অনন্য সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতো বাঙালির কাছে পোলাও-কোর্মা অতি-উপাদেয়, জানা ছিল। বিলেতিরা আমাদের দেশি খানা-পিনার কদর করে—সেটাও শুনেছি। কিন্তু এতটা জানা ছিল না। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস অষ্টম আসরের খাদ্য তালিকার খানিকটা শুনুন—পোলাও রাইস, মুর্গ কোরমা, গোশত নওয়াবি, চিংড়ি ঝাল ফ্রেজি। মোটামুটি আমাদের চেনা খাবারদাবার। সেই খাবার নিয়েই যাকে বলে চারদিকে ‘ধন্যি ধন্যি রব’। মন্ত্রী, এমপি, লর্ড, তারকা ব্যক্তিত্ব থেকে শুরু করে গোটা ব্রিটেনের অভিজাত মহল যারপরনাই উচ্ছ্বসিত। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস ঘিরে পূর্ব লন্ডনের বাঙালি কিংবা অভিজাত ইংরেজ মহলে যে উচ্ছ্বাস, তার মূল কারণ এই খানাপিনা তো বটেই। তবে শুধু খানাপিনা নয়, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস পুরো ব্রিটেনে নন্দিত নানা কারণে।২৬ নভেম্বর, ২০১২। বেটারসি পার্ক, লন্ডন। আসরের ভেন্যুতে ঢোকার পথেই আচমকা তুষারপাত। সাদা বরফে ঢাকা সারি সারি ক্রিসমাস ট্রি। প্রবেশপথের ঝলমলে আলোয় চকচক করছে তুষার। লন্ডনে বেজায় ঠান্ডা। কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও চলছে। কিন্তু তুষারপাত? তা-ও শুধু এই পার্কে? পরে জানা গেল, সামনে বড়দিনের উৎসব। সেই কথা মনে করিয়ে দিতেই এই কৃত্রিম তুষারপাতের আয়োজন। অতিথিদের জন্য সামান্য চমক! বিলেতের বনেদি মহল তখনো প্রবেশের অপেক্ষায়। অনুষ্ঠানের দিক থেকে এটি ‘ব্ল্যাক টাই গালা’ ঘরানার। পোশাক যথাযথ (জেমস বন্ডের পোশাক দ্রষ্টব্য) না হলে এই অনুষ্ঠানে না আসাই উত্তম। সঙ্গী সাংবাদিকদের মধ্যে ফিসফাস চলছে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস আসরের প্রতিষ্ঠাতা এনাম আলী অতিথিদের চমক দিতে সিদ্ধহস্ত। আগের বারের অনুষ্ঠান দেখে বোঝার উপায় নেই, পরের বার কী হবে। শুরুর ঘণ্টা খানেক হালকা খাবারদাবার ও পানীয়। সঙ্গে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা চলল। কোনো মঞ্চ বা বসার আয়োজনের দেখা নেই। এর মধ্যেই আচমকা একদিকের দেয়াল (আসলে কালো পর্দা) সরে গেল সড়াৎ করে। দুর্দান্ত থিম মিউজিকের সঙ্গে উন্মোচিত হয়ে গেল ঝলমলে মঞ্চ আর বসার আয়োজন। অতিথিদের সবার জন্য বসার আসন নির্ধারিত। ১৪১ নম্বর টেবিলে নিজেদের নাম লেখা কার্ড দেখে ভালো লাগল। এর মধ্যেই শুরু হয়ে গেছে ড্রামস পরিবেশনা।দুই পাশের বড় পর্দায় হাজির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানালেন, অতিথিদের। আর স্মরণ করলেন ব্রিটেনের অর্থনীতিতে সাড়ে তিন বিলিয়ন পাউন্ডের কারিশিল্পের অবদানের কথা। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রযোজক জাস্টিন আলী বলেন, ‘সারা বছর আমরা পরিশ্রম করি একটি অনন্য সন্ধ্যা এবং মানুষের ভালোবাসায় বহুল কাঙ্ক্ষিত অনুষ্ঠান উপহার দিতে। অ্যাওয়ার্ডের প্রতি মানুষের আস্থা আমাদের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।’ এ ছাড়া কারিশিল্প ও কারি অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছেন ব্রিটিশ জাস্টিস সেক্রেটারি ক্রিস গেইলিং।ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রবর্তক ও প্রাণপুরুষ এনাম আলী এমবিই বলেন, ‘শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল অনুষ্ঠানের মান ও স্বচ্ছ নির্বাচন-প্রক্রিয়ার দিকে। কারিশিল্পের প্রতি মানুষের ভালোবাসার ফসল এই পুরস্কার।’ব্রিটিশ জনপ্রিয় কৌতুকাভিনেতা ররি ব্রেমনার ও বিবিসির উপস্থাপক জনি বন্ডের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। কোরমা-পোলাও খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন দুই হাজার অতিথি। অষ্টম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডকে সফল করতে সহযোগী হিসেবে কাজ করছে ব্রিটেনের প্রধান অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জাস্ট ইট ডটকম।গোটা যুক্তরাজ্যে থেকে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড-২০১২-এর মনোয়ন পায় সাড়ে তিন হাজার রেস্তোরাঁ। সেখান মোট থেকে ৫৬টি রেস্তোরাঁ চূড়ান্ত পর্বে আসে। মোট ১২টি বিভাগে ১৬টি রেস্তোরাঁর হাতে উঠেছে ‘কারি অস্কার’। এবারে পুরস্কার বিজয়ী রেস্তোরাঁগুলো হচ্ছে তাজ ইন্ডিয়ান, আগ্রা, ইন্ডিয়ান ওশান, ইতিহাস, ফাইভ রিভার্স আ লা কার্টে, রসুই ইন্ডিয়ান কিচেন, হাওয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাম্পান ফোর, স্পাইস লজ , দ্য মিন্ট রোম, বোম্বাই প্যালেস, চক্রা, চাক এইটটি নাইন ও চিলি পিকল ব্রাইটন। সেরা টেকওয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার জিতেছে হ্যামিলটন ল্যাংকাশায়ার এলাকার মোস্তাক টেকওয়ে। স্পেশাল ইনস্পাইরেশন অ্যাওয়ার্ড জিতেছেন ব্রিলিয়ান্ট রেস্তোঁরার দিপা আনান্দ।