অধিগ্রহণ করা জমিতে চিংড়িঘের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে চলছে চিংড়ি চাষ। ইতিমধ্যে ৬০৪ একর জমি দখল করে ১০টি চিংড়িঘের করেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। চিংড়িঘের তৈরিতে জমি পাহারার দায়িত্বে থাকা আনসার সদস্যদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজার জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১ হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ করা ১ হাজার ৪১৪ একর জমি ২০১৪ সালের ২৪ আগস্ট প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিডেটের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। কোল পাওয়ার জেনারেশন আনসার সদস্য নিয়োগ দিয়ে অধিগ্রহণ করা জমি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
১৬ আগস্ট সরেজমিনে দেখা গেছে, প্রকল্প এলাকায় বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ছোট-বড় ১০টি চিংড়িঘের। এসব চিংড়িঘের পাশাপাশি। মগডেইল্যার ঘোনায় গেলে কথা হয় সেখানকার কয়েকজন শ্রমিকের সঙ্গে। তাঁরা জানান, এই ঘেরের আয়তন প্রায় ১৮২ একর। গত জুন মাসে ঘেরে পোনা ছাড়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ চিংড়ি বিক্রি করা হবে। এর পাশে আনিছেরদিয়া ঘোনায় চিংড়ি চাষ হচ্ছে ১২০ একরে। এ ছাড়া মগবাড়িতে ৫০, উলুখালীতে ৮০, রাঙাখালীতে ৩৫, সোয়াখালীতে ২০, রুস্তমের দোনায় ৫৭, সাতাইশজইন্যায় ২৫, তেইশজন্যায় ১০ ও ইউসুফের বাপের ঘোনায় ২৫ একরে চিংড়ি চাষ হচ্ছে।
প্রকল্প এলাকার ৬০৪ একর জমিতে অবৈধ চিংড়িঘের রয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন সূত্র।
স্থানীয় মগডেইল গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক ও নুর কাদের জানান, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে মাতারবাড়ীর জেলেরা মাছ ধরতে গেলে আনসার সদস্যরা লাঠিপেটা করেন। অথচ আনসার পাহারায় সেখানে প্রভাবশালী ব্যক্তিদের চিংড়িঘের করার সুযোগ পাচ্ছেন। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে। কারণ, প্রকল্পের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করায় ৩০ হাজারের বেশি মৎস্যজীবী মানুষ বেকার জীবন কাটাচ্ছেন।
মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে আন্দোলনকারী মোহাম্মদ উল্লাহ বলেন, আনসার কমান্ডারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অধিগ্রহণ করা জমিতে প্রভাবশালী ব্যক্তিদের চিংড়িঘের করার সুযোগ করে দিয়েছেন। এখন প্রকল্পের অন্যান্য জমি দখল করে আরও কিছু চিংড়িঘের তৈরির প্রস্তুতি নিচ্ছে ন প্রভাবশালী ব্যক্তিরা।’
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরীও অধিগ্রহণ করা জমিতে চিংড়িঘের তৈরির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে জানানো হয়েছে।
অধিগ্রহণকৃত জমি পাহারার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পের কমান্ডার মোসলেম উদ্দিন তাঁর যোগসাজশে চিংড়ি চাষের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘অধিগ্রহণ করা জমিতে আগেও ১৬টি চিংড়িঘের ছিল। এখন রাতের অন্ধকারে ওই সব ঘের দখল করে চিংড়ি চাষ চলছে। ইতিমধ্যে কয়েকটি ঘেরের বাঁধ কেটে দিয়েছি।’ তাঁর দাবি, এখন প্রকল্প এলাকায় কোনো চিংড়িঘের নেই।
এ প্রসঙ্গে কোল পাওয়া জেনারেশন কোম্পানি লিমিটেডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম বলেন, ‘প্রকল্প এলাকার ভেতরে চিংড়ি চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতকারী অধিগ্রহণ করা জমি দখল করে চিংড়ি চাষ করছেন। কিছুদিন আগে পাঁচটি চিংড়িঘেরের বাঁধ কেটে দেওয়া হলেও সেখানে পুনরায় মাছ চাষ হচ্ছে।
তিনি আরও জানান, আনসার কমান্ডার টাকা নিয়ে চিংড়িঘের করার সুযোগ দিচ্ছেন বলে স্থানীয় লোকজন তাঁকে অভিযোগ করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ‘অধিগ্রহণ করা ১ হাজার ৪১৪ একর জমি আমরা বহু আগে কোল পাওয়ারকে বুিঝয়ে দিয়েছি। এসব জমি দেখাশোনার দায়িত্ব কোল পাওয়ারের। তবে অবৈধ চিংড়িঘের উচ্ছেদের জন্য তারা সহযোগিতা চাইলে প্রশাসন প্রস্তুত আছে।’