অনলাইনে বড় হচ্ছে সাইকেলের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম সেল বাজার-এ সাইকেল বিক্রির বিজ্ঞাপন।
অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম সেল বাজার-এ সাইকেল বিক্রির বিজ্ঞাপন।

কেনাকাটার জন্য এখন অনলাইনেই অনেক তথ্য মেলে। অনলাইনে খোঁজখবর নিয়ে দেখেশুনে যাচাই করে তারপর পণ্য কেনা আর শুধু নতুন পণ্যই নয় অনলাইনে খোঁজ মেলে ‘সেকেন্ড হ্যান্ড’ বা পুরোনো ব্যবহার্য জিনিসপত্রও। এ কেবল ঢাকাতেই নয়, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানেই অনলাইনে পণ্য বেচাকেনার এ সুবিধা পৌঁছে গেছে।
অনলাইনে কেনাবেচা হওয়া জিনিসপত্রের এই সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নতুন ও পুরোনো সাইকেল কেনাবেচা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখন সাইকেল কেনাবেচার জন্য অনলাইন সাইটগুলোতে যাচ্ছেন।
অনলাইনে সাইকেলের কেনাবেচা প্রসঙ্গে অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম সেল বাজারের প্রধান নির্বাহী আরিল্ড ক্লকারহৌগ জানিয়েছেন, অনলাইনে পরিবেশবান্ধব যান হিসেবে সাইকেলের কেনাবেচা বাড়ছে। পুরোনো সাইকেল বিক্রি করতে মানুষ ক্লাসিফায়েড সাইটগুলোতে বিনামূল্যে বিজ্ঞাপন দিচ্ছেন। তেমনি নিজের উপযোগী সাইকেল খুঁজতেও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আসছেন।
আরিল্ড আরও জানান, ‘অনলাইনে যেসব পণ্যের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তার মধ্যে ঢাকা অঞ্চলে সাইকেল এখন জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় সাইকেল দেখার জন্য বা সাইকেল-সম্পর্কিত খোঁজখবর নিতেও বহুদূরে যেতে হত। এখন শুধু একটা ক্লিকেই সাইকেলের বাজার হাতের নাগালে। সাইকেল বিক্রির বিজ্ঞাপনের মধ্য থেকে নিজের উপযোগী সাইকেল বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

অনলাইনে সাইকেলের বাজার কতটা জনপ্রিয়? এই প্রশ্নের জবাবে সেল বাজারের প্রধান নির্বাহীর দাবি, সেল বাজারে প্রতিদিন গড়ে ৩০টির বেশি সাইকেল কেনাবেচার বিজ্ঞাপন পোস্ট করা হচ্ছে। এর মধ্যে ব্যবহূত সাইকেলগুলো চার হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে বেচাকেনা হতে দেখা যায়।

অনলাইন কেনাবেচার সাইটের মাধ্যমে এই কেনাবেচা এখন দারুণ জনপ্রিয়। সারা দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটছে অনলাইন কেনাবেচার সাইটে, পার্থক্য শুধু, এখানে নেই কোনো যানজট বা দুর্ঘটনার আশঙ্কা। পছন্দের পণ্য, হোক সে গিটার, খেলাধুলার সামগ্রী বা নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিকস এমনকি পোষা জীবজন্তুও খুব সহজেই সাধ ও সাধ্যের মিল রেখে অনলাইনে বেছে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ ফ্রি এ সাইটগুলোতে।

অনলাইনে কেনাবেচার এই সুযোগ বিকশিত হওয়ার প্রভাব বাড়ছে দেশের মানুষের ওপর। কয়েকটি শীর্ষস্থানীয় অনলাইন কেনাবেচার  সাইট ঘেঁটে দেখা গেছে এখন পর্যন্ত ৩ লক্ষাধিক ইলেকট্রনিকস পণ্যের বিজ্ঞাপন এসেছে অনলাইনে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, সাইকেল, ক্যামেরা ইত্যাদি। তবে নতুন বা পুরোনো এসব পণ্য কেনার আগে যাচাই করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন এসব সাইটের সঙ্গে জড়িত সবাই।