অনলাইনে কিচিরমিচির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাস্থ্যনীতি-বিষয়ক বিলের যখন অনুমোদন করলেন, তখন তিনি সেটা নিজেই জানিয়ে দিলেন সবাইকে। জানান দেওয়ার এ কাজটা ওবামা করেছিলেন ইন্টারনেটে টুইটার নামের একটি ওয়েবসাইটে ছোট বার্তা লিখে। আবার সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দেওয়া সলিসিটার জেনারেল এলেনা কাগানের কথাও তিনি জানিয়ে দেন টুইটারে, গণমাধ্যমে এ খবর প্রকাশের আগেই। বিল গেটস কী করছেন এখন তাও জানা যাচ্ছে টুইটারের মাধ্যমে। এক বার্তায় মাঠপর্যায়ে পোলিও কার্যক্রমের অগ্রগতি দেখা এবং সেখানকার ছবিগুলো টুইটারে শিগগিরই ছাড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ভার্চুয়াল জগতে এভাবেই সবার তাৎক্ষণিক খবর জানাচ্ছে টুইটার। শুধু রাজা-উজিরদের মতো ব্যক্তিরা নন, আমার-আপনার মতো আমজনতাও টুইটারে তাদের তাৎক্ষণিক অবস্থা, অনুভূতি বা কোনো মতামত জানাতে পারে। বর্তমানে সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) সাইটগুলোর মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে টুইটার (www.twitter.com)। মাত্র ১৪০ শব্দের মধ্যে নিজের কথা লিখে এ সাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজটা অনেকেই করছেন প্রতিনিয়তই।বড় বড় ঘটনার খবরগুলো টুইটারে ছোট ছোট ব্লগের মাধ্যমে সবাই জানতে পারছে। তাই একে মাইক্রোব্লগিং সাইটও বলা হচ্ছে। টুইটারে স্ট্যাটাসের (নিজের অবস্থা বা নিজের মত) মাধ্যমে সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করা যাচ্ছে। এর ফলে একজন একই সঙ্গে অনেকের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারছেন। আমাদের দেশেও টুইটার ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের অফিস কার্যক্রমেও টুইটার নিয়মিত ব্যবহূত হচ্ছে। একটি স্ট্যাটাসের মাধ্যমে অফিসের সব কর্মীকে নানা ধরনের দিকনির্দেশনা দেওয়া যাচ্ছে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা সেবার কথাও প্রচার করে টুইটারের মাধ্যমে।টুইটারের কথাটুইটার শব্দের অর্থ কিচিরমিচির। অভিধানে পাখির কিচিরমিচিরই উল্লেখ করা হয়েছে।আর ইন্টারনেটে এ সাইটটির অবস্থাও তেমন। সবাই যার যার মতো লিখে লিখে কিচিরমিচির করছে আর সেসব থেকে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে নানা কিসিমের খবর।সংজ্ঞায়িত করতে গেলে, টুইটার সামাজিক যোগাযোগের একটি সাইট, যার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বন্ধু বা অন্য কাউকে নিজের দৈনন্দিন কথাবার্তা জানানো যায়। আবার তাঁদের কথাও জানা যায়। বার্তার শব্দসংখ্যা সর্বোচ্চ ১৪০। এতে বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে খুদে ব্লগের (মাইক্রোব্লগিং) দুনিয়ায় ঢোকা যায় সহজেই। এতে যাঁরা ফলো বা অনুসরণ করবেন, তাঁরা তাঁদের পৃষ্ঠায় আপনার হাল খবর দেখতে পাবেন। একই ভাবে আপনি চাইলে কাউকে অনুসরণ করে তাঁর খবরও আপনার পাতায় দেখতে পাবেন। টুইটারে বিনা মূল্যে নিবন্ধনের জন্য সাইন-আপ করতে হয় প্রথমে। এরপর নাম, ই-মেইল ঠিকানা আর সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) দিলেই হলো। নিজের জিমেইল, ইয়াহু বা এমএসএনের ই-মেইল ঠিকানা থাকলেই হলো। নাম, কিওয়ার্ড ই-মেইল ঠিকানা দিয়ে বন্ধু খোঁজা যায়। টুইটার দুনিয়াটুইটারে রয়েছে প্রোফাইল ও হোম। প্রোফাইলের তথ্য আপনার অনুসারীরা দেখতে পাবেন। তবে হোম হচ্ছে আপনার নিজের ভুবন, যা একমাত্র আপনিই দেখতে পাবেন। টুইটারে সবাই অনুসারী (ফলোয়ার)। ফলোইং এবং ফলোয়ার নামের দুটো দল রয়েছে। যাঁদের আপনি অনুসরণ করছেন, তাঁদের যেকোনো স্ট্যাটাস আপনার হোমে চলে আসবে। আবার আপনাকে যাঁরা অনুসরণ করছেন, তাঁদের কাছে চলে যাবে আপনার হাল খবর। এ ছাড়া আপনার সব আপডেট আপনার প্রোফাইল পাতায়ও দেখা যাবে। স্ট্যাটাস লিখে আপডেট বাটনে ক্লিক করলেই নতুন স্ট্যাটাস যুক্ত হয়ে যাবে। এই স্ট্যাটাস আপনার প্রোফাইল পাতায় বড় করে দেখাবে এবং আপনার অনুসরণকারীদের হোম পেইজেও পোস্ট হয়ে যাবে। ফেসবুকে যেমন স্ট্যাটাসের জবাবগুলো (রিপ্লাই) কমেন্ট আকারে জমতে থাকে, টুইটারে সেভাবে নয়। প্রতিটি স্ট্যাটাসের সঙ্গে রয়েছে রিপ্লাই এবং রিটুইট বলে দুটো অপশন। রিপ্লাইয়ে ক্লিক করলে আপনার হোমের স্ট্যাটাস আপডেট করার বক্সে তার নাম চলে আসবে। অন্য কারও স্ট্যাটাস যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি রিটুইটের মাধ্যমে তাঁর স্ট্যাটাস নিজের স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। স্ট্যাটাসের পাশে উল্লেখ থাকবে কার স্ট্যাটাসকে আপনি রিটুইট করলেন। কোনো স্ট্যাটাসের জবাব না দিয়ে যদি শুধু ধন্যবাদ বলতে চান, তাহলে আপনার স্ট্যাটাস আপডেট বক্সে তাঁর নাম এবং আগে @ দিয়ে কিছু লিখলে সেটা তাঁর কাছে চলে যাবে।অনেক স্ট্যাটাসের মাধ্যমে আপনার পছন্দের স্ট্যাটাসগুলো প্রিয় তালিকায় রাখারও সুযোগ রয়েছে। এ জন্য স্ট্যাটাস বা রিপ্লাইয়ের পাশে যে স্টার রয়েছে, তাতে ক্লিক করলেই হলুদ হয়ে যাবে; যা প্রিয় তালিকায় যুক্ত হয়ে যাবে। রয়েছে শুধু যাঁদের স্ট্যাটাস দেখতে চান, তাঁদের তালিকা তৈরির সুবিধাও। সমসাময়িক আলোচনার বিষয় জানতে মূল পাতার ডান পাশে ট্রেন্ডিং খুঁজলে পাওয়া যাবে জনপ্রিয় ও আলোচিত বিষয়গুলোর খবর। অন্যান্য আয়োজনটুইটারে তাৎক্ষণিক বার্তা দেওয়ার ক্ষেত্রে বার্তার সঙ্গে রয়েছে ছবি, ওয়েব ঠিকানা (লিংক), ভিডিওসহ নানা বিষয় যোগ করার সুবিধা। ছোট আকারের একটি লেখার সঙ্গে ইচ্ছে করলে নিজের একটি ছবি কিংবা কোনো ওয়েবা সাইটের লিংক ছোট আকারে দেওয়া যায়। টুইটারে তৃতীয় পক্ষের কিছু প্রোগ্রামের মাধ্যমে এ কাজটি করা যায়। ছবির জন্য জনপ্রিয় এমন দুটি প্রোগ্রামের ওয়েব ঠিকানা হচ্ছে টুইটপিক (www.twitpic.com) ও টুইট ফটো (www.tweetphoto.com)। এ ধরনের তৃতীয় পক্ষের প্রোগ্রাম সুবিধাগুলো নিজের পৃষ্ঠার ওপরে ডান দিকে অনেকটা অভিধানের মতো করে নাম আসতে থাকে। সেখান থেকে ক্লিক করে প্রোগ্রামটি ব্যবহার করা যায়। এর প্রোগ্রামগুলোয় টুইটারে ব্যবহূত ঠিকানা দিয়েই নিবন্ধনের মাধ্যমে এ কাজটি করা যায়। ইন্টারনেটে সুবিধাসংবলিত বিভিন্ন মোবাইল ফোনেও রয়েছে বিশেষ প্রোগ্রাম, যার মাধ্যমে ছবি, লিংক, ভিডিও শেয়ার করার সুবিধা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তৃতীয় পক্ষের প্রোগ্রামের মাধ্যমে মুঠোবার্তার মাধ্যমেও টুইটার স্ট্যাটাস আপডেট করা যায়। মানে শুধু একটি নম্বরে সাধারণ এসএমএসের মতো করে বার্তা পাঠালে সেটা টুইটারে যোগ হয়ে যাবে।আমাদের দেশে তা এখনো চালু হয়নি।টুইটার ব্যবহারকারীরাআজ কোন ছবির কাজ করবেন আর চলতে থাকা শুটিংয়ের মজার ঘটনা নিয়ে নিয়মিত টুইটারে বার্তা জানান বলিউড তারকা শাহরুখ খান। নিয়মিতই নিজেদের খবরাখবর হালনাগাদ করেন হূতিক রোশন, ইমরান খান, বিবেক ওবেরয়, লারা দত্ত, করন জোহরসহ অনেকেই। শুধুই কী তারকা? ইচ্ছে করলে আপনি অনুসরণকারী হয়ে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ, সংগীতের জাদুকর এ আর রহমানসহ বিশ্বের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিভিন্ন আপডেটও জানতে পারবেন টুইটারের কল্যাণে। থেমে নেই খেলোয়াড়েরাও। সম্প্রতি ক্রিকেটার শচীন টেন্ডুলকার টুইটারে এসেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এসব ছাড়াও জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, গুগল, সংবাদ সংস্থা বিবিসি, সিএনএন, মুক্ত সফটওয়্যার লিনাক্স, ফায়ারফক্স সব কিছুই পাওয়া যাবে। প্রথম আলো, ডেইলি স্টার-এর সর্বশেষ খবরও টুইটারের মাধ্যমে জানা যায়। জনপ্রিয় বা খ্যাতিমান ব্যক্তিদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করতে টুইটারে অনুমোদিত একটি টিক চিহ্ন (নীল রঙের) থাকে।এই চিহ্ন দেখেনিশ্চিত হওয়া যায়, যাঁকে ফলো করছেন তিনিই আসল ব্যক্তি। ছড়িয়ে দিন নিজেকেনিজের তাৎক্ষণিক কথাটুকু জানাতে টুইটারের মাধ্যমে নিজেকে ছড়িয়ে দিতে পারবেন। তবে স্ট্যাটাস ছাড়াও যাঁরা নিয়মিত ব্লগ লেখেন, তাঁরা টুইটার কোড নিজের সাইটে দিয়ে আপডেট দেখতে পারবেন। এ ছাড়া ফেসবুক, মাইস্পেস ইত্যাদি সাইটেও রয়েছে টুইটার প্রোগ্রাম। টুইটারে দুই হাজার জনকে কোনো সমস্যা ছাড়াই ফলো করা যায়। এর বেশি অনুসরণ করতে হলে ন্যূনতম এক হাজার ৮৫০ জন ফলোয়ার করতে হবে। নিয়মিত টুইট প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় প্রোগ্রাম ব্যবহার করা যায়। এমন একটি প্রোগ্রাম হচ্ছে টুইটারবট (www.thetwitterbot.com)। এর মাধ্যমে সর্বোচ্চ ১০টি টুইট সংরক্ষণ করে রাখা যায়, স্বয়ংক্রিয়ভাবে প্রতি তিন ঘণ্টা পর স্ট্যাটাস প্রকাশ হতে থাকবে। টুইটারের কথাজ্যাক ডোরসে, ইভান উইলিয়ামস ও বিজ স্টোনের হাত ধরে ২০০৬ সালে যাত্রা শুরু হয় টুইটারের। বর্তমানে জনপ্রিয় ছোট বার্তার এ ওয়েবসাইটের ব্যবহারকারী প্রায় ১০ কোটি। মুঠোবার্তাভিত্তিক একটি প্রকল্পের কাজের মাধ্যমে টুইটারের জন্ম। শুরু থেকেই ছোট বার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ নানা বিষয় জানানো এ সুবিধা নিতে থাকে ব্যবহারকারীরা। ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমানে মাইক্রোব্লগিংয়ের জন্যও প্রায় ৭০ হাজার প্রোগ্রাম তৈরি হয়েছে। অ্যালেক্সার হিসাব অনুযায়ী টুইটারের বর্তমান অবস্থান ১২তম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টুইটারের প্রধান কার্যালয়। ইংরেজি ছাড়াও স্প্যানিশ, জার্মান, জাপানি, ফরাসি ও ইতালিয় ভাষায় টুইটার ব্যবহার করা যায়।