অধিনায়ক ও নায়কেরা


প্রতিবছর নভেম্বর আসার আগে আগে আমি অপেক্ষা করতে থাকি ঠিক কখন প্রথম আলোর তথ্যচিত্র নির্মাণের জন্য ফোনটা আসবে। চলচ্চিত্র, নাটকের পাশাপাশি তথ্যচিত্র নির্মাণেও যে অদ্ভুত রকমের উত্তেজনা তৈরি হয় নিজের মধ্যে, তা গত বছর কলসিন্দুর গ্রামের মেয়েদের ফুটবলের সাফল্যগাথা ‘অদম্য মেয়েরা’ করতে গিয়ে বুঝেছি।
প্রথম আলোকে একটি বিশেষ কৃতজ্ঞতা শুরুতেই দিতে চাই, প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা নায়কদের তুলে এনে তাদের অদম্য শক্তিকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বর্ষপূর্তির আয়োজনে।
বাংলাদেশ বীরের দেশ, নায়কের দেশ। সাফল্যের শিখরের দিকে দুর্গমগতিতে এগিয়ে চলা তারুণ্যের দেশ। কয়েক দিন আগে অতি সাধারণ জীবনযাপন করা অসাধারণ নায়কদের গল্প শোনালেন আনিস ভাই (আনিসুল হক)। একেকজনের গল্প শুনছি আর বুকটা গর্বে ভরে যাচ্ছে। জয়ের গল্প, প্রতিবাদের গল্প, মানবতার গল্প—নায়ক হয়ে ওঠার গল্পগুলোর প্রতিটি শব্দ আমাকে স্পর্শ করতে শুরু করল। আমার ভেতরে বাস করা ভিতু মানুষটাকে উপড়ে ফেলতে থাকল।

এখন বাংলাদেশের অন্যতম সেরা নায়ক, জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আর কোনো বিশেষণ দিয়ে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই তথ্যচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের আনাচকানাচে লুকিয়ে থাকা তরুণ নায়কদের জয়ের গল্প শোনাবেন তিনি। আর তাঁর সাক্ষাৎকার নেবেন শুভ্রদা (উৎপল শুভ্র)।
আনিসুল হকের এই পরিকল্পনা নিয়ে আমরা শুটিংয়ে হাজির হলাম রাজধানীর একটি হোটেলে, তখন সকাল ১০টা। সহনির্মাতা নিয়ামুল মুক্তা ও চিত্রগ্রাহক মিছিল সাহা আগে থেকেই শুটিংয়ের আয়োজন করে রেখেছেন, যাতে এক মিনিট সময়ও নষ্ট না হয়। অধিনায়কের হাতে যে সময় খুবই অল্প।
হোটেলে সেট সাজিয়ে আমরা অপেক্ষা করছি। আনিস ভাই, শুভ্রদার সঙ্গে আমিও যোগ দিলাম অভিনেত্রী, উপস্থাপিকা শিনা চৌহান ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদের সঙ্গে কফির আড্ডায়। একটু পরে এঁরা গেলেন, এলেন তামিম ইকবাল, তাসকিন। জমে উঠল আড্ডা। তারপর মাশরাফি। তামিমের প্লেট থেকে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলেন। জানালেন, তাঁর বিপিএলের শুটিং আছে, তারপর আছে অনুশীলন। সময় মোটে এক ঘণ্টা। এর মধ্যেই যা করার করতে হবে।
গল্প তাঁকে আগেই জানানো ছিল। এই বীরদের কাহিনিও তিনি আগে পড়েছেন পত্রিকায়, মাবিয়ার ভিডিওটাও দেখেছেন। শুভ্রদা বললেন, মাশরাফিকে মোটেও বানিয়ে কিছু বলতে হবে না, সে যা, তা বললেই হয়ে যাবে।

মাশরাফির আসলেই সময়ের স্বল্পতা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাশরাফি যখন এই চার তরুণ নায়কের গল্প বলা শুরু করলেন ক্যামেরার সামনে, তখন সময় নিয়ে তাঁর কোনো ভ্রুক্ষেপই নেই। এই সব নায়কের গল্প বলতে গিয়ে তাঁর বুকটাও যেন বারবার গর্বে ফুলে উঠছিল। খেলার মাঠে তার পারফরম্যান্স ও অধিনায়কত্বের কৃতিত্বে ১৬ কোটি মানুষের চোখে পানি এনে দেয় জয়ের আনন্দে। আজ অন্য নায়কদের জীবনজয়ের গল্পটা বলতে তাঁর চোখটাও ভিজে উঠেছে ঠিক বুঝতে পারছি মনিটরে বসে।
তাড়াহুড়া করে অল্প সময়ে শুটিং শেষ করার মানসিক চাপ নিয়ে শুরু করেছিলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার টেনশন নিজে নিয়ে নিলেন অধিনায়ক। যতবার শট নিতে চাই ততবারই বাধ্য ছাত্রের মতো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান। একজন পেশাদার শিল্পীকে নিয়ে যেভাবে কাজ করি প্রতিনিয়ত, মনে হচ্ছিল যেন তা-ই করছি। মনিটরের পাশে বসা আনিস ভাইয়ের মুখেও দেখি হাসি। শুভ্রদা শুরু করলেন, ‘ম্যাশ, তোমাকে তো আমার রূপকথার নায়কের মতো মনে হয়।’
মাশরাফি স্বাভাবিকভাবে উত্তর দিয়ে গেলেন।
শুভ্রদা বললেন, এই রে, আমি তো তুমি বলে ফেলেছি।
আনিস ভাই বললেন, এটা ফরমাল ইন্টারভিউ না। বলে ফেলেছিস। চালিয়ে যা। (আমাকে বললেন, মাশরাফির বাস নিচে দাঁড়িয়ে আছে, আগে শুটিংটা শেষ করি।)

শুরু হলো গল্প বলা। জয়ের গল্প, নায়কদের গল্প, তারুণ্যের শক্তির গল্প।
শুরুটা হলো আবদুল্লাহর গল্প দিয়ে, যাঁর দুপায়ের কোনোটারই পুরোটা নেই, কিন্তু তিনি অসাধারণ ফুটবল খেলেন। আবদুল্লাহর কথা ছাপা হয় প্রথম আলোয়, শেষের পাতায়। সদরঘাটের কুলির কাজ করা এই অদম্য তরুণ ভোরে উঠে নিজেকে প্রস্তুত করতে থাকেন ভয়াবহ পরিশ্রমের কাজ কাঁধে নেওয়ার জন্য। বিকেল পর্যন্ত কাজ করে চলে আসেন ফুটবল মাঠে। শুরু হয় ফুটবল-চর্চা।
শারীরিক কোনো বাধাই রুখতে পারে না তাঁকে, দুর্দান্ত গতিতে দাপিয়ে বেড়ান তিনি ফুটবল মাঠ। আবদুল্লাহকে শুটিংয়ের ফাঁকে মুক্তা জিজ্ঞাসা করেছিল, প্রতিবন্ধীদের দলে খেললেই তো আরেকটু সহজ হয় তাঁর জন্য। আবদুল্লাহ কী বলেছিলেন জানেন? পা না থাকলেও নিজেকে প্রতিবন্ধী ভাবতে রাজি নন তিনি। শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে খেলেই তিনি জয় ছিনিয়ে এনেছেন বহুবার।
পুরো শুটিংয়ে আবদুল্লাহর আবদার ছিল একটাই, মাশরাফির সঙ্গে ছবি তুলতে চান তিনি। শুটিংয়ের সময় অধিনায়ক নিজেই কাছে টেনে বসিয়েছেন নায়ক আবদুল্লাহকে।

এরপর জীবনের খেলায় জিতে চলা শারমিন আক্তারের গল্প গর্বভরে বলে চলেন অধিনায়ক। বাবা প্রবাসী। মা ক্লাস নাইনে পড়ুয়া কিশোরী শারমিনের বিয়ে দিতে চান জোর করে। কিন্তু প্রতিবাদ করে শারমিন। নিজের বুদ্ধিমত্তায় পালিয়ে থানায় গিয়ে মা এবং তার সঙ্গীর বিরুদ্ধে মামলা করে সে। অতটুকু বয়সে পুতুল খেলা ছাড়া কীই-বা বোঝে মেয়েরা। কিন্তু শারমিন নিজেই অন্যায়ের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। আর তা নিজের মানসিক শক্তির জোরে। ঝালকাঠিতে পুরো শুটিং ইউনিটকে নিজেই ঘুরিয়ে দেখায় জায়গাগুলো। আর বলিষ্ঠ কণ্ঠে বর্ণনা করে তার প্রতিবাদের ঘটনা।
এরপর মাশরাফি তো বলেই ফেললেন চট্টগ্রামে কর্মরত ফেনীর সাইফুল ইসলাম নেসার ভাই মানবতার যে অনন্য উদাহরণ তৈরি করেছেন তা নিজের পক্ষেও সম্ভব কি না জানেন না তিনি।
আমরা সবাই অফিস শেষ করে নিজের বাসায় আপনজনের কাছে ফিরি আর সাইফুল ফেরেন হাসপাতালে স্বজনহীন অসহায় রোগীদের কাছে। বাবা ক্যানসারে মারা যাওয়ার পর থেকে ১০ বছর ধরে প্রায় ৬০০ রোগীকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সাইফুল। নিজের সাধ্যমতো ওষুধ থেকে শুরু করে খাবার জোগানোর জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেন তিনি। এভাবে দিনের পর দিন রোগীদের সেবা করতে গিয়ে তিনবার চাকরি হারান সাইফুল। নিজে জীর্ণ একটা মেসে থাকেন। যাতে টাকা বাঁচিয়ে বাঁচাতে পারেন অন্য
কারও জীবন।

চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে গল্প করতে করতে নিজের জীবনের লক্ষ্য নিয়ে বলছিলেন তিনি, সারা জীবন অসহায় রোগীদের সেবা করাই তাঁর একমাত্র লক্ষ্য। এমন একজনকে বিয়ে করতে চান যিনি নিজের রান্না করা খাবার হাতে সাইফুলের সঙ্গে হাসপাতালে ছুটে যাবেন অজ্ঞাত রোগীর সেবা করতে।
এরপর মাশরাফি বিশেষ ধন্যবাদ দেন মাবিয়া আক্তারকে। সাউথ এশিয়ান (এসএ) গেমসের ভারোত্তোলনে সোনা জেতার পর মাবিয়ার কান্নার ভিডিও দেখে নাকি জাতীয় ক্রিকেট দলের প্রায় সবাই কেঁদেছিলেন। সে গল্প শোনান তাঁকে।
ঢাকার সিপাহীবাগের চালাঘরে সংগ্রামময় জীবনের ভার নেওয়া মাবিয়া ভার উত্তোলন করে জিতে আনেন অনেক সাফল্যের পদক আর দেশের মুখ উজ্জ্বল করে এগিয়ে যান তিনি। এসএ গেমসে সোনা জেতার পর যখন বাংলাদেশের পতাকা উড়ছিল পতপত করে তখন মাবিয়া আক্তার কাঁদছিলেন ব্যাকুল হয়ে, দেশের জয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আমরা কেউই পারিনি, ইউটিউবে সেই ভিডিও দেখে সেদিন কেঁদেছিল পুরো দেশই।
শুটিং করতে হয়েছে ঢাকার বাইরেও। সহনির্মাতা নেয়ামুল মুক্তা এ কাজটা করেন। তাঁর কাছ থেকেই শুনলাম শুটিং করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। শারমিনের কথাই ধরা যাক। সবাই তাকে যত বড় হিরো মনে করেন, ঝালকাঠিতে নিজের এলাকায় সে তার চেয়েও বড় কিছু। তার একজন শিক্ষক জানিয়েছেন, স্কুলের মেয়েরা আগের চেয়ে এখন অনেক সাহসী। নিজেদের সমস্যার কথা মুখ খুলে বলে। মেয়েরা এখন শারমিনকে অনুসরণ করে।
আবার আবদুল্লাহর শুটিং করতে গিয়ে তাঁর বন্ধুদের কাছে সাহসী গল্প জানা গেল। কিছুদিন আগে ‘হুইলচেয়ার ফুটবল দলের’ হয়ে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। কিন্তু আবদুল্লাহ তাঁদের মানা করে দিয়েছেন। বলেছেন, ‘আমি প্রতিবন্ধী নই।’ ভাবা যায়!
চট্টগ্রামের সাইফুলের জন্য কত জায়গায় যে ঘুরে বেড়াতে হয়েছে শুটিং দলকে। তিনি যে জাহাজে চাকরি করেন, সেখানে যেতে হয়েছে। সহকর্মীরা সবাই সাইফুলের মহানুভবতায় গর্ববোধ করেন। নিজেরাও এখন সহায়তা করেন। তথ্যচিত্রে সাইফুল যে বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন, তিনি তাকে কিছুদিন আগে নিয়ে এসেছেন। বাচ্চাটার চিকিৎসার সব খরচ তিনিই বহন করছেন।
ঢাকার শুটিংয়ে আবার ভিডিওটি চালানো হলো, দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের চারজনের একটা কম্পোজিট শট নেওয়া হচ্ছে তখন, লাস্ট শট আর ব্যাকগ্রাউন্ডে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
পুরো শুটিং ইউনিট তখন আবেগে পূর্ণ, জয়ের আনন্দে চোখ ছলছল সবার আর বুকের মধ্যে পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা।
বিজয়ের গর্ব বুকে নিয়ে শেষ হলো অধিনায়ক ও নায়কেরার শুটিং।
রেদওয়ান রনি: নির্মাতা
তথ্যচিত্রটি দেখুন: ফেসবুক: goo.gl/aaK3pp ইউটিউব: https://youtu.be/WLcB1WF0L1Q
তথ্যচিত্রের ভিডিওতে পাঠকের মন্তব্য
প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে ১৬ নভেম্বর অধিনায়ক ও নায়কেরা তথ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে ২২ নভেম্বর দুপুর পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ জন পাঠক মন্তব্য করেছেন। ফেসবুকে দেখেছেন ১২ লাখ দর্শক। নির্বাচিত কয়েকটি মন্তব্য এখানে ছাপা হলো।
* সালমা বেগম
অসাধারণ! ভিডিওটা দেখতে দেখতে চোখে পানি চলে এল। সবাইকে স্যালুট এবং প্রথম আলোকে ধন্যবাদ।* ইকবাল হাসান
কী আর বলব, ভিডিওটা দেখে নিজের প্রতি অনেক ঘৃণা হয়েছে। নিজে একটু সুখে থাকার জন্য কত না চেষ্টা করি, কীভাবে আরেকজনের চেয়ে ভালো থাকা যায়—এই নিয়ে উঠেপড়ে লাগি। আর ওরা শারীরিকভাবে সবাই একটু না একটু দুর্বল, তারপরেও দেশের জন্য ওরা কত কিছু করেছে, ওদেরকে আমি স্যালুট জানাই। আমিও যেন সবার জন্য কিছু করতে পারি—এখন থেকে এই চেষ্টা করব।* সি প্রোটিয়াস
কখন যে চোখের পানি গড়িয়ে পড়তে শুরু করেছে বুঝতে পারিনি; দেশের জন্য কিছু করতে না পেরে যেমন নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল, ঠিক তেমনি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসছিল এসব হিরোর প্রতি। ব্যক্তিজীবনে অনেক না-পাওয়ার হতাশাকে ঠেলে আমাদের উচিত এসব হিরোর মতো অন্তত দেশকে কিছু দেওয়া। শুধু তো নিয়েই যাচ্ছি, কিছু তো দিতে পারছি না। প্রথম আলোকে ধন্যবাদ আত্মোপলব্ধিতে সহায়তা করার জন্য।
* পার্বতী ইসলাম
সত্যি বলতে কি, ভাষা হারিয়ে ফেলেছি। ভিডিওটি দেখে মনে হয়, এ তো যেন কষ্ট নয়—স্বপ্নের ভালোবাসা। আমি তাদের স্যালুট জানাই। এদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন! তোমরা এগিয়ে যাও আর মাশরাফি ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।* শাহরিয়ার খালিদ
মাবিয়ার ভিডিওটা যখন প্রথম ফেসবুকে দেখেছিলাম, তখনো চোখের পানি ধরে রাখতে পারিনি, আজও পারিনি। সেদিন ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম।
আজও শেয়ার করব। শুধু মাবিয়ার প্রতি ভালোবাসার জন্যই নয়, চারজন চমৎকার আর অসাধারণ যোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে শেয়ার করব। আর মাশরাফি...! চমৎকার এই ভিডিও যাঁরা বানিয়েছেন, তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার সালাম।
* সৈয়দ মাহাদি
ভিডিও দেখে নিজেকে মনে মনে ধিক্কার দিয়েছি। এত বাধা পেরিয়েও এঁরা দেশের জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছেন, আর আমি কেবলই নিজের জন্য, সংসারের জন্যই কেবল ছুটে চলছি। আজ থেকে প্রতিজ্ঞা করলাম—আমি কেবল আমার জন্য নই, আজ থেকে আমি সবার। আমি এ দেশের মানুষের জন্য কাজ করে যাব আজীবন।* শাহিদা আক্তার
আমরা যারা সুবিধাভোগী, তারা তেমন কিছুই দিচ্ছি না বা করছি না দেশের জন্য, সমাজের জন্য। অথচ এই স্বল্প সুবিধাপ্রাপ্ত মানুষগুলোই দিয়ে যাচ্ছে সমাজকে, এগিয়ে নিচ্ছে দেশকে। এদের থেকে শিক্ষা নিয়ে আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করে যাওয়া উচিত। ভালোবাসা রইল এই অসামান্য মানুষগুলোর প্রতি।* নাতরাজ নূপুর
আমি শেষ পর্যন্ত কান্না থামাতে পারলাম না। প্রতি ক্ষণে ক্ষণে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল আর সাহস পাচ্ছিলাম মন থেকে, নিজেকে এগিয়ে নেওয়ার। এমন মোটিভেশনাল ও উৎসাহপূর্ণ ভিডিও আরও বেশি করে চাই আমরা। ওরাই আমাদের নায়ক।* আরিয়ান ইসলাম
সত্যিই ভিডিও দেখে নিজেই অবাক হয়ে গেলাম। আমাদের দরকার আগামীর এই সম্ভাবনাময় মানুষগুলোকে আরও মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা। তাদের এই প্রতিভাকে আরও বিকশিত করার জন্য সহযোগিতা করা। স্যালুট বস মাশরাফি।* আসাদ বিন হোসেইন
শুধু একটা কথাই বলতে চাই—এই ভিডিও দেখার পর যখনই আপনি আপনার জীবনে চলার পথে থমকে যাবেন আর মনে হবে, আপনার দ্বারা কখনোই বিজয়ী হওয়া সম্ভব নয়, তখন জাস্ট একবারের জন্য এই ভিডিও দেখুন। তারপর আপনার বিজয় কেউ তো ঠেকাতে পারবেই না। বরং আপনি বাঘের মতো ছোবল মেরে আপনার সাফল্য ছিনিয়ে আনার মতো সাহসটুকু এই ভিডিওটা আপনাকে দেবে!

পানির ওপর ছোট টংঘরটিতেই থাকতে হয়েছে এত দিন। অবশেষে ঝিলের সেই টিনশেডের বাসা ছেড়ে নতুন নিবাসে উঠেছেন মাবিয়া আক্তার। রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে বাসাটি পেয়েছেন এ মাসেই। তিন রুমের ফ্ল্যাট পেয়ে তাই দারুণ খুশি এই ভারোত্তোলক। নতুন বাসা পাওয়ার অনুভূতি জানতে চাইলে মাবিয়া আক্তার বলেন, ‘বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি গর্বিত। তাঁরা অনেক কষ্ট করেছেন। ঢাকায় আমাদের থাকার জায়গা ছিল না। মামার জায়গায় একটা অস্থায়ী বাসা করে আমরা এত দিন ছিলাম। সেই জীবন ছেড়ে ফ্ল্যাটে ওঠার তৃপ্তিটা বলে বোঝাতে পারব না।’
তাঁর ফ্ল্যাটের ভাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বহন করবে সরকার। মাবিয়া জানালেন, সব মিলিয়ে তাঁদের বাসাভাড়া ২২ হাজার টাকা আসবে। যদিও গত ফেব্রুয়ারি থেকেই মাবিয়া অপেক্ষায় ছিলেন নতুন বাসার জন্য। সে সময় দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের বাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে ঘোষণার পর উত্তরায় তাঁদের জন্য বাড়ি তৈরি করছে সরকার। ওই বাড়ি না হওয়া পর্যন্ত এই ভাড়া বাসায় থাকবেন মাবিয়া।