
মানুষ হিসেবে সবারই কিছু ইতিবাচক দিক রয়েছে। আবার বিপরীত মেরুতেই রয়েছে বিভিন্ন দোষত্রুটি। নিজেরাই অনেক সময় ভুলগুলো নিয়ে সচেতন থাকি না। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার মধ্যেও কখনো কিছু চাপিয়ে দেওয়ার প্রবণতা কাজ করে কি না। আপনি হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু তারপরেও বন্ধুমহলের সাধারণ আড্ডায় আপনি সেটিই বারবার জাহির করার চেষ্টা করছেন! আর ছোট করে তুলছেন নিজ বন্ধুটিকেই।
হ্যাঁ, এ রকমটা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। কখনো সচেতন আবার কখনো অসচেতনভাবে অনেকে এমনটি করে থাকেন। যেন নিজ জ্ঞানের পরিধি প্রকাশের মধ্য দিয়েই ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার এক চেষ্টা চলে। কিন্তু এর ফলে যে অপর প্রান্তে থাকা মানুষগুলোকে খাটো করে দেখা হচ্ছে! একই সঙ্গে আপনি নিজেকেও অন্যের কাছে খাটো করে তুলছেন।
অনর্থক জ্ঞান প্রকাশ নয়
এ বিষয়ে কথা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রভাষক এবং কাউন্সিলর অ্যানি বাড়ৈর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের একেকজনের জ্ঞানের পরিধি একেক রকম। কেউ হয়তো নির্দিষ্ট একটি বিষয়ে অভিজ্ঞ, আবার আরেকজন অন্য একটি বিষয়ে। কিন্তু তার মানে এই নয় যে আপনি হুট করেই নির্ধারণ করতে পারবেন, আপনাদের দুজনের মধ্যে কে কতটা বেশি জানে।’ আবার এমনও হয়, যেকোনো একটি বিষয়ে আপনি আপনার সহকর্মীর চেয়ে অনেক বেশি পারদর্শী। কিন্তু তার মানে এই নয় যে তাঁকে অবজ্ঞা করবেন। এটা আসলে পুরোটাই নির্ভর করে ব্যক্তির আচরণ ও নম্রতার ওপর। কেননা এখানে জ্ঞান বা নিজেকে জাহির করাটাই আসল বিষয় নয়। মুখ্য হলো কতটা সম্মান করে কথা বলছেন।
পরিবর্তন আনতে হবে নিজের আচরণেই
পরিবর্তনটা আনা চাই নিজের ভেতর থেকে, নিজ মানসিকতায়। অ্যানি বাড়ৈ বেশ কিছু পরামর্শ জানান এ বিষয়ে—
* অন্যের প্রতি সমানুভূতি
সহানুভূতির চেয়েও এটি বেশি প্রয়োজন। এর সহজ অর্থ হলো অন্যের স্থানে নিজেকে বিবেচনা করা। হয়তো পড়াশোনায় পিছিয়ে থাকা সহপাঠীর সঙ্গে এমন আচরণ করছেন, কিন্তু ভেবে দেখুন, আপনাদের দুজনের পরিস্থিতি একই কি না। আপনি হয়তো যে পরিবেশে বেড়ে উঠেছেন, সহপাঠী বেড়ে উঠেছেন ভিন্ন এক পরিবারে। পড়াশোনা ছাড়াও হয়তো অন্য বিষয়েই সে আপনার চেয়েও অভিজ্ঞ।
* নিজেকেই যে অবজ্ঞা করছেন
সরাসরি না বললেও আপনার এ রকম আচরণে অনেকেই হয়তো এড়িয়ে চলছে। এমনভাবেও বলা যেতে পারে যে আপনি নিজেকেই দূরে সরিয়ে নিচ্ছেন অন্যদের থেকে। অনেক সময় আমরা সেটা বুঝতেও পারি না। তাই কথা বলার সময় বিনয়ের সঙ্গেই বলা উচিত, সে যা–ই হোক না কেন।
* সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা
শুধুই নিজেকে জাহির করা বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্যই নয়, বরং সমগ্র পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। এভাবে যে নিজের জ্ঞান জাহির করছেন, তার ফলে পরিস্থিতি এবং পারস্পরিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।
* অন্যকেও সুযোগ দেওয়া
চলার পথে সব সময়ই এগিয়ে থাকতে হবে এমন নয়। চেষ্টা করুন অন্যকে সুযোগ দেওয়ার, অপরকে বোঝার। এতে একে অপরের বোঝাপড়াটাও সহজ হয়ে ওঠে। হোক সেটা বন্ধুমহল কিংবা কর্মক্ষেত্রে।
* অন্যের থেকে শেখার মানসিকতা রাখা
কথায় বলে, শেখার কোনো বয়স নেই। তাই অন্যের যুক্তি বা মতামত গ্রহণ করা যেতেই পারে। হ্যাঁ, আপনার দ্বিমত থাকতেই পারে। কিন্তু গঠনমূলক আলোচনা করুন। সবকিছু মিলিয়ে একটি সামগ্রিক বিষয় দাঁড় করানো যেতে পারে। এতে আপনি নিজেও ভিন্ন কিছু জানতে পারবেন।
* বুঝিয়ে বলুন
যদি আপনার কথাটিই পুরোপুরি সঠিক হয়ে থাকে, তাহলে বুঝিয়ে বলুন। আপনার নিজ যুক্তি কিংবা মতামত তাঁকে সুন্দর করে বলতে পারেন। কিন্তু কখনোই কাউকে আঘাত করে নয়।