অনভিজ্ঞতাই তোমার সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেবল অস্কারজয়ী অভিনেত্রীই নন, নাটালি পোর্টম্যান একজন ‘হারভার্ড গ্র্যাজুয়েট’ও। যুক্তরাষ্ট্রের এই মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়েছেন মনোবিজ্ঞান বিষয়ে। এ বছর নিজের প্রাক্তন ক্যাম্পাসের ক্লাস ডেতে বক্তব্য রেখেছেন তিনি।
নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান

অসংখ্য ধন্যবাদ আজ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব মজার কিছু বলতে পারব না, কারণ আমি আমার বক্তব্য লিখে দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। (হাসি)
আজ আমার ঠিক তেমন লাগছে, যেমন লেগেছিল ১৯৯৯ সালে; যখন আমি প্রথম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে এসেছিলাম। আজ বুঝতে পারি আমার কিছু ভুল ছিল। এখানে থাকার মতো যথেষ্ট বুদ্ধিমতী আমি ছিলাম না। এবং প্রতিবার মুখ খুললেই আমাকে প্রমাণ করতে হতো আমি কেবল একজন নির্বোধ অভিনেত্রী নই। আজকেও সে ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে।

নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান

আমি যখন হার্ভার্ডে পড়ার সুযোগ পেলাম, তখন মাত্রই আমার অভিনীত স্টার ওয়ারস-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে। সে সময় আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, পাছে মানুষ এমনটা অনুমান করে নেয় যে আমি কেবল বিখ্যাত হতেই এখানে এসেছি, আমার মেধার প্রখরতা নেই। তবে সত্যি বলতে, তাঁরা ‘সত্য’ থেকে খুব একটা দূরে ছিল না। এখানে আসার আগে আমি কখনোই একসঙ্গে দশ পৃষ্ঠা লেখিনি। আমি আমার সহপাঠীদের শান্ত দৃষ্টি দেখে আতঙ্কিত বোধ করতাম, কারণ ওরা বলতো বিশ্ববিদ্যালয়ের কাজের চাপ নাকি হাইস্কুলের তুলনায় অনেক কম! আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সপ্তাহে এক হাজার পৃষ্ঠা পড়া আমার জন্য অকল্পনীয় এবং পঞ্চাশ পৃষ্ঠা গবেষণাপত্র লেখা আমার পক্ষে অসম্ভব!
এখন পেছনে ফিরে আমার হার্ভার্ডে কাটানো সময়গুলোর কথা বলতে গেলে হয়তো রোমাঞ্চকর মনে হবে, কিন্তু এটাও সত্যি, এখানে আমার বেশ কঠিন কিছু সময় গিয়েছে। এমনও হয়েছে, অধ্যাপকের সঙ্গে দেখা করতে গিয়ে আমি কান্নাকাটি শুরু করেছি।
চার বছর অন্য কিছু নিয়ে উদ্দীপ্ত থাকার চেষ্টা করে অবশেষে আমি যখন স্নাতক শেষ করলাম, তখন আমি আমার সিনেমা-জগতে ফিরে যেতে এবং আরও অনেক সিনেমায় অভিনয় করতে ব্যাকুল হয়ে ছিলাম। আমি গল্প বলতে চাইতাম, অন্যের জীবনে নিজেকে কল্পনা করতাম, এবং মানুষকে আমার কথা বলতে চাইতাম।
আমার বয়স যখন ১১, তখন থেকেই অভিনয় করি। কিন্তু আমি মনে করতাম এটি খুব তুচ্ছ এবং অর্থহীন একটি বিষয়। আমি এমন এক পরিবারের মেয়ে যেখানে পড়ালেখাকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমি যদি নিজের সীমাবদ্ধতা জানতাম, তাহলে কোনো দিনই ঝুঁকি নিতাম না। আর এই ঝুঁকিই কিন্তু আমাকে বিশাল ব্যক্তিগত ও পেশাগত অর্জন আনতে সাহায্য করেছে।
তোমার যে এখন নিজেকে নিয়ে খুব একটা দ্বিধা নেই, এই বিষয়টাকেই কাজে লাগাও। আমাদের যত বয়স বাড়ে আমরা তত বেশি বাস্তববাদী হই এবং এর মধ্যে আমাদের ক্ষমতা ও ক্ষমতার অভাবও অন্তর্ভুক্ত। ভয় আমাদের অনেক দিক থেকে রক্ষা করে। আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে তা-ই করার চেষ্টা করো, যা আগে কখনোই করা হয়নি।
তোমার অনভিজ্ঞতা এক দিক থেকে তোমার সম্পদ। এটি তোমাকে অন্যরকম  করে ভাবতে সাহায্য করবে। তোমার জ্ঞানের সীমাবদ্ধতাকে সহজভাবে গ্রহণ করো, এটাকেই তোমার সম্পদ মনে করো। কখনো কখনো তোমার অনভিজ্ঞতা এবং তোমার অনিরাপত্তাবোধই তোমাকে অন্যদের আকাঙ্ক্ষা, উচ্চতা ও মূল্যের দিকে পৌঁছে দেবে। তুমি তোমার অনভিজ্ঞতাকে গ্রহণ করেই নিজের পথ বেছে নিতে পারো। এমন একটা পথ বেছে নাও, যেখানে ‘কী হবে’ জাতীয় চিন্তার বোঝা নেই। যে পথ তার নিজের নিয়মে চলে।
কোনো অর্জন তখনই মধুর, যখন তুমি জানো যে এটি তুমি কেন করছ। আর যখন তুমি তোমার অর্জনের লক্ষ্যটাই জানো না, তখন সেটি তোমার জন্য ভয়ংকর ফাঁদ হতে পারে।

সংক্ষেপিত। ইংরেজি থেকে অনুবাদ: নাদিয়া মাহমুদ