
প্রতিনিয়তই উন্নত হচ্ছে প্রযুক্তি। আজ হয়তো অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপনাকে মুগ্ধ করছে, কালই এর চেয়েও অত্যাধুনিক কোনো সফটওয়্যার বাজারে এনে আপনার ভ্রু জোড়া কপালে তুলে দেবে উইন্ডোজ। প্রতিযোগিতার বাজারে ‘আপগ্রেড’ হয় প্রযুক্তি, ‘আপগ্রেড’ হন তরুণেরাও। সে সুবাদেই অনলাইনে চলছে কেনাবেচার ধুম—নিত্যনতুন মুঠোফোন, ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ। কখনো তরুণদের শখ, কখনো প্রয়োজন। সেলবাজার, বিক্রয় ডট কম, ওএলএক্স ডট কমের মতো কেনাবেচার ওয়েবসাইটে তাই নিয়মিতই চোখ রাখেন তাঁরা।
বাজারে নতুন আসা কোনো মুঠোফোন আজ হয়তো কারও নজর কেড়েছে। হুট করে কিনে ফেলার মতো টাকা হাতে নেই। সে ক্ষেত্রে পুরোনো মুঠোফোন বিক্রি করে দিয়ে হতে পারে নতুন কেনার বন্দোবস্ত। ক্রয়-বিক্রয় দুটোই সহজ। অনলাইনে হাতের নাগালেই পাওয়া যায় ক্রেতা-বিক্রেতাকে। কদিন আগেই পুরোনো ডিএসএলআর ক্যামেরাটা অনলাইনে বিক্রি করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুফ হোসেন। বিজ্ঞপ্তি দেওয়ার পরপরই প্রচুর কল আসতে শুরু করেছিল। দামদর নিয়ে বনিবনা শেষে অবশেষে ক্যামেরা বিক্রি করেছেন আরেক বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ইফতেখারুল আলমের কাছে। ফেসবুকে দেখা গেল ক্রেতা-বিক্রেতা দুজনের হাসিমুখের ছবি। দেখলাম মজার একটা ক্যাপশন। ছবি আপলোড করে ইফতেখারুল ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ক্যামেরায় তোলা প্রথম ছবি।’ নিচেই মারুফ হোসেনের মন্তব্য, ‘আমার পুরোনো ক্যামেরায় তোলা শেষ ছবি!’ হেসে মারুফ বলছিলেন, ‘কেনাবেচা করতে গিয়েই ইফতেখার ভাইয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমার ক্যামেরাটা তাঁর ক্যামেরার চেয়ে ভালো ছিল, কিন্তু তিনি আমার চেয়ে ভালো ছবি তোলেন। এখন মাঝে মাঝে অনলাইনে আলোকচিত্র নিয়ে দুজনের ভালোই আড্ডা হয়। পুরোনো ক্যামেরাটার জন্য মন খারাপ হয় ঠিক, কিন্তু কয়েক দিনের মধ্যেই আমি নতুন ক্যামেরা কিনব।’
মারুফ-ইফতেখারুলের মতো বন্ধুত্বপূর্ণ কেনাবেচার অভিজ্ঞতা অবশ্য সবার ক্ষেত্রে ঘটে না। ইদানীংকালের কিছু অনভিপ্রেত ঘটনা ভয় ধরিয়ে দিয়েছে তরুণদের মনে। কখনো কখনো অনলাইনে কেনাবেচা করতে গিয়ে ছিনতাইকারীদের পাতা ফাঁদে পড়তে হয়। ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইটগুলোও অবশ্য এ ব্যাপারে সতর্ক হয়ে উঠছে। বিক্রয় ডট কম লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বললেন, ‘কেউ হয়তো ভাবতে পারে, আমাদের সাইটে কোনো বিজ্ঞাপন দিলেই আপলোড হয়ে যায়। ব্যাপারটা আসলে তা নয়। বিজ্ঞাপন যাচাই-বাছাই করতে আমাদের একটা দল সর্বক্ষণ কাজ করছে। সন্দেহজনক মনে হলে বিজ্ঞাপন আপলোড করা হয় না।’ তবু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন তিনি। জানালেন, টাকার লেনদেনটা হওয়া উচিত জনবহুল কোনো জায়গায়। এ ছাড়া পুরো লেনদেনটাই নগদ হতে হবে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যেমন টাকা বাকি রাখা যাবে না, তেমনি কেনার সময়ও পণ্য হাতে পাওয়ার আগেই আগাম টাকা দেওয়া বোকামি। বিক্রীত পণ্যে কোনো ত্রুটি থাকলে সে ব্যাপারে আগে থেকেই সরাসরি আলাপ করে নেওয়া ভালো। যেন ক্রেতা-বিক্রেতা দুজনই সন্তুষ্ট থাকেন।
জানা গেল, তরুণদের মধ্যে মোবাইল কেনাবেচার ঝোঁকটাই সবচেয়ে বেশি। ক্যামেরা, কম্পিউটারের যন্ত্রাংশ, ল্যাপটপ, সাইকেল, বাইক—এসবের বিকিকিনিও চলছে পুরোদমে।