অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন এবং চালকের অনুমতিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জানুয়ারি থেকে সারা দেশে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন ও চালকের অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) দেওয়া শুরু হচ্ছে। এ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) এবং জন্ম-মৃত্যু নিবন্ধন প্রকল্প পরিচালনা দপ্তর। সম্প্রতি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মন্ত্রণালয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা যায়, অনলাইন পদ্ধতি চালু হলে অবৈধ অনুমতিপত্র ব্যবহারের সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যে কেউ অনলাইনে বিশেষ পরিচিতি (আইডি) নম্বর দিয়ে প্রকৃত চালকের অনুমতিপত্র যাচাই করতে পারবে।অপরদিকে, কম্পিউটার সার্ভারে জন্ম-মৃত্যুসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা গেলে যেকোনো সময় দেশের জনসংখ্যার গতি-প্রকৃতি জানা যাবে। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করাও সহজ হবে। এ ছাড়া পাসপোর্ট তৈরির সময় তথ্য যাচাইসহ যেকোনো ধরনের পুলিশি প্রয়োজন মেটাবে এই তথ্যভান্ডার। জানা গেছে, এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি-বেসরকারি বড় বড় হাসপাতালগুলো জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভারের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর স্কয়ার হাসপাতালকে সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।ইতিমধ্যে কক্সবাজারের উখিয়া এবং যশোর সদর উপজেলায় অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের পরীক্ষামূলক কর্মসূচি শেষ হয়েছে। সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের আওতায় এ মাস থেকে নয়টি জেলার ইউনিয়ন পর্যায়ে অনলাইনে নিবন্ধনকাজ শুরু হচ্ছে। এগুলো হচ্ছে নীলফামারী, লালমনিরহাট, যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, খুলনা, গোপালগঞ্জ ও কক্সবাজার। এ ছাড়া পর্যায়ক্রমে ১৭৪টি পৌরসভা, ছয়টি নগর সংস্থা (সিটি করপোরেশন) ও ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধনকাজ শুরু হবে। এসব জায়গার পুরোনো ও নতুন সব তথ্য ফেব্রুয়ারির মধ্যে কম্পিউটারে সংরক্ষণ করা হবে। সারা দেশে জুনের মধ্যে পুরোনো সব তথ্য সংরক্ষণের কাজ শেষ করার কথা রয়েছে। এ কাজে অর্থ ও কারিগরি সহায়তা দিচ্ছে ইউনিসেফ। কম্পিউটার কাউন্সিল এ কাজে সহযোগিতার জন্য সার্ভার স্থাপন করেছে।