এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থীরা তাঁদের মিলনায়তনে অনন্য এক সন্ধ্যা কাটিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে। ডেইলি স্টার আয়োজিত ১২ দিনব্যাপী ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের অংশ হিসেবে ১০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। এইউডব্লিউয়ের তরুণ শিক্ষার্থীরা তাঁদের জ্ঞানের তৃষ্ণা মিটিয়েছেন মাহফুজ আনামকে বিচিত্র বিষয়ে প্রশ্নের মাধ্যমে। এশিয়ার ১২টি দেশের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা তরুণ এই শিক্ষার্থীরা মাহফুজ আনামের কাছে ইতিহাস, সমাজ, রাজনীতি, সাংবাদিকতা, সমসাময়িক নানা বিষয় সম্পর্কে প্রশ্ন করেন। তিনি তরুণদের সকল কৌতূহল মিটিয়েছেন। প্রশ্নোত্তর পর্বের আগে আলোচনা অনুষ্ঠানে আলোচনা করেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবদুল করিম। তিনি বলেন, ‘এই অঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা হচ্ছে চট্টগ্রাম। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মতো একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামই সবচেয়ে উপযুক্ত জায়গা।’ তিনি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের আয়োজন করার জন্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে ধন্যবাদ জানান। এ পর্বে মাহফুজ আনাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা তোমাদের মনের সব কটা জানালা খোলা রাখবে।’ প্রশ্নোত্তর পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান ও বাংলাদেশের শিক্ষার্থীরা নাচ-গানের মাধ্যমে নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।