অনলাইন রেডিও যেভাবে কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ধরনের অনলাইন রেডিও প্রচলিত আছে। একটি হলো ওয়েব রেডিও, অন্যটি সরাসরি (লাইভ) অনলাইন রেডিও। ওয়েব রেডিও, যা সাশ্রয়ী ও সহজ একটি প্রযুক্তি। এর জন্য একটি ওয়েবসাইটই যথেষ্ট। আর এর পেছনে কাজ করে ওয়েব সার্ভার ও ডোমেইন—বললেন সময় মিডিয়া লিমিটেডের মহাব্যবস্থাপক (সম্প্রচার প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি) সালাউদ্দিন সেলিম। তিনি বলেন, কম খরচেই ডোমেইন নাম, হোস্টিংসহ ওয়েব সার্ভারের সুবিধা পাওয়া যায়। ওয়েব রেডিওর ক্ষেত্রে অডিও ফাইলগুলো ওয়েব সার্ভারে রাখা হয় আর একটি ওয়েব-নির্ভর প্লে-লিস্ট সফটওয়্যারের মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে একটির পর একটি চলতে থাকে। এখানে কোনো সরাসরি প্রচারের ব্যবস্থা থাকে না। এ ছাড়া অনলাইন রেডিওর ক্ষেত্রে অনেকেই এখন একটি বাড়তি সুবিধা জুড়ে দেয়, তা হলো ডেস্কটপ প্লেয়ার। ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় কম্পিউটারে এই প্লেয়ারটি থাকলে ওই রেডিওর ওয়েবসাইটে যেতে হয় না।প্লেয়ারটি সরাসরি ওয়েব সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে গান শোনায়। দুই ধরনের রেডিওর মধ্যে আরেকটি হচ্ছে লাইভ অনলাইন রেডিও। সালাউদ্দিন সেলিম জানান, এফএম রেডিও আর লাইভ অনলাইন রেডিওর মধ্যে পার্থক্য কেবল এর ট্রান্সমিশন প্রযুক্তিতে। অনলাইন রেডিওর অনুষ্ঠান সম্প্রচার করা হয় ইন্টারনেটের মাধ্যমে আর এফএম রেডিওর অনুষ্ঠান সম্প্রচারিত হয় এফএম ট্রান্সমিটারের মাধ্যমে। তবে এই দুটি পদ্ধতির সম্প্রচারকৌশল প্রায় একই রকম। একটি স্বয়ংসম্পন্ন লাইভ অনলাইন রেডিওর যন্ত্রাংশ আর প্রচলিত এফএম রেডিওর যান্ত্রাংশ প্রায় একই। লাইভ অনলাইন রেডিওর ক্ষেত্রে এফএম রেডিওর মতো যেকোনো সময় সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা যায়। তবে লাইভ অনলাইন রেডিও ওয়েব রেডিওর চেয়ে বেশ ব্যয়বহুল।একটি লাইভ অনলাইন রেডিওর জন্য প্রয়োজন হয় অডিও মিক্সার, এনকোডিং সার্ভার, স্ট্রিমিং সার্ভার, অডিও প্লে-লিস্ট হার্ডওয়্যার ও সফটওয়্যার, অডিও এডিটিং প্যানেল, শব্দ ধারণ করার যন্ত্র, স্টুডিও ইত্যাদি। অনলাইন রেডিও পরিচালনার পদ্ধতি সম্পর্কে তিনি জানান, লাইভ অনলাইন রেডিও একসঙ্গে অনেকগুলো অডিও উৎস নিয়ে কাজ করে। আর এগুলোকে সমন্বয় করে অডিও মিক্সার। সোর্স হিসেবে ব্যবহূত হয় প্লে লিস্ট পিসি, সিডি প্লেয়ার, স্টুডিও ইত্যাদি। কখন কোন প্রোগ্রামটি সম্প্রচার করা হবে, তা নির্বাচন করা হয় এই অডিও মিক্সার থেকে। অডিও মিক্সার থেকে একটি মাস্টার আউটপুট চলে যায় এনকোডার সার্ভারে। এনকোডার সার্ভার প্রথমে অডিও মিক্সার থেকে পাওয়া ভারী বিটরেট-সংবলিত অডিওটিকে সংকুচিত অনলাইনে শোনার উপযোগী একটি বিশেষ ফরম্যাটে রূপান্তর করে, তারপর এটি পাঠিয়ে দেয় স্ট্রিমিং সার্ভার বরাবর। স্ট্রিমিং সার্ভার ওই অডিও গ্রহণের মাধ্যমে এইচটিটিপি প্রোটকলে রূপান্তর করে ইন্টারনেটে সম্প্র্রচার করে। অনলাইন রেডিওর একমাত্র সম্প্রচারমাধ্যম হলো ইন্টারনেট। এ ক্ষেত্রে অনলাইন রেডিও পরিচালনার জন্য প্রয়োজন নির্দিষ্ট ব্যান্ডউইথ। তবে মাল্টিকাস্ট প্রযুক্তি ব্যবহার করলে ব্যান্ডউইথ খরচ অনেক কমানো সম্ভব। মাল্টিকাস্ট প্রযুক্তির সুবিধা হলো, এটি একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথই ইন্টারনেট রাউটারের মাধ্যমে চারদিকে ভাগ হয়ে যায়। এতে খরচও কম।