অধ্যক্ষসহ ৭২ শিক্ষক কর্মচারীর পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদসহ শিক্ষক-কর্মচারীদের ১৩৮টি পদের মধ্যে বর্তমানে ৭২টি শূন্য। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি শিক্ষক-কর্মচারীদেরও পাঠদানসহ নানা কাজে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন। কিন্তু তিনি একসঙ্গে আরও দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।ইনস্টিটিউট সূত্র জানায়, অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ইনস্টিটিউটে শিক্ষকের পদ আছে ৬০টি। তার মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ জন শিক্ষক। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৭৮টি পদের মধ্যে বর্তমানে ৩৬ জন কর্মরত রয়েছেন। শূন্য আছে ৪২টি পদ। ইনস্টিটিউটে প্রভাতি ও দিবা—এ দুই পালায় মোট এক হাজার ৮০৭ জন শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে সিভিল টেকনোলজিতে আটটির মধ্যে চারটি প্রশিক্ষকের পদই শূন্য। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে নয়টির মধ্যে তিনটি শূন্য। মেকানিক্যাল টেকনোলজিতে নয়টির মধ্যে পাঁচটি প্রশিক্ষকের পদ শূন্য। পাওয়ার টেকনোলজিতে ছয়টির মধ্যে প্রধান প্রশিক্ষকসহ দুটি পদ শূন্য। কম্পিউটার টেকনোলজিতে আটটির মধ্যে প্রধান প্রশিক্ষকসহ ছয়টি পদই শূন্য। ২০০৭ সাল থেকে এই টেকনোলজিতে শিক্ষক শূন্যতা বিরাজ করছে। ২০০৮ সালে শিক্ষকস্বল্পতার কারণে আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়। চলতি বছর এ বিভাগে একজন প্রশিক্ষক যোগ দেওয়ার পর ভর্তি কার্যক্রম পুনরায় চালু করা হয়।১৯৬৪ সালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় এবং ১৯৬৫ সাল থেকে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। শুরুতে মাত্র দুটি টেকনোলজি—সিভিল ও মেকানিক্যাল ছিল। ১৯৭২ সালে পাওয়ার টেকনোলজি চালু করা হয়। ১৯৮০ সালে ইলেকট্রিক্যাল টেকনোলজি, ২০০২ সালে কম্পিউটার টেকনোলজি, ২০০৬ সালে আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজি চালু করা হয়। বর্তমানে চালুকৃত টেকনোলজির সংখ্যা ছয়টি। প্রতিবছর দুই পালায় মোট ৪৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীর বেশির ভাগ পদ শূন্য থাকা অবস্থায় ২০০৪ থেকে চালু করা হয়েছে দ্বিতীয় পালা। বর্তমানে এক হাজার ৮০৭ জন শিক্ষার্থীর জন্য ৩০ জন শিক্ষক মোটেও পর্যাপ্ত নয়। অধিকাংশ টেকনোলজিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করে কোনোরকম শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তাঁদের বেতন নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে। কম্পিউটার টেকনোলজির ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান এস এম হামিদুল হক জানান, ‘কম্পিউটার টেকনোলজিতে আটজন শিক্ষক থাকার কথা থাকলেও সেখানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। এই তিনজন দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি। শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’ ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রশিক্ষক আলী আজম জানান, বর্তমান সরকারের ভিশন টোয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে হলে তথ্যপ্রযুুক্তির দিকে আরও নজর দিতে হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালেহ আহম্মদ শিক্ষক-কর্মচারী স্বল্পতার কথা স্বীকার করেন এবং শিক্ষক-কর্মচারী স্বল্পতার কথা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কাজ হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।