অনলাইনে নারীদের নিয়ে

মেয়ের বয়স ছয় মাস। পেশাগত কাজের জন্য ঢাকার বাইরে যেতে হবে সাদেকা হাসানকে। মায়ের কাছে মেয়েকে রেখে রওনা হলেন বাগেরহাটের মংলার উদ্দেশে। কিন্তু এত ছোট বাচ্চাকে রেখে যাওয়ার কষ্টটা ভোগাচ্ছে ভেতরে-ভেতরে। ‘জীবনে কী করছি এসব’—সাদেকার মনে এমন ভাবনাই তখন কাজ করছিল।
মংলায় পৌঁছে পণ্য বিক্রির টাকা সাদেকা বুঝিয়ে দিচ্ছিলেন গ্রামের উৎপাদকদের। একজন নারীর হাতে এক হাজার টাকা তুলে দিলে তিনি আনন্দে কেঁদেই ফেলেন। কারণ জীবনে এত টাকা একসঙ্গে কখনো দেখেননি তিনি। টাকাগুলো দিয়ে নিজের পছন্দমতো বাজারসদাই করে বাড়িতে ফিরবেন। রান্না করে ছেলেমেয়েকে খাওয়াবেন। এটা শুনে মুহূর্তেই সাদেকার মন থেকে ‘জীবনে কী করছি এসব’ চিন্তা উধাও হয়ে গেল। জন্ম নিল গ্রামের লোকজনকে নিয়ে নিজের মতো করে কাজ করার অদম্য এক স্পৃহা।
সাদেকার কাজটি এক ধরনের ব্যবসায় উদ্যোগ। গ্রামের লোকজনের উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রি করে দেওয়া। আর তা ইন্টারনেটের মাধ্যমে।
শুরুটা হয়েছিল ২০০৯ সালে। যুক্তরাজ্যের জীবন ছেড়ে সাদেকা হাসান ও তাঁর স্বামী আতাউর রহমান চলে এসেছিলেন দেশে। বিদেশে বসে ই-কমার্সের মাধ্যমে বাঙালিদের যে অর্থনৈতিক উন্নতি এনে দিচ্ছিলেন, এবার দেশে বসেই দেশের লোকজনের জন্য একই কাজ করাই ছিল এই দম্পতির উদ্দেশ্য।
‘মা শরিফুন হাসান ঢাকার বাড়িতে মেহমানদের থাকার ঘরটি ছেড়ে দিলেন। “আমার দেশ আমার গ্রাম” নামে ই-কমার্স ওয়েবসাইটের দপ্তর হয়ে ওঠে ছোট ওই ঘরটি। তখন কর্মী বলতে শুধু স্বামী-স্ত্রী আমরা দুজন।’ বললেন সাদেকা।
আমার দেশ আমার গ্রামের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান। আর আতাউর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা। সাদেকা বলেন, ‘দেশ-বিদেশে পাওয়া বিভিন্ন পুরস্কারই আমাদের শক্তি। এটাই আমাদের প্রেরণা জোগায় যে আমরা নিজের দেশকে বিশ্বের সামনে ভিন্নভাবে তুলে ধরতে পারছি। দেশে এখন অনেক ই-কমার্স সাইট আছে। আমাদেরটি একটু আলাদা। নিজস্ব ব্র্যান্ড তৈরির চেষ্টা আমাদের নেই। বরং গ্রামে বসে যিনি পণ্য উৎপাদন করছেন তাঁকে প্রতিষ্ঠা করাতেই আমাদের চেষ্টা। পণ্যটি যেন তিনি সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারেন সে সুযোগই আমরা অনলাইনের মাধ্যমে তাঁদের দেওয়ার চেষ্টা করেছি।’
সাদেকা হাসানদের আমার দেশ আমার গ্রামের সঙ্গে এখন পাঁচ হাজারের বেশি উৎপাদক, কারিগর, কর্মী যুক্ত। ১৬ হাজারের বেশি নিবন্ধিত গ্রাহক আছেন এই সাইটের। দেশের ১১টি স্থানের সেন্টারগুলো পুরো সপ্তাহজুড়ে ক্রেতাদের ফরমায়েশ নেয়। অনলাইনের মাধ্যমে কেনা পণ্যগুলো শুক্র ও শনিবার গ্রাহকদের বাড়িতে পৌঁছে যায়। পণ্য তালিকায় আছে ফল, সবজি, মাছ, মধু থেকে শুরু করে নকশিকাঁথা, পোশাক, গয়নাগাটি পর্যন্ত।
২০১২ সালে আমার দেশ আমার গ্রাম প্রথম কোরবানির পশু বিক্রি শুরু করে। সাদেকা বলেন, ‘তরুণ উদ্যোক্তা হিসেবে আমরা অনেক বাধা পেয়েছি। অর্থনৈতিকভাবে এখন পর্যন্ত বড় কোনো সহায়তা পাইনি। ই-কমার্সের ক্ষেত্রে যেসব বাধা ছিল সেগুলো তুলে দেওয়াতে আমরা অনেক উপকৃত হয়েছি। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি গ্রামের লোকজনের কাছ থেকে।’
এখন ৬৪ জেলাতেই সেন্টার খুলতে চান সাদেকা ও আতাউর। যাঁরা নিজের গ্রামের জন্য কিছু করতে চান তাঁরা সামান্য একটু জায়গা দিলেই হবে। সেন্টার খোলার বাকি সব কাজ করে দেবে আমার দেশ আমার গ্রামই।
সাদেকা মনে করেন, নারীদের অর্থ উপার্জনের জন্য তথ্যপ্রযুক্তি হতে পারে আদর্শ জায়গা। ঘরে বসেই খাবার বানিয়ে, পোশাক তৈরি করে আয় করা যায়। আউটসোর্সিংয়ের কাজও করা যায় ঘরে বসে।
‘অনলাইনে কেনাবেচার ট্রেন্ড বেড়েছে। নয়টা-পাঁচটা অফিস করার পর এখন আর সময় হয় না দোকানে দোকানে ঘোরার। ই-কমার্স সাইটে এখন কম দামে সবচেয়ে ভালো জিনিসটা বাড়িতে বসেই সবাই পেয়ে যান সহজে।’ বললেন সাদেকা।
সাদেকা মনে করেন কাজ করতে গেলে পারিবারিক সমর্থন জরুরি। তাঁর ভাষায়, ‘পরিবার থেকে সহায়তা না করলে আমি এত দূর আসতে পারতাম না। বাংলাদেশে একা কাজ করা কষ্টকর। সঙ্গীও সহায়তাকারী হলে কাজ করাটা সহজ হয়ে যায়।’ অবসর পেলেই মেয়েকে সময় দেন। সংসার সামলান। নিজের কাজ নিজেই করেন। আর সে কাজে আরও নারীকে যুক্ত করে যাচ্ছেন সাদেকা হাসান।