অনন্যের বাধা পেরোনোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্য বড়ুয়া
অনন্য বড়ুয়া

সময়টা ১৯৮৫ সাল। বিটিভিতে তখন নাচ শেখার অনুষ্ঠান রুমঝুম প্রচারিত হতো সপ্তাহে একবার। আর তার নিয়মিত দর্শক ছিল আট-নয় বছরের অনন্য বড়ুয়া। দেখে দেখে সব নাচ ঠিকঠাক তুলে নিত। আর মনে মনে বুনত স্বপ্ন—একদিন মঞ্চ মাতাব। পরিপক্ব হয়ে উঠতেই বাধ সাধলেন বাবা বিমল কান্তি বড়ুয়া। তিনি ছিলেন শিক্ষক। তাই পড়াশোনার প্রতিই নজর তাঁর।
কিন্তু থেমে থাকেননি অনন্য। পড়ার ফাঁকে সবার অজান্তে ঠিকই চর্চা চালিয়ে গেছেন। এরপর খোলসটা খুললেন কলেজিয়েট স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে শিকারি নৃত্য পরিবেশন করলেন অনন্য। বেশ প্রশংসা পেলেন। ছেলের আগ্রহ দেখে এগিয়ে এলেন মা নীলিমা বড়ুয়া। ভর্তি করিয়ে দিলেন আলাউদ্দিন ললিত কলা একাডেমিতে। সেখান থেকে তিনি উচ্চাঙ্গ, লোক নৃত্য এবং সৃজনশীল নৃত্য শেখেন পাঁচ বছর। এই একাডেমি থেকে পরবর্তী সময়ে সাত সদস্যের একটি দল জাপান যাচ্ছিল ওখানে তিনি নির্বাচিত হন। এরপর বাবা বললেন, ‘ঠিক আছে তোমার যা শখ তাই করো কিন্তু আমাকে স্নাতকোত্তর পাস করে দেখাতে হবে।’
বাবার মন গলার পর আর পেছনে তাকাতে হয়নি অনন্য বড়ুয়ার। তিনি বলেন, ‘এখন একজন নতুনের জন্য যত শেখার ব্যবস্থা ও মিডিয়া আছে আমাদের সময় তা ছিল না। আর লোকজনের কটুবাক্য তো আছেই। অনেক কষ্ট করে এ জায়গায় পৌঁছাতে হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পালিতে স্নাতোকত্তর করা অনন্য বড়ুয়া ঢাকা জাগোয়ার্স থেকে বেলায়েত হোসেনের কাছে ভরত নাট্যম শেখেন পাঁচ বছর, শিবলী মহম্মদের কাছে কত্থক তিন বছর এবং চট্টগ্রাম শিল্পকলা একাডেমী থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেন। পড়াশোনা করার সময় তিনিও ছোটদের নাচ শেখাতেন এবং যা পেতেন তা দিয়ে আবার নিজে শেখার জন্য ব্যয় করতেন।
কষ্ট করলে সাফল্য মেলে—এ বিশ্বাস ছিল অনন্যের। ফল পেলেন হাতে হাতে। ১৯৯৪ সালে তিনি চট্টগ্রাম শিশু একাডেমীর নৃত্য প্রশিক্ষক এবং ১৯৯৬-এ বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। এবং ১৯৯৬ সালে প্রাপণ একাডেমী প্রতিষ্ঠা করেন। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নৃত্যপরিচালক হিসেবে যোগ দেন।
অনন্য বড়ুয়া আট বছর লোক থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি উচ্চাঙ্গ নৃত্য, লোক নৃত্য, সৃজনশীল নৃত্য, ফিউশন ও কোরিওগ্রাফি করেন। ‘আমার ইচ্ছা নাচের জন্য একটি বড় একাডেমি করব যেখানে দেশের বাইরে থেকেও শিক্ষকেরা আসবেন।’ বললেন অনন্য। নাচের এই মানুষটি এখন কাজ করছেন চট্টগ্রামের লোককাহিনি নিয়ে। তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসারে সারা জীবন কাজ করার স্বপ্ন আমার।’
অনন্য বর্তমানে শিবলী মুহম্মদ ও শামীম আরা নীপার নৃত্যাঞ্চাল ও ডাফাফের সঙ্গেও কাজ করছেন। জীবনের শেষ দিন পর্যন্তও নৃত্যের চর্চাই করে যেতে চান।