‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ চট্টগ্রামের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, এখনো বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্যাতিত হচ্ছেন ঘরেবাইরে। এ জন্য নারীদের অধিকার সচেতন হতে হবে। অধিকার সচেতন হলে নির্যাতন প্রতিরোধ সম্ভব।
পটিয়া: পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন, নারী জাগরণ সংস্থার সভানেত্রী পারভিন আকতার, সনাকের সহসভাপতি শীলা দাশ, সাংবাদিক হারুনুর রশীদ সিদ্দিকী, সুর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক রুপেশ মুৎসুদ্দী, সুকন্যা নারী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক সেলিনা আকতার প্রমুখ।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, শিক্ষক দিলীপ দাশ প্রমুখ।
মহিলা পরিষদ: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটি আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে। ৮ মার্চ এ উপলক্ষে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও মোমবাতি প্রজ্বালন করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান।’
প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির। তিনি নারী অধিকার আদায়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সভায় আলোচকেরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এসব ক্ষেত্রে নারীর সম–অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন সুগতা বড়ুয়া, গৌরী চক্রবর্তী, নিলুফার জাহান, বেবী মওদুদ, সাফিনা আকতার, কাউসার জাহান, স্বপ্না বড়ুয়া, চিন্ময়ী ঘোষ, রেখা চৌধুরী, নুরী আসমা ও সঞ্চালনের দায়িত্ব পালন করেন শিরিন আকতার হেনা।
দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে ৮ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মহিলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা প্রমুখ। বক্তারা পারিবারিক ও সামাজিকভাবে কোনো নারী নির্যাতিত হলে নিজ অবস্থানে থেকেই প্রতিবাদ করার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজে নিজ নিজ অবস্থান থেকে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও কর্মনীড় মহিলা সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে। এ উপলক্ষে সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, সনাকের সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, সনাকের সহসভাপতি নাছিমা আকতার, কর্মনীড় মহিলা সমিতির নির্বাহী পরিচালক শাহানা বেগম ও সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক হুমায়ুন মোল্লা।