অনমনীয় আন্না হাজারে
একদণ্ড ভালো নেই ভারতের শাসকজোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ। দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য ভাবমূর্তি কালিমালিপ্ত হওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জেহাদে নামা একদা অখ্যাত আন্না হাজারে সরকারের জীবন দুর্বিষহ করে তুলেছেন।আন্না হাজারে মাঠে থাকলেও সরকারের বিপদ, তাঁকে জেলে পুরলেও ঝক্কি কম নয়। মঙ্গলবার গ্রেপ্তারের পর সেদিন রাতেই সরকার শর্তসাপেক্ষে মুক্তি দিতে চাইলেও তাতে রাজি হননি আন্না। বলছেন, কোনো শর্ত মানতে রাজি নন তিনি। দুর্নীতির বিরুদ্ধে অনশনসহ সংগ্রাম চলবেই। দুর্নীতির বিরুদ্ধে মাঠ গরম করছেন আধ্যাত্মিক নেতা বাবা রামদেবও। তবে দেশে-বিদেশে বিশাল সম্পত্তি, ধর্মীয় উগ্রবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ বিভিন্ন কারণে তিনি এক বিতর্কিত চরিত্র। সে তুলনায় একেবারেই সাদামাটা মানুষ আন্না হাজারের গ্রহণযোগ্যতা অনেক বেশি। লোকপাল বিলের দাবিতে তাঁর অনশন কর্মসূচিতে দেশের মানুষ ব্যাপক সমর্থন দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের’ ডাক দেওয়া আন্নাকে তাই বলা যায় ভয়ই পায় সরকার।আন্না হাজারে বলেছেন, ‘মরে যাব, তবু দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। চলবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। লক্ষ্য, দুর্নীতিমুক্ত ভারত গড়া।’ আন্নার দাবি, ‘দুর্নীতির তদন্ত থেকে রেহাই দেওয়া চলবে না প্রধানমন্ত্রীকেও। তাঁকেও প্রয়োজনে দাঁড় করানোর ব্যবস্থা চাই নতুন লোকপাল আইনের আওতায়। কাঠগড়ায় ওঠার ব্যবস্থা করতে হবে বিচারপতিদেরও।’আন্না হাজারের জন্ম ১৯৩৭ সালের ১৫ জুন মহারাষ্ট্রের এক অখ্যাত গ্রাম রালেগাঁওসিদ্ধিতে। তাঁর প্রকৃত নাম কৃষাণবাবু রাও হাজারে। একসময় সেনাবাহিনীর গাড়িচালক ছিলেন। অবসর নিয়ে নিজের গ্রাম উন্নয়নে হাত দেওয়ার মাধ্যমে সমাজসেবায় প্রবেশ। সেই থেকে সব সময় ভাবতেন দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য। যেখানে অন্যায়, অবিচার ও অনিয়ম—সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন। একটি ইংরেজি দৈনিক পত্রিকার কথায় ভারতের প্রভাবশালী ৫০ ব্যক্তির মধ্যে নাম উঠে এসেছে তাঁর। সমাজসেবায় অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু সম্মান ও পদক। ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী ও পদ্মভূষণও পেয়েছেন তিনি। কিন্তু এখনো থাকেন একটি পর্ণকুটিরে। সর্বশেষ অনশনে যাওয়ার আগে আন্না এবার ঘোষণা দিয়েছিলেন, তাঁর এখন ব্যাংকে রয়েছে ৬৭ হাজার ১৮৩ রুপি আর হাতে নগদ রয়েছে এক হাজার ৫০০ রুপি।দুর্নীতির অভিযোগে জেরবার কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের জন্য আন্না হাজারের অনশনের মতো নিরাপদ কর্মসূচিও এখন গোদের ওপর বিষফোঁড়া। নির্বাচনের কয়েক বছর বাকি থাকলেও যেভাবে আগাম নির্বাচনের কথা হচ্ছে, তাতে কোথাকার জল কোথায় গড়ায়, সেই ভাবনায় ব্যতিব্যস্ত কংগ্রেস। সর্বশেষ গত সোমবার থেকে আন্না হাজারে লোকপাল বিল সংশোধনের দাবিতে আবার আমরণ অনশনের ডাক দেন। পুলিশ অনুরোধ জানিয়েছিল, তিনি যেন তিন দিনের বেশি অনশন পালন না করেন এবং অনশনস্থল দিল্লির জয়নারায়ণ পার্ক এলাকায় পাঁচ হাজারের বেশি কর্মী-সমর্থক জমায়েত না হন। দিল্লি পুলিশের এই শর্ত প্রত্যাখ্যান করার পরই মঙ্গলবার সকালে আন্না হাজারেকে তাঁর এক সমর্থকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে আরও গ্রেপ্তার করা হয় তাঁর সঙ্গে আন্দোলনকারী ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও পাঁচজনকে। বিশেষ হাকিম তাঁদের এক সপ্তাহের বিচার বিভাগীয় হেফাজতে দিয়ে পাঠিয়ে দেন দিল্লির কঠিন নিরাপত্তার তিহার কারাগারে।আন্না হাজারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে শুরু হয় প্রতিবাদ। জনগণের প্রতিক্রিয়া দেখে কেন্দ্রীয় সরকার তাঁকে তিন দিন পর শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়ার কথা বললেও আন্না জানিয়ে দেন, কোনো শর্তের কাছে তিনি মাথা নত করবেন না। পরিস্থিতি বুঝে মঙ্গলবার রাতেই কারাগার থেকে মুক্তির নির্দেশ দেওয়া হলেও আন্না বের হননি। অনশন চালিয়ে গেছেন সেখানে। বলেছেন, ‘আমাকে অনশন চালানোর অনুমতি দিতে হবে।’দিল্লিতে গ্রেপ্তার হওয়ার সময় গান্ধীবাদী এই নেতা বলেন, ‘আমার দেশবাসী, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এতে আমাদের আন্দোলন থেমে থাকবে না’। তিনি স্বেচ্ছায় কারাবরণের ‘জেল ভরো’ আন্দোলনেরও ডাক দেন।আন্না হাজারের দাবি, গত জুলাই মাসে মন্ত্রিসভায় গৃহীত লোকপাল বিলের সংশোধন করে আইনের আওতায় আনতে হবে প্রধানমন্ত্রী ও বিচারপতিদেরও। সরকার অন্যান্য দাবি মেনে নিলেও এটি না মানাতেই আন্না নতুন করে অনশনে নামার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অনশন শুরুর চার ঘণ্টা আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। বিরোধী দলগুলো এর তীব্র নিন্দা করেছে।এর আগে এ বছরের ৫ এপ্রিল আন্না হাজারে দিল্লির যন্তরমন্তর প্রাঙ্গণে দুর্নীতি রোধে লোকপাল বিল প্রণয়নের দাবিতে অনশন শুরু করেন। সেদিন তাঁর দাবির প্রতি সমর্থন জানায় ভারতের সব ধরনের রাজনৈতিক দল—বামদল থেকে বিজেপি। সরকার লোকপাল বিল প্রণয়নের আশ্বাস এবং এ-সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পর আন্না ৯ এপ্রিল অনশন প্রত্যাহার করেন। কিন্তু খসড়া লোকপাল বিল তৈরি হলেও তাতে আইনের আওতা থেকে বাদ রাখা হয় প্রধানমন্ত্রীকে। সেই খসড়া বিল ১৮ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হওয়ার পরই আন্না বিলে প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তির দাবিতে অনশন আন্দোলনের সিদ্ধান্ত নেন। অমর সাহা