‘রিহ্যাব ফেয়ার-২০১২’ শীর্ষক চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। মেলার আয়োজন এবং আবাসন সমস্যা ও সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেছেন মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক। সাক্ষাৎকার নিয়েছেন নিজাম সিদ্দিকী।প্রথম আলো: এবারের মেলার বিশেষত্ব কী?ওমর ফারুক: এবারের মেলার বিশেষত্ব হলো, এতে কোনো অননুমোদিত ফ্ল্যাট ও প্লট বিক্রি বা প্রদর্শনের সুযোগ থাকছে না। আমরা এ ব্যাপারে আগেই চিঠি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি। এর পরও যদি এ ধরনের কোনো প্রতিষ্ঠানের মেলায় অংশ নেওয়ার খবর পাওয়া যায়, তবে ওই প্রতিষ্ঠানকে মেলা থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি পরের দুই বছরের জন্য তাদের মেলায় অংশ নিতে দেওয়া হবে না।প্রথম আলো: স্বল্প আয়ের মানুষের আবাসনের জন্য কোনো পরিকল্পনা আছে?ওমর ফারুক: এ ব্যাপারে রিহ্যাবের সঙ্গে সরকারের বহুবার কথা হয়েছে। সরকারের খাস জায়গাগুলো যদি আমাদের দেওয়া হয়, তাহলে কম খরচে বাড়ি নির্মাণ করা সহজ হবে। এতে জমির মূল্য ও বিক্রয়মূল্যও কম পড়বে।প্রথম আলো: প্রকৃত অর্থে পরিবেশবান্ধব গৃহনির্মাণ অর্থাৎ বাড়ির আশপাশে খোলা জায়গা, খেলার মাঠ ইত্যাদির ব্যবস্থা রাখা, এ ধরনের অ্যাপার্টমেন্ট গড়ে তোলার উদ্যোগ কতটা সফল হয়েছে?ওমর ফারুক: বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নীতিমালা অনুযায়ী যেসব অ্যাপার্টমেন্ট হচ্ছে তাতে এ ধরনের পরিবেশ বজায় থাকছে।কারণ এতে ১৭ কাঠা আয়তনের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ১৭ কাঠার নিচে হলে ১৪ শতাংশ জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। আমাদের নির্মাণ নীতিমালায়ও এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে এবং এটা সবাইকে মানতে হবে।প্রথম আলো: বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কারণে চট্টগ্রামে কয়টি প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর বাকি আছে?ওমর ফারুক: কমপক্ষে ২০০ প্রকল্পের ফ্ল্যাট এ সমস্যার কারণে হস্তান্তর করা যাচ্ছে না। এর মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠান অবশ্য আর্থিক সহযোগিতা কিংবা গ্যাস সিলিন্ডার সরবরাহ করে ফ্ল্যাট হস্তান্তর করছে।প্রথম আলো: এসব সমাধানে অগ্রগতি কেমন?ওমর ফারুক: সরকার এখন বিদ্যুতের ব্যাপারে ছাড় দিচ্ছে। গ্যাসের সরবরাহ নিয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করছি, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে এর একটা সমাধান মিলবে।প্রথম আলো: সরকারের কাছ থেকে আপনারা কী ধরনের সহযোগিতা আশা করেন?ওমর ফারুক: স্বল্প ঋণের যে সুবিধা আগে ছিল তা আবার চালু হলে ভালো হয়। অথবা ১০ শতাংশ হারে ঋণ দেওয়ার সরকারি যে বিধান ছিল তা ক্রেতাদের কাজে লাগানোর সুযোগ দিলে আমাদের কাজের অনেক অগ্রগতি হবে। ক্রয়ক্ষমতার মধ্যে অনেকে ফ্ল্যাট কিনতে পারবেন।