অনন্য মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন মৌসুমীর সঙ্গে কথা হচ্ছিল, সেদিন ছিল শুক্রবারের বিকেল। সাপ্তাহিক ছুটি, অথচ ক্যাম্পাসে শিক্ষার্থীরা আড্ডায় মশগুল। আমরা কজন বসে ছিলাম পুকুরপাড়ে। বিকেলের শেষ আলো সবে মিইয়ে যেতে শুরু করেছে। দূরের পাহাড়ের চূড়ায় তখন ধূসর কুয়াশা পড়তে শুরু করেছে। শীতের আমেজ ভালোই টের পাওয়া যায়।এবার মৌসুমীর সম্পর্কে জানার পালা। মৌসুমী জানান, গাজীপুর জেলার সদর উপজেলার ছোট্ট একটি গ্রাম মোতালখাল, সেখানেই তাঁর জন্ম। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাবা মো. আবদুল মতিন পেশায় ব্যবসায়ী, মা হালিমা খাতুন গৃহিণী।চান্দনা উচ্চবিদ্যালয় এবং গাজীপুর সরকারি মহিলা কলেজের পাট শেষ করে মৌসুমী এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এ পর্যন্ত তাঁর সিজিপিএ-৩.৭৫। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫১ জন সহপাঠীর মধ্যে তিনি প্রথম শ্রেণীতে ষষ্ঠ। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি গান, অভিনয় ও নৃত্যচর্চার সঙ্গে জড়িত ছিলেন। গানের দিকে পুরোপুরি মনোনিবেশ না দিলেও বাকি দুটোতে দুর্দান্ত দক্ষতার ছাপ রেখে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের প্রিয়মুখ।মৌসুমী নাজমীন বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সদস্য। এ সংগঠনের হয়ে তিনি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও অভিনয় পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। ক্যাম্পাসে চলতে-ফিরতে তাঁকে প্রায়ই এখন একটি কথা খুব শুনতে হয়: ‘আপু, আপনার নৃত্য কিন্তু খুবই সুন্দর। আপনি দুর্দান্ত অভিনয়ও করতে পারেন।’নৃত্য ও অভিনয়ের পাশাপাশি মৌসুমী এখন বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায়ও অংশ নিচ্ছেন। তাঁর ভরাট কণ্ঠের জাদুতে শ্রোতা-দর্শকেরা মুগ্ধ—সেটাও লাজুক হাসিতে জানিয়ে দিলেন মৌসুমী।মৌসুমীর চোখমুখে এবার স্বপ্নরা ভর করে। তিনি বলেন, ‘সবচেয়ে অপছন্দ করি মিথ্যাকে। আর পছন্দ করি অন্যকে সাহায্য করতে। দেশকে খুব ভালোবাসি। দেশের মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। মাঝেমধ্যে মনে হয়, যদি মুক্তিযুদ্ধটা আমিও করতে পারতাম! যেহেতু সেটি করতে পারিনি, তাই এখন ভাবি—নিজের মতো করে এই দেশটাকে গড়ে তুলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই।’কথায় কথায় সময় গড়ায়। বিদায়পর্ব সেরে মৌসুমী ফিরতি পথে পা বাড়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দিকে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিসরে বেড়ে উঠেছেন মৌসুমী। বিশ্ববিদ্যালয়ে এসে সহপাঠীদের উৎসাহ ও প্ররোচনায় যেন তা নতুন মাত্রা পেল। নৃত্য, কোরিওগ্রাফি, ভরাট কণ্ঠের উপস্থাপনা, মেধাবীর তকমা—সব মিলিয়ে অনন্য মৌসুমী।sumankumaৎ[email protected]