অনলাইনে চলছে কার্যক্রম
২০১০ সালের অক্টোবর মাস থেকে অনলাইনে জন্মনিবন্ধন পদ্ধতি চালু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) একটি সার্ভার স্থাপন করে এই কাজ চলছে। জন্মনিবন্ধনের জন্য হাতে লেখা আবেদনের পরিবর্তে অনলাইনে করা যাচ্ছে। শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন এবং সনদপ্রাপ্তি সহজতর করার জন্য জন্মনিবন্ধন তথ্য ব্যবস্থা (বিআরআইএস) নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ ছাড়া অনলাইনে নতুন জন্মনিবন্ধনের পাশাপাশি পুরোনো হাতে লেখা জন্মতথ্য কম্পিউটারে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।অনলাইনে জন্মনিবন্ধনের ফলে এ-সংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষিত থাকছে। ফলে বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রযুক্তিগতভাবে জন্মের তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে। www.bৎ.lgd.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জন্মনিবন্ধনের জন্য আবেদন করা এবং নিবন্ধন করা জন্মসনদের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা কর্মকর্তা জামিল হাসান প্রথম আলোকে বলেন, জন্মনিবন্ধনটি সত্য কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিলে খুব কম সময়েই প্রকল্পের ওয়েবসাইটে প্রবেশ করে তা যাচাই করা সম্ভব হচ্ছে। হাতে-কলমে এ কাজটি করতে অনেক সময় ব্যয় করতে হতো।সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য অনেক অভিভাবক বিদ্যালয়-নির্ধারিত বয়সসীমা অনুযায়ী জন্মনিবন্ধন করিয়ে নেন। আবার অনেকে জন্মনিবন্ধন সনদটিতে সব তথ্য ঠিক রেখে জন্মতারিখটা কৌশলে পরিবর্তন করে ফেলেন। শুধু স্কুলে ভর্তির ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের অনিয়ম করছেন অনেকে। অনলাইনে নথিভুক্ত সনদ নিয়ে এটি করার সুযোগ থাকছে না। কেননা অনলাইন কার্যক্রমে সফটওয়্যারে নিজের নাম, বাবা ও মায়ের নামকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে একই নামে আবার নিবন্ধন করতে গেলেই কম্পিউটারে ‘ডুপ্লিকেট’ কথাটি ভেসে উঠছে। অর্থাৎ এ নামে যে নিবন্ধন করা আছে, সে বিষয়ে সতর্ক করে দিচ্ছে। দেশের চার হাজার ৭৫৩টি ইউনিয়ন, ৩১১টি পৌরসভা (কুমিল্লা পৌরসভা বিলুপ্ত হলেও একে পৌরসভা হিসেবে বিবেচনা করে), চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়া দেশের সব সিটি করপোরেশনে এবং ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডে অনলাইনে জন্মনিবন্ধনের কার্যক্রম চলছে। ৫৮টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। অন্যান্য জেলায় এ ব্যাপারে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। দেশের বাইরে ২৫টি দেশের ৩৬টি দূতাবাসে এ কার্যক্রম চলছে। ৭ অক্টোবর পর্যন্ত হিসাবে পাঁচ কোটি ১২ লাখের বেশি জন্মনিবন্ধন তথ্য অনলাইনভুক্ত হয়েছে। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী এক কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ২৯২ (৬ অক্টোবরের হিসাবে) তথ্য অনলাইনে নিবন্ধন করা হয়েছে।সরকার ২০১৩ সালের জুন মাসের মধ্যে দেশের সব জন্মনিবন্ধন তথ্য অনলাইনভুক্ত করতে চাচ্ছে। আগামী বছরের ৩০ জুনের পর হাতে লেখা জন্মনিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।