অনন্যার গানে মুগ্ধ দর্শক-শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে ‘প্রাঙ্গণে আজ সুরের দোলা’ শিরোনামের সংগীতসন্ধ্যায় গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন শিল্পী অনন্যা দাশগুপ্ত। ১৩ মার্চ বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই বাণী কুমার চৌধুরীর সুরে একটি দেশের গান ‘মাগো তোঁর আঁচলে’ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী। এরপর রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি ও আধুনিক গান মিলিয়ে ১৮টি গান পরিবেশন করেন। সব ধরনের সংগীতে তিনি ছিলেন সাবলীল। স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভিন্ন ভিন্ন মেজাজের গান গেয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন। কখনো গাইলেন ‘ছন্দে ছন্দে’ কখনো ‘উচাটন মন ঘরে রয়’ কখনো আবার ‘নিশি রাত বাঁকা চাঁদ’। এভাবে বিচিত্র সুরের জালে দুই ঘণ্টা আটকে রাখলেন সবাইকে। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র বলেন, একসঙ্গে সব ধরনের গান পরিবেশনে অনন্যা যে পারদর্শিতা দেখিয়েছেন তা শ্রোতাদের মুগ্ধ করেছে। প্রতিটি গান সবাই খুব মনোযোগ দিয়েই শুনেছে। শিল্পীর হাতে অঙ্গনের সম্মাননা তুলে দেন শিল্পীর সংগীতগুরু বাণী কুমার চৌধুরী। আশরাফ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লিটন মিত্র, বাণী কুমার চৌধুরী ও শিল্পী অনন্যা দাশগুপ্ত। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সংগত করেন সৃজন রায়, জুয়েল দাশ, সজল সরকার, রাজীব ঘোষ।