অনলাইনে আয়ের বিষয়টি ভুয়া নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও স্টুডিওতে প্রথম আলোর জবসের ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর এসেছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ভাইস প্রেসিডেন্ট এবং আপলোড ইউর সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান। অনুষ্ঠানে শ্রোতাবন্ধু হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ও এইউএসটির শিক্ষার্থী তানভীর ও এহসান। আলোচনার বিষয় ছিল: অনলাইনে আয়ের সুযোগ।কথাবন্ধু: ইন্টারনেটে অনলাইনে কীভাবে আয় করা সম্ভব?ফারহানা এ রহমান: বাইরের দেশের কাজগুলো—সফটওয়্যার তৈরি বা তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) যাই বলি, সেগুলো ইন্টারনেটের মাধ্যমে চলে আসে আমাদের দেশে। এখানকার কোম্পানিগুলো সেসব কাজ করে আবার ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দেয়। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং কিছু ওয়েবসাইট আছে। যে সাইটগুলোতে বাসায় বসেও নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন যে কেউ। এসব সাইটে কাজের জন্য বিড করতে হয়। বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিং কাজ করার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। কথাবন্ধু: কেউ যদি এটা করতে চান, কীভাবে করবেন?ফারহানা এ রহমান: এ ধরনের অনেক ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। যে ধরনের কাজ করতে চান, সেই কাজগুলোতে বিড করতে হয়। কাজ কীভাবে, কত সময়ে এবং কত টাকার মধ্যে করবেন—এসব ঠিক করে বিড জমা দিতে হয়। যদি কাজটি তিনি পান, তবে সাইটের মাধ্যমেই কাজটা তাঁকে দেওয়া হয়। কাজটা করে ওই সাইটের মাধ্যমেই জমা দিতে হয়। কাজের পারিশ্রমিকটা (পেমেন্ট) ওই সাইট থেকে আসে। এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়। সফটওয়্যার তৈরি, গ্রাফিকস বা ব্যক্তিগত সচিবের কাজগুলো আমাদের দেশের মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) দেওয়া হয়। কথাবন্ধু: দিনে কতটা সময় কাজ করলে ভালো আয় করা সম্ভব?ফারহানা এ রহমান: কী ধরনের কাজ, এর ওপর সময়টা নির্ভর করে। যদি ওয়েবসাইট তৈরির কাজ হয়, সেটির জন্য তাদের যে চাহিদা সে অনুযায়ীই সাইটটি তৈরির সময় নির্ভর করবে। আবার ধরুন, ডেটা এন্ট্রি। এর জন্য আট থেকে ১০ ঘণ্টা কাজ করতে হতে পারে। অনেকেই আছেন রাতে তিন-চার ঘণ্টা কাজ করেন। কথাবন্ধু: এই কাজের জন্য কম্পিউটার শিক্ষাটা কতটুকু প্রয়োজন?ফারহানা এ রহমান: তথ্যপ্রযুক্তি অনেক বড় একটা জায়গা। নানা ধরনের কাজ এখানে হচ্ছে। যেমন, একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে হলে শুধু এমএস ওয়ার্ড জানলেই চলে। আবার কাউকে সফটওয়্যার তৈরি করতে হলে তাকে অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে। ওই ধরনের প্রোগ্রামিংই জানতে হবে, যে ধরনের কাজ তিনি করবেন। প্রোগ্রামিংয়ের ভেতরও বিভিন্ন ভাগ আছে। দক্ষতার ওপর নির্ভর করবে, কী ধরনের কাজ করবেন। সব ধরনের কম্পিউটারবিষয়ক শিক্ষার কাজই পাওয়া যাবে। শ্রোতাবন্ধু: যাঁরা দক্ষ, কিন্তু অনলাইনে উপার্জনের বিষয়টি জানেন না, তাঁদের কীভাবে আগ্রহী করে তোলা যায়?ফারহানা এ রহমান: বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো অবস্থানে আছে। আরও বেশি আগ্রহী করে তুলতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। কথাবন্ধু: সফটওয়্যার তৈরিতে বাংলাদেশের অগ্রগতি কতটুকু?ফারহানা এ রহমান: বাংলাদেশে এ মুহূর্তে বেসিসের সদস্যপ্রতিষ্ঠানের সংখ্যা সাড়ে ৩০০। এ সংখ্যাই বলে দেয় বাংলাদেশে বেশ ভালো সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান আছে। বেসিসের বাইরেও অনেক কোম্পানি আছে। কিছুদিন আগে পাটের যে জন্মবৃত্তান্ত আমরা বের করেছি, সেখানেও কিন্তু সফটওয়্যার-প্রতিষ্ঠান জড়িত ছিল। তারা অনেক ভালো কাজ করেছে। কথাবন্ধু: সাধারণ শিক্ষার যোগ্যতা কতটুকু থাকা উচিত?ফারহানা এ রহমান: কমপক্ষে উচ্চমাধ্যমিক তো থাকতেই হবে। বাইরের কোনো কাজ করলে ভাষাগত শিক্ষাটা খুবই জরুরি।কথাবন্ধু: অনেকে মনে করেন, ইন্টারনেটে আয়ের বিষয়গুলো ভুয়া হতে পারে।ফারহানা এ রহমান: আপনি যদি ই-মেইল করে কোনো কাজ পান এবং কাজ করেও দেন, সে ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই আপনার পেমেন্ট পাওয়ার। তবে আপনি যদি ওডেক্সের মাধ্যমে কাজ করেন, তাহলে কিন্তু কোনো ঝুঁকি নেই। তো এ ক্ষেত্রে অনেকের ধারণা নেই বলে তাঁরা ভুয়া বলে মন্তব্য করেন। আসলে কিন্তু তা নয়। অনলাইনে যে কেউ ভালো উপার্জন করতে পারেন। এখানে কাজ করার অঢেল সুযোগ রয়েছে। অনলাইনে আয়ের বিষয়টি ভুয়া নয়।কথাবন্ধু: এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আছে?ফারহানা এ রহমান: এখানে অনেক ধরনের বিষয় বলে প্রশিক্ষণও দেন অনেকে। বেসিস নিয়মিত কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে। এটা একটা নির্ভরযোগ্য উৎস বলে আমি মনে করি। অনুলিখন: সাইফ উদ্দিন