা একটি বাল্যবিবাহ বন্ধ করেছি। বিদ্যালয় থেকে ঝরে পড়া ৫০টি শিশুকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে এনেছি।’ কথাগুলো বলছিল ডকিউ মারমা (১৪)। বান্দরবান থেকে এই কিশোরী ঢাকায় এসেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উন্নয়নের জন্য যোগাযোগ ও শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ২০-২৪ এপ্রিল পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে কথা হয় জাতীয় শিশু টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্য ডকিউর সঙ্গে।কথা হয় এনসিটিএফের আরেক সদস্য মোহাম্মদ নিজামের (১৭) সঙ্গে। সে জানায়, তার বড় বোনের যখন ১৭ বছর বয়স, তখন তার বাবা-মা তার বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সে বাবা-মাকে বুঝিয়ে বোনের বাল্যবিবাহ বন্ধ করে। নিজাম আরও জানায়, ২০১০ সালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া যাবে না, মর্মে হাইকোর্ট থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এটা হয়েছিল এনসিটিএফের উদ্যোগে। এনসিটিএফের সদস্যরা চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে তুলে ধরে, বিদ্যালয়ে শারীরিক শাস্তি একজন শিক্ষার্থীর কী কী ক্ষতি করে। একইভাবে চাইল্ড পার্লামেন্টের সুপারিশের পর ২০১১ সালে সরকার শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।মেহেরপুর থেকে প্রশিক্ষণ নিতে এসেছেন এনসিটিএফের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ইফফাত আরা (২১)। তিনি জানান, ইউনিসেফের উদ্যোগে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের শারীরিক শাস্তি বন্ধের বিষয়ে নতুন একটি প্রশিক্ষণ কর্মশালা চালু করতে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সাতক্ষীরা, নেত্রকোনা, ভোলা, রংপুর, খুলনা, বান্দরবান ও কক্সবাজার—এই সাত জেলার ২১টি উপজেলায় এ কর্মশালা চালু করা হবে। সে বিষয়ে এনসিটিএফ ছাড়াও বিভিন্ন শিশু সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মোট ৩৩ জন প্রশিক্ষণ নিচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা ওই নতুন কর্মশালায় প্রশিক্ষণ দেবে।কথা হয়, টাঙ্গাইল থেকে আসা চাইল্ড পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার জান্নাতুল ফেরদৌসের সঙ্গে (২৩)। তিনি জানান, বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় এনসিটিএফ কাজ করছে ১০ বছর ধরে। এনসিটিএফ গঠন করার পদক্ষেপ নেওয়া হয়েছিল শিশুর যৌন নিপীড়ন, শোষণ ও পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (২০০২-২০০৬) বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করতে। ২০০৩ সালের সেপ্টেম্বরে মানিকগঞ্জ জেলার কৈট্টায় অনুষ্ঠিত এক শিশু সমাবেশে ১৬৯টি শিশুর অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০ জন সদস্য ও ১৬ জন উপদেষ্টা সদস্য নিয়ে মোট ৩৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে শুরু হয় এনসিটিএফের পদযাত্রা। দেশের ৬৪টি জেলায় রয়েছে এই সংগঠনের কার্যক্রম। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার সনদের বাস্তবায়ন করা। বর্তমানে সারা দেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পরবর্তী সময়ে তা নীতিনির্ধারক পর্যায়ে তুলে ধরাই হচ্ছে এনসিটিএফের প্রধান কাজ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান বাংলাদেশের আর্থিক সহায়তায় এনসিটিএফ পরিচালিত হচ্ছে। এর সদস্যদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রতিটি জেলায় এনসিটিএফের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে। সব কমিটি শিশুদের দ্বারা পরিচালিত হচ্ছে।এনসিটিএফের সদস্যরা যেসব কাজ করে থাকে, সেগুলো হচ্ছে শিশু অধিকারের বিষয়ে নিয়মিত অন্যান্য শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করা; শিশু অধিকার নিয়ে শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তি এবং সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা; শিশুদের সমস্যাগুলো শিশু সাংবাদিকদের দিয়ে পত্রিকায় প্রকাশ করা, প্রতি চার মাস অন্তর এসব পত্রিকা প্রকাশিত হয়; বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা; অন্যান্য শিশু সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা; মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ করা ইত্যাদি। বর্তমানে এর সদস্যসংখ্যা প্রায় ২০ হাজার।সমাজের সর্বস্তরের শিশুরা এনসিটিএফের সদস্য। এই সংগঠনে যেমন রয়েছে স্কুল-কলেজপড়ুয়া শিশু, তেমনি রয়েছে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু। পথশিশু, বস্তির শিশু, যৌনপল্লিতে বসবাসরত শিশু, দলিত সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, গৃহশ্রমে নিয়োজিত শিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও এনসিটিএফের সদস্য। জান্নাতুল ফেরদৌস জানান, চাইল্ড পার্লামেন্ট এনসিটিএফের একটি কমিটি। এই পার্লামেন্টের মাধ্যমে এনসিটিএফের সদস্যরা তাদের দাবিদাওয়া নীতিনির্ধারকদের কাছে তুলে ধরে। এ পর্যন্ত চাইল্ড পার্লামেন্টের ১১টি অধিবেশন বসেছে। সর্বশেষ অধিবেশন বসে গত ২৩ মার্চ। প্রতিটি অধিবেশনের আগে চাইল্ড পার্লামেন্টের সদস্যরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শিশুদের ওপর জরিপ চালায়। তারা শিশুদের সাক্ষাৎকার নেয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আলোচনা করে। পরে শিশুরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জরিপের ফলাফল নিয়ে আলোচনা করে। এভাবে দেশের ৬৪টি জেলার শিশুদের করা জরিপের ফলাফল নিয়ে তৈরি করা হয় চাইল্ড পার্লামেন্টের কর্মপত্র। পরে সব কটি জেলার শিশু সাংসদেরা এই কর্মপত্র বিশ্লেষণ করে। সমস্যার তীব্রতার ভিত্তিতে নীতিনির্ধারকের কাছে কোন বিষয় তুলে ধরা হবে, তা নির্ধারণ করা হয়। অধিবেশনের দিন প্রধান অতিথির সামনে তা তুলে ধরা হয়।সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় চাইল্ড পার্লামেন্টের জেলা প্রতিনিধিদের। প্রতিটি জেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী একজন মেয়ে ও একজন ছেলেশিশু সাংসদ হিসেবে নির্বাচিত হয়। এদের মধ্য থেকে একজন জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। য়। একজন স্পিকার, দুজন ডেপুটি স্পিকার, দুজন ডেপুটি উপদেষ্টা নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠিত হয়। এরা অধিবেশন নিয়ন্ত্রণ করে। পাঁচ সদস্যের একটি কোর কমিটিও রয়েছে। চাইল্ড পার্লামেন্টের সদস্যসংখ্যা ১৬৮।