অনলাইনে বেচাকেনার যোগসূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে ইন্টারনেটে কেনাকাটা শুরু হয়েছে। বাসায় বসে শুধু অনলাইনে ফরমায়েশ দিলেই মিলে যাচ্ছে কাঙ্ক্ষিত পণ্যটি। আর এ কাজটি সম্পন্ন হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট কিছু কার্ডের মাধ্যমে। কোনো প্রতিষ্ঠান যদি তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছে অনুমোদন নিতে হয় এবং তাদের শর্তগুলো পূরণ করতে হয়; তবেই অনলাইনে পণ্য বিক্রি করতে পারবে। অনলাইনে কেনাকাটার জন্য গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো এসএসএল কমার্স। ২০১০ সালের ৩ জুলাই এটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত তারা ৩০টির বেশি ওয়েবসাইটকে অনলাইনে বেচাকেনা করার জন্য প্রযুক্তিগত সুবিধা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান পরিবহন সংস্থা, শিক্ষামূলক ওয়েবসাইট, সেবাপ্রদানকারী বিভিন্ন ওয়েবসাইট, কেনাকাটার ওয়েবসাইটসহ চাকরির ওয়েবসাইট।এসএসএল কমার্সের প্রধান সফটওয়্যার প্রকৌশলী শাহজাদা রেদওয়ান বলেন, ‘আমরা মূলত ক্রেতা আর বিক্রেতার মধ্যে অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে একটি যোগসূত্র স্থাপন করে দিই। এখন আমাদের আওতা হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ভিসা, মাস্টার কার্ড ও ডিবিবিএল নেক্সাস কার্ড। আর দিন দিন আমরা চেষ্টা করছি, সব ব্যাংকের কার্ডগুলোকে আমাদের প্রযুক্তিগত সেবায় নিয়ে আসতে। এতে করে এ ধরনের অনলাইনভিত্তিক সেবার মান আরও বাড়বে।’শাহজাদা রেদওয়ান জানান, কোনো ক্রেতা যখন ওয়েবসাইটে ঢুকে পণ্য পছন্দ করবেন এবং এর জন্য অর্থ পরিশোধের জন্য নির্দিষ্ট স্থানে ক্লিক করবেন, তখন তা নির্দিষ্ট ব্যাংকের সার্ভারে চলে যাবে। ব্যাংকের সার্ভার থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ওই ব্যাংক গ্রাহকের হিসাব পরীক্ষা করে নির্দিষ্ট অর্থ কেটে নেবে। ব্যাংকটি দেশি না হলে পেমেন্ট গেটওয়ে থেকে নম্বরটি ভিসা কিংবা মাস্টার কার্ড নেটওয়ার্কে যাবে। এখান থেকে নির্দিষ্ট ব্যাংকের অনুমতিক্রমে সেটি অনুমোদিত হবে। ওই ব্যাংক ক্রেতার হিসাব থেকে অর্থ কেটে নিয়ে বিক্রেতার হিসাবে জমা করে দেবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করতে চাইলে কোনো প্রতিষ্ঠানকে প্রথমেই নিবন্ধন করতে হবে। শাহজাদা রেদওয়ান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান অনলাইনে কেনাকাটার নিরাপত্তার জন্য বিশ্বের নামকরা নিরাপত্তাদাতা প্রতিষ্ঠান ভেরিসাইন কর্তৃক অনুমোদিত। যাঁরাই আমাদের সদস্য হবেন, তাঁরাই আমাদের কাছে এ প্রতিষ্ঠানের সনদ পাবেন।’এ প্রতিষ্ঠানের সদস্যদের একটি মার্চেন্ট প্যানেল আছে। এখানে মার্চেন্ট সদস্যরা তাঁদের প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেনের বিস্তারিত জানতে পারবেন। কখন কোথায় লেনদেন হচ্ছে, সে বিষয়ে সব তথ্যই এখানে পাওয়া যাবে। কেনাকাটার জন্য গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল কমার্সের সদস্য হতে হলে তাদের ওয়েবসাইট (www.sslcommrz.com.bd) থেকে নিবন্ধন ফরম নামাতে পারবেন। সেটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানের পণ্যও অনলাইনে বিক্রি করতে পারবেন।