অনলাইনে আয়কর রিটার্ন
দায়িত্বশীল সব নাগরিকই প্রতিবছর তাঁর আয়কর জমা দেন। পুরুষের বার্ষিক আয় এক লাখ ৬৫ হাজার টাকা, নারীর এক লাখ ৮০ হাজার ও প্রতিবন্ধী ব্যক্তিদের বেলায় দুই লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে।আয়কর জমা দেওয়ার নিয়ম হলো আয়কর রিটার্ন জমা দেওয়া এবং হিসাব অনুসারে প্রদেয় আয়কর সরকারি কোষাগারে জমা করা।এত দিন পর্যন্ত আয়কর রিটার্ন তৈরি করা, আয়করের হিসাব কষা এবং আয়কর জমা দেওয়ার কাজে প্রায় সবাই অভিজ্ঞ ব্যক্তি বা আয়কর আইনজীবীর পরামর্শ নিতেন। চলতি বছর থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য পরীক্ষামূলকভাবে ইন্টারনেটের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্যক্তিশ্রেণীর সব করদাতার রিটার্ন তৈরি ও অনলাইনে আয়করের হিসাব কষার সুযোগ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলঢাকার একটি কর অঞ্চলের করদাতাদের জন্য পরীক্ষামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে। কর অঞ্চল-৮-এর কর সার্কেল ৮৩ থেকে ৯১-এর করদাতারা এ পদ্ধতিতে তাঁদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। কর অঞ্চল-৮-এর করদাতাদের মধ্যে অর্থাৎ, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব আইনজীবী ও আয়কর উপদেষ্টা, সব হিসাব নিরীক্ষক (অডিটর), পরামর্শক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্থপতি, ইংরেজি বর্ণ ‘বি’ দিয়ে শুরু যেসব কোম্পানির নামের দ্বিতীয় শব্দ ইংরেজি ‘এফ’ থেকে ‘ও’ পর্যন্ত এবং ‘পি’ থেকে ‘জেড’ পর্যন্ত তাদের পরিচালক, সব সরকারি ও বেসরকারি চিকিৎসক, যাঁদের নামের আদ্যক্ষর ইংরেজি ‘এম’ থেকে ‘জেড’ পর্যন্ত, ৭২ নম্বর ওয়ার্ডের বনানী, গুলশান ও কড়াইলের অধিবাসীদের মধ্যে আগ্রহী করদাতারা এ পদ্ধতিতে তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের একটি গোপন ব্যক্তিগত পরিচিতি নম্বর (পিআইএন—পিন) সংগ্রহ করতে হবে। কর অঞ্চল-৮-এর ৭৪ বিজয়নগরের কার্যালয়ে নিজ নিজ কর সার্কেল অফিস থেকে করদাতাকে স্বয়ং দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি ও নিজের করদাতা শনাক্তকরণ নম্বরসহ (টিআইএন—টিন) হাজির হতে হবে। যেহেতু পিন একটি গোপনীয় সংখ্যা, সে জন্য এটি কেবল করদাতাকেই দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয় না। পিন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কেবল একবার তৈরি করা হয়। এ সময় নিজের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা কর অফিসে জমা দিতে হবে। সে ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই ই-মেইল ঠিকানায় রিটার্ন জমা দেওয়ার রসিদ পাওয়া যাবে। যাঁদের ই-মেইল ঠিকানা নেই, তাঁদের রিটার্ন জমা দেওয়ার পর আবার কর অফিস থেকে রসিদ সংগ্রহ করতে হবে।পিন নম্বর সংগ্রহ করার পর করদাতা নিজেই নিজের রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন। এ জন্য রিটার্ন তৈরি করার যাবতীয় কাগজপত্র, যেমন-বেতন বিবরণী, উৎসে কর্তিত আয়করের হিসাব, ব্যাংকের বিবরণী, বিনিয়োগ ও জীবন বিমা পলিসির হিসাবের বিবরণী, সাংসারিক হিসাব ইত্যাদি নিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ুন।রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাকে কর অঞ্চল-৮-এর ওয়েবসাইটে (http://www.taxzone-8.org) ঢুকতে হবে। এই ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় ধাপে ধাপে রিটার্ন পূরণ করার একটি নির্দেশিকা রয়েছে। How To File Online Return লেখার ওপর ক্লিক করলে আপনি সেই নির্দেশিকা দেখতে পারবেন।ওয়েবসাইটের বাম দিকে টিন ও পিন দেওয়ার জায়গা রয়েছে। সেখানে নম্বরগুলো লিখেলগ-ইন বোতামে ক্লিক করলে রিটার্ন পাতায় চলে যাবেন। এ পাতায় আপনার নাম দেখতে পাবেন। এ সময় বাম দিকে রিটার্নের প্রতিটি পাতার জন্য একটি করে লিংক দেখা যাবে। যেকোনো লিংকে ক্লিক করে উদ্দিষ্ট পাতায় যাওয়া যাবে, অথবা Next-এ ক্লিক করে পরের পাতায় যাওয়া যাবে।এই প্রযুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্য হলো, এখানে একবারে না করে ধাপে ধাপে রিটার্ন প্রস্তুত করার সুযোগ রয়েছে। প্রতিটি পর্যায়ে যতটুকু কাজ হয়েছে, ততটুকু ‘Save the Draft’ বোতামে ক্লিক করে সংরক্ষণ করা যায়। বর্তমানের আয়কর রিটার্নে সাতটি পাতা আছে। এ কারণে এ ওয়েবসাইটেও সাতটি পাতায় কাজ করতে হবে। রিটার্নের সব তথ্য পূরণ করার পর এর সঙ্গে যেসব দলিল আপনি সংযোজন করতে চান, সেগুলোর স্ক্যান করা কপি রিটার্নের সঙ্গে অনলাইনেই জমা দিতে পারেন। এসব দলিল *.pdf, *.doc, *.xls, *.jpg, *.bmp, *.tif, *.png ফরম্যাটে সংযুক্ত করা যাবে। এ জন্য রিটার্নের পরবর্তী পাতায় গিয়ে আপনার কম্পিউটারে রক্ষিত ফাইলটি নির্বাচন করে ‘Add’ করা যাবে।সব তথ্য যথাযথভাবে পূরণ করার পর ‘Submit’ বোতামে ক্লিক করে আপনার রিটার্ন জমা দিতে পারবেন। এ সময় প্রোগ্রাম আপনার কাছে একটি নিশ্চয়তা চাইবে। আপনি নিশ্চিত হলে ‘Yes’ বোতামে ক্লিক করে আপনার রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন গ্রহণের একটি রসিদ কর দপ্তর থেকে আপনার ই-মেইলে পাঠানো হবে। যাঁদের ই-মেইল নেই, তাঁদের কর সার্কেল থেকে এই রসিদ সংগ্রহ করতে হবে।মনে রাখবেন, একবার অনলাইনে জমা দেওয়ার পর পুনরায় আর এই বছরের রিটার্ন সংশোধন করা সম্ভব হবে না। কাজেই সব তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে রিটার্ন জমা দিন। যেহেতু এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি, সে জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে রিটার্নের একটি মুদ্রিত কপি বের করে তার যথাস্থানে স্বাক্ষর করে সংশ্লিষ্ট সার্কেলে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।প্রোগ্রামের মাধ্যমে আপনার প্রদেয় করের যে হিসাব পাবেন, তা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে তার রসিদ সংশ্লিষ্ট কর অফিসে জমা দিলে আপনাকে রসিদ সরবরাহ করা হবে। এ ছাড়া রিটার্ন দাখিল করার সময় কোনো সমস্যা হলে তা সংশ্লিষ্ট কর সার্কেলে ফোন করে বা [email protected] ঠিকানায় ই-মেইল করে জানানো যাবে।অনলাইনে আয়করের হিসাব ও রিটার্ন প্রস্তুতকরণপরীক্ষামূলক কার্যক্রমের আওতাবহির্ভূত অন্যান্য করদাতার রিটার্ন প্রস্তুত করা ও আয়করের হিসাব করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে একটি অনলাইন কর গণক (অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর) চালু করা হয়েছে। এ জন্য একটি ওয়েবসাইটও (www.nbrtaxcalculatorbd.org) চালু করা হয়েছে। এই সাইটে রিটার্ন প্রস্তুত বা আয়করের হিসাব কষা যাবে।অনলাইনে রিটার্ন দাখিলের মতো এই সাইটেও একবারে হিসাব কষা যায়, অথবা নিজেকে নিবন্ধিত করে ধাপে ধাপে হিসাবের কাজটি সম্পন্ন করা যায়। সাইটে নিজেকে নিবন্ধিত করার জন্য সাইটের বাম কলামে ‘Log-in’ বক্সের নিচে New User? Please Register অংশে ক্লিক করলে নিবন্ধনের জন্য একটি ফরম পাওয়া যাবে। সেখানে নিজের নাম ও ই-মেইল ঠিকানা লিখে ‘Registar’ বোতামে ক্লিক করলেই নিবন্ধিত হওয়া যাবে। তখন কর বিভাগের সার্ভার থেকে আপনার ই-মেইল ঠিকানায় গোপন পাসওয়ার্ড পাঠানো হবে, যাতে সাইটটিতে আপনি ঢুকতে পারেন। আপনার ই-মেইল ও এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তী সময়ে এই সাইটে আয়করের হিসাব করতে পারবেন।এই সাইটের মূল ব্যানারের নিচে আয়কর হিসাব (INCOME TAX CALCULATOR) এবং রিটার্ন প্রস্তুত (INCOME TAX RETURN PREPARATION) করার দুটি বোতাম রয়েছে। যাঁরা এই সাইটের মাধ্যমে নিজের রিটার্ন প্রস্তুত করতে চান, তাঁরা রিটার্ন প্রস্তুত বাটন এবং যাঁরা কেবল আয়করের হিসাব করতে চান, তাঁরা আয়কর হিসাবের বাটনটি ব্যবহার করতে পারেন।এখানে যে কটি ফরম রয়েছে, এর সব কটি রিটার্নের অংশ। বেতনাদিসহ আয়ের বিবরণী এবং কর্তিত আয়করের হিসাব ছকের নির্দিষ্ট স্থানে পূরণ করলে সেটি আপনার আয়করের হিসাব করে দেবে। যেসব ক্ষেত্রে বিস্তারিত বিবরণীর প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে প্রথম ফরমের নির্দিষ্ট সারির শেষে Details লেখা একটি বোতাম রয়েছে। সেখানে ক্লিক করে বিস্তারিত বিবরণ পূরণের ছক পাওয়া যায়।যাঁরা রিটার্ন প্রস্তুত করতে চান, তাঁরা ধাপে ধাপে রিটার্নের সাতটি পৃষ্ঠা পূরণের সুযোগ পাবেন। ধাপে ধাপে সব ফরম পূরণ করে হিসাবসহ পূরণ করা ফরমের মুদ্রিত কপি নেওয়া সম্ভব।এভাবে আপনার আয়করের হিসাব করে আয়কর রিটার্ন আপনি এই সাইটে তৈরি করতে পারবেন। এ ছাড়া প্রদেয় আয়করের হিসাব পাওয়ার পর তা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে পারবেন। এরপর আপনার দলিলাদি ও চালানের কপিসহ রিটার্ন সংশ্লিষ্ট সার্কেলে জমা দিতে পারবেন।রিটার্ন ফরম ও অন্যান্য তথ্যযাঁরা অনলাইনে আয়কর হিসাব বা রিটার্ন দাখিল করতে চান না, তাঁরা ইন্টারনেট থেকে রিটার্ন ফরম মুদ্রণ করে নিতে পারেন। এরপর হাতে লিখে ফরমটি জমা দিতে পারেন। ফরম সংগ্রহ করার জন্য আপনাকে কর অফিসে যেতে হবে না। ওপরে উল্লিখিত দুটি ওয়েবসাইটেই ফরমের লিংক রয়েছে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের (www.nbr-bd.org) আয়কর অংশে রিটার্ন ফরম, চলতি বছরের আয়করের হার, রিটার্ন পূরণ করার নির্দেশিকা, সংশ্লিষ্ট এসআরও এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য, পরিপত্র রয়েছে, যা ডাউনলোড করে নেওয়া যায়।বাংলা হলে ভালো হতোঅনলাইনে আয়কর ফরম ও আয়কর হিসাবের দুটি ওয়েবসাইটই ইংরেজি ভাষায় করা হয়েছে। এমনকি অনলাইন ফরম পূরণের যে নির্দেশিকা কর অঞ্চল-৮-এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটিও ইংরেজিতে। যদিও আয়কর রিটার্ন ফরম বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যায়। ভবিষ্যতে এই দুটি সাইট যদি বাংলায় রূপান্তর করা না হয়, সে ক্ষেত্রে ‘ডিজিটাইজেশন মানে ইংরেজি’ এ রকম একটি ধারণা সাধারণের মধ্যে প্রচলিত হতে পারে, যা প্রকারান্তরে ডিজিটাল বৈষম্য বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে আয়কর রিটার্ন দাখিলের এই প্রযুক্তিগত ব্যবস্থা মানুষের দুর্ভোগ কমাবে আর আয়কর দিতে উৎসাহিত করবে, এ কথা বলা যায়।