অনন্য আফগান সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ হিসেবে আফগানিস্তানের ভাবমূর্তি এখন এমন পর্যায়ে যে নিখরচায় ভ্রমণের সুযোগ দিলেও অনেকে যেতে চাইবে না। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং চলমান সহিংসতার কারণে সে দেশে জীবনের কোনো নিশ্চয়তা নেই। দেশটিতে এক দিকে যেমন চলছে তালেবান জঙ্গিদের দৌরাত্ম্য, তেমনি চলছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের অভিযান। এই দুইয়ের মাঝখানে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। অথচ দক্ষিণ এশিয়ার পাহাড়-পর্বতঘেরা দেশটিতে রয়েছে সভ্যতার হাজার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস-সংস্কৃতি। আফগানিস্তানে একটি বড় উৎসবের দিন হচ্ছে বছরের প্রথম দিন। সে দেশে নববর্ষ ‘নওরোজ’ বলে পরিচিত। আফগান মাস হামালের প্রথম দিন উদ্যাপন করা হয় নববর্ষ। বসন্তের প্রথম দিন এটি। গত ২১ মার্চ উদ্যাপিত হয়েছে এই নববর্ষ। ওই দিন উত্তরাঞ্চলীয় নগর মাজার-ই-শরিফের হাজার হাজার মানুষ নববর্ষের আনন্দে মেতে ওঠে। নববর্ষে সাধারণত সবুজ পোশাক পরতে পছন্দ করে আফগানরা। ওই দিন রকমারি খাবারে ভূরিভোজ সারে তারা। শক্তিশালী পুরুষেরা একটি বিশাল ঝান্ডা উত্তোলন করে। এটি যদি সাবলীলভাবে তোলা যায়, তাহলে বছরটি ভালো কাটবে বলে ধরে নেওয়া হয়। নববর্ষে মাজার-ই-শরিফে আয়োজন করা হয় উটের লড়াইয়ের। তাগড়া পুরুষ উটগুলোকে এ লড়াইয়ে নামানো হয়। প্রতিদ্বন্দ্বী একেকটি উটের গড় ওজন আধা টন করে। মিনিট দশেকের মুখোমুখি লড়াইয়ে রোমহর্ষক দৃশ্যের অবতারণা হয়।মুখরোচক নানা খাবারের ঐতিহ্য রয়েছে আফগানদের। সুলেখক সৈয়দ মুজতবা আলী কাবুলে তাঁর প্রবাসজীবনকে উপজীব্য করে লেখা রচনায় স্থানীয় খাবারের যে সরস বর্ণনা দিয়েছেন, তা পড়ে জিবের জল সামলানো দায়। মুখরোচক আফগান খাবার ফালুদা এখন আমাদের দেশেও বেশ জনপ্রিয়। এ ছাড়া কাবাব-কোপ্তার কত রকমের খাবার যে আছে! যুগে যুগে সে দেশে বহু ভিনদেশি মানুষের পা পড়েছে। এতে দেশীয় খাবারের সঙ্গে যোগ হয়েছে অনেক বিদেশি খাবার। রসনাবিলাসে নতুনত্ব আনতে এসব খাবারের উপকরণ ও আয়োজনে পরিবর্তন ঘটে তৈরি হয়েছে আরেক সুস্বাদু খাবার। আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে ‘বুজখাসি’। বাইরের দুনিয়ায় খেলাটিকে বিশ্বের সবচেয়ে আদিম খেলা হিসেবে দেখা হয়। এই খেলায় প্রতিযোগীরা ঘোড়ায় চড়ে একটি জবাই করা ছাগল নিয়ে কাড়াকাড়ি করে। নিয়ম হলো ছাগলটিকে চক দিয়ে আঁকা একটি বৃত্তের ভেতর ফেলতে হবে। দেশটির উত্তরাঞ্চলে শত শত বছর ধরে এই খেলা চলছে। একসময় এটি ছিল ধনী যুদ্ধবাজ প্রতিদ্বন্দ্বীদের খেলা। এখন তা ছড়িয়ে পড়েছে সাধারণের মধ্যে। এ খেলায় স্থানীয় মোবাইল ফোন কোম্পানি ও বেসরকারি বিমান সংস্থাগুলো পৃষ্ঠপোষকতা করছে।আফগানরা মুঠোফোনের বেজায় ভক্ত। এ বছর দেশটির ৯০ শতাংশ এলাকায় মুঠোফোনের সুবিধা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। অথচ সে তুলনায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পিছিয়ে। বিদ্যুৎ-সুবিধার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে নিচের সারিতে যেসব দেশ রয়েছে, এর মধ্যে আফগানিস্তানও রয়েছে। এ নিয়ে অবশ্য তেমন মাথাব্যথা নেই তাদের। যত ব্যস্ততা মুঠোফোন নিয়ে। মুঠোফোন তাদের জীবন ও সংস্কৃতির সঙ্গে যেন অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। অত্যাধুনিক মুঠোফোন ব্যবহার করাকে তারা এখন মর্যাদার প্রতীক মনে করে। দেখা যায়, একজন তালেবান সদস্যও ই-মেইল সুবিধাসম্পন্ন মুঠোফোন ব্যবহার করছে।আফগান শিল্প-সংস্কৃতির প্রাণ হচ্ছে কবিতা। তাদের সমাজে ছন্দে ছন্দে গল্প বলার বিষয়টি প্রচলিত এক হাজারের বেশি বছর ধরে। পশ্চিমাঞ্চলীয় নগর হেরাতে বৃহস্পতিবার রাতে কবিতার আসর বসে। নারী-পুরুষনির্বিশেষে সবাই যোগ দেয় এই আসরে। এমনকি শিশুরাও। রাতভর চলে এই আসর। এতে আধুনিক কবিতার পাশাপাশি প্রাচীন কবিতাও আবৃত্তি করা হয়। বসে ঐতিহ্যবাহী হেরাতি গানের জলসা। আফগান তরুণদের স্বপ্নের নায়ক হলিউডের তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার। তাঁদের অনেকের ঘরে এই পেশিবহুল তারকার পোস্টার রয়েছে। অনেক তরুণের মতে, এই তারকা দেখতে অনেকটা আফগানদের মতো।আফগানিস্তানের একটি মজার বিষয় হলো, তাদের মুদ্রার নাম ‘আফগানি’। আগে আফগানিস্তানের মুদ্রা ছিল আফগান রুপি। ১৯২৫ সালে মুদ্রা হিসেবে আফগানির প্রচলন। যারা জানে না, তারা মনে করবে যে আফগানি বলতে বুঝি আফগানিস্তানের মানুষ বা কোনো বিষয়কে বোঝাচ্ছে। দেশটির মানুষ বা কোনো বিষয় আফগান বলে পরিচিত, আফগানি নয়।খ্রিষ্টপূর্ব ৩৩০ সালে হেরাত দখল করেন গ্রিক-বীর আলেক্সান্ডার দ্য গ্রেট। ওই নগরে তিনিই প্রথম নগরদুর্গ নির্মাণ করেন। পরে দিগ্বিজয়ী এই বীরের মন জয় করেন আফগান সুন্দরী রোক্সান। আজকের বালখ প্রদেশ তখন ছিল একটি রাজ্য। সে রাজ্যের তৎকালীন রাজার মেয়ে ছিলেন রোক্সান। এই রোক্সানের গর্ভেই জন্মে আলেক্সান্ডারের একমাত্র সন্তান, যিনি পরবর্তী সময়ে তাঁর উত্তরাধিকারী হয়েছিলেন।আফগানিস্তানের কেন্দ্রস্থলে রয়েছে বামিয়ান প্রদেশ। খ্রিষ্টপূর্ব ৬৫০ সালে বামিয়ান পর্বতের গুহায় বিশ্বের প্রথম তৈলচিত্র আঁকা হয়। বামিয়ান প্রাচীন বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত। মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার আগে দ্বিতীয় শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত সেখানে শৈল্পিক গুণে অসাধারণ এক বৌদ্ধ সভ্যতা বিকাশ লাভ করে। বামিয়ান গুহায় প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় দুটি বুদ্ধমূর্তি ছিল এর উজ্জ্বল উদাহরণ। ২০০১ সালে তালেবান জঙ্গিরা এই মূর্তি দুটি ধ্বংস করে।বিবিসি ও ডেইলি মেইল অবলম্বনে শরিফুল ইসলাম ভূঁইয়া