অনন্য জিনতত্ত্ববিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজার ব্যাপার হলো, নোবেল কমিটি স্টেইনম্যানের সঙ্গে যেমন যোগাযোগ করতে না পেরে জানতে পারেনি যে তিনি মারা গেছেন, তেমনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়া তিন বিজ্ঞানীর দ্বিতীয়জন জুলস এ হফম্যানকেও তারা ফোনে কিংবা তাঁর ঠিকানায় খুঁজে পায়নি। ‘আমি খবরটি জানতে পেরেছি কয়েক ঘণ্টা পর। আসলে আমি আশাই করিনি এমনটা হবে; যখন নাম ঘোষণা করা হয়, তখন আমি চীনের সাংহাইতে জাদুঘর পরিদর্শন শেষে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরছি আমার এক বন্ধুর সঙ্গে। চীনের জাতীয় ছুটি চলছিল বলে রাস্তায় প্রচুর লোকসমাগম ছিল; সবাই আনন্দ করছিল; চারদিকে আতশবাজি পোড়ানো হচ্ছিল। হোটেল থেকে আমার বন্ধুর মোবাইলে ফোন এল, কিন্তু এত হইচইয়ের ভেতরে আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না। গাড়ি ছেড়ে দিয়ে তাই মেট্রো করে ফিরলাম। হোটেলে এসে সাংবাদিকদের কাছে শুনেও নিশ্চিত হতে পারছিলাম না, কী বিষয়ে কার সঙ্গে পুরস্কারটি পেতে পারি। পরে যখন অন্য দুজনের নাম জানলাম, তখন বুঝলাম, মানবদেহের জন্মগত নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা নিয়ে গবেষণার জন্যই পেয়েছি’—নোবেল ফাউন্ডেশনের প্রতিনিধির সঙ্গে টেলিফোনে আলাপকালে এভাবেই নিজের প্রথম অনুভূতির কথা বলেন লুক্সেমবার্গে জন্মগ্রহণকারী এই ফরাসি জীববিজ্ঞানী।ক্যারিয়ারে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া এই জিনতত্ত্ববিদ জীববিজ্ঞান ও রসায়নে স্নাতক ও জীববিজ্ঞানে পিএইচডি করেন স্ট্রাসবুর্গ ইউনিভার্সিটি থেকে। একধরনের মাছির ওপর গবেষণা করে তিনি টল জিন নামের বিশেষ একধরনের জিন আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন, মাছির শরীরে যেকোনো জীবাণু বা বাইরের বস্তু যা শরীরের কাছে পরিচিত নয়, প্রবেশ করলে তাকে প্রথমবার শনাক্ত করার জন্য যে জিনটি দায়ী তা হলো এই টল জিন। এই আবিষ্কারের মাধ্যমে প্রাণীদেহে রোগ-জীবাণুর সংক্রমণের পর দেহের নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা কীভাবে তা শনাক্ত করে, মূলত সেই প্রশ্নের উত্তর খুঁজতে আরও এক ধাপ এগিয়ে যান বিজ্ঞানীরা।তাঁর এই আবিষ্কারের ফলাফলকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, যিনি যৌথভাবে পুরস্কার ভাগাভাগি করেছেন হফম্যানের সঙ্গে। বলা বাহুল্য, পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন রাল্ফ স্টেইনম্যান।টুকরো জীবনজন্ম: ২ আগস্ট, ১৯৪১, লুক্সেমবার্গ।বর্তমান কর্মস্থল: বোর্ড সদস্য ও গবেষণা পরিচালক, জাতীয় বিজ্ঞান গবেষণাকেন্দ্র, ফ্রান্স।যে কারণে নোবেল: প্রাণীদেহের জন্মগত নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয়করণ-প্রক্রিয়া প্রসঙ্গে আবিষ্কার।উল্লেখযোগ্য পুরস্কার: উইলিয়াম বি কলি পুরস্কার (২০০৩), রবার্ট কক পুরস্কার (২০০৪), শ পুরস্কার (২০১১) প্রভৃতি।