কম্পিউটারে গেমস খেলে যে বিশাল মাপের তারকা হওয়া যায়, সেটা এখন আর কল্পনা নয়। কারণ, দেশে শুরু হয়েছে বিশ্বখ্যাত বানান অর্থাৎ স্পেলিং প্রতিযোগিতা ‘স্পেলিং বি’। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এর আয়োজন করেছে দেশের শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল চ্যাম্পস ২১ (www.champs21.com)। ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার বা মোবাইল ফোনসেট থেকে ‘ডেইলি স্টার স্পেলিং-বি পাওয়ার্ড বাই হরলিকস’ বানান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গেমসটি তিনটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব (অনলাইন) ১ ফেব্রুয়ারি ২০১২ থেকে ১৫ মার্চ ২০১২ পর্যন্ত চলবে। প্রতিযোগিতার প্রথম পর্বটি হবে অনলাইনে।চ্যাম্পস ২১-এর ওয়েবসাইটে বিভাগভিত্তিক স্কুল অনুযায়ী নাম নিবন্ধন করিয়ে ‘স্পেল বাংলাদেশ’ গেমটি খেলতে হবে। গেমসে খেলার সময় গেমারকে একটি করে ইংরেজি শব্দ বলা হবে। গেমার সেই শব্দটি বানান করে লিখবে। প্রতিটি শুদ্ধ বানানের জন্য পাওয়া যাবে ১ পয়েন্ট করে। আর শুদ্ধভাবে বানান করে শব্দটি টাইপ লেখতে সময় পাওয়া যাবে ৩০ সেকেন্ড। উচ্চারণ ছাড়াও গেমারকে চার ধরনের সূত্র দেওয়া হবে। এগুলো হচ্ছে শব্দের ব্যাখ্যা, শব্দের ধরন, বাক্যের মধ্যে শব্দের ব্যবহার এবং বাংলা অর্থ। এই গেমের বিপদ হচ্ছে: ভুল হলেই আউট। আর সুখবর হচ্ছে: অনলাইন পর্ব শেষ না হওয়া পর্যন্ত যতবার খুশি খেলা যাবে। সেরা নম্বরটি বিবেচনায় এনে প্রতি বিভাগে সেরাদের নির্বাচিত করা হবে দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে ‘স্পেলিং-বি টিম’ দেশের প্রতিটি বিভাগীয় শহরে গিয়ে বাছাই করবে। বাছাই পর্বে যারা টিকবে, তাদের নিয়ে হবে টেলিভিশন পর্ব।এই পর্বে সবাইকে মৌখিক ও লিখিত পরীক্ষায় বসতে হবে। যথাসময়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে প্রতিযোগীদের। টেলিভিশন পর্বে সারা দেশ থেকে সর্বোচ্চ ৭২ জন প্রতিযোগী অংশ নেবে। বিভাগীয় রাউন্ডের নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা প্রতি সপ্তাহে টেলিভিশনে দেখানো হবে। গেমসটি খেলার যোগ্যতা ও নিয়মকানুন হচ্ছে: ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থী ছাড়া যেকোনো মাধ্যম ও শিক্ষাক্রমের অধীনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। গেমসে ভালো করতে হলে নিয়মিত ডেইলি স্টার পড়তে হবে। অনলাইন পর্বের জন্য প্রতিদিন নির্দিষ্ট পাতা থেকে শব্দ নেওয়া হবে। পৃষ্ঠা নম্বর ডেইলি স্টার-এর প্রথম পাতায় উল্লেখ করা আছে। যেহেতু কার্ড থেকে অনলাইন পর্বে বেশির ভাগ শব্দ নেওয়া হবে, তাই বেশি বেশি করে ‘স্পেলিং কার্ড গেম’ খেলতে হবে। কার্ডগুলোতে প্রায় এক হাজার শব্দ রয়েছে। রোজ ২০টি নতুন শব্দ শেখার লক্ষ্য ঠিক করতে হবে। চূড়ান্ত পর্বের বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা আর সঙ্গে আছে বাবা অথবা মাকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ।