অনলাইনে রক্ত খুঁজে দেওয়ার কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনতাসির মামুন
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্যাম্পাসে ফেরা হয় না অনেকদিন হলো। কীভাবে কাটছে শিক্ষার্থীদের সময়? সেটাই ছাত্রছাত্রীরা লিখে জানাচ্ছেন ‘এ সময়ের দিনলিপি বিভাগে’। আপনিও লেখা পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।

এই ঘরবন্দী সময়ে দুটো ঈদ পেরিয়ে গেল। ঈদগাহে নামাজ হবে না, কোলাকুলি হবে না, এমনকি কখনো ভেবেছিলাম! তবুও সীমিত পরিসরে দাওয়াত খাওয়া কিন্তু ঠিকই হয়েছে। করোনা সংক্রমণের কারণে প্রিয় খালামণির বাড়ি আর ভাতিজিটাকে খুব মিস করেছি।

এই দীর্ঘ ছুটি পড়াশোনার গতি অনেক কমিয়েছে। আগে তো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যেত কলেজ-প্রাইভেটে ছোটাছুটির ওপর। অবশ্য পড়াশোনা পুরোপুরি যে থমকে গেছে তা নয়। বাড়িতেই সীমিত পরিসরে দুটো প্রাইভেট চলছে। পাশাপাশি অনলাইন ক্লাস, গ্রুপে আলোচনা তো আছেই। যদিও স্বল্প গতির নেটওয়ার্ক ও ইন্টারনেটের উচ্চ ব্যয়ের কারণে খুব কমই ক্লাস করা হচ্ছে। মাঝেমধ্যেই পুকুরপাড়, টংয়ে যেতে হয় নেটওয়ার্কের খোঁজে।

পাশাপাশি সাহিত্যচর্চা, বৃক্ষরোপণ, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এই করোনাকালেই লিখে ফেলেছি বেশ কিছু কবিতা ও রম্য রচনা। উত্তরাঞ্চলের অতি বন্যাপ্রবণ এলাকা চিলমারী। আর এবারের বন্যার ভয়াবহতা সবারই জানা। ‘আলোকচ্ছটা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বন্যাকবলিত পরিবারগুলোকে খাদ্য ও ওষুধ সহায়তা দিয়েছি। অনলাইনে রক্ত খুঁজে দেওয়ার কাজও করছি। স্কুলের বন্ধুদের সঙ্গে প্রতিদিন বিকেলে আড্ডা, ছোট ভাইয়ের সঙ্গে খুনসুটি, মা–বাবার বিভিন্ন কাজে সহায়তা করে সময়টা ভালোই কাটছে। মায়ের হাতের রান্না খেয়ে ছয় মাসে প্রায় ছয় কেজি ওজন বেড়েছে। নিয়মিত উপন্যাস, পত্রিকা পড়া, চ্যাম্পিয়নস লিগ, নেটফ্লিক্স ছিল জ্ঞান অর্জন ও বিনোদনের অন্যতম উৎস।

শিক্ষা মন্ত্রণালয় বলছে এত শিক্ষার্থীর পরিবারকে ঝুঁকিতে ফেলা ঠিক হবে না। কিন্তু পরিবারের বাকি সদস্যরা তো জীবিকার তাগিদে ঠিকই বাইরে বের হচ্ছেন। সব জায়গায় কর্মব্যস্ত মানুষের ভিড়। রাস্তায় যানজট, গণপরিবহনে বাদুড় ঝোলা মানুষ, মাস্কবিহীন মানুষের পদচারণ, বন্যা, সড়ক দুর্ঘটনা, সবই সেই আগের অবস্থায়। তাই আশা করি শিগগিরই অচলাবস্থা কাটিয়ে উঠবে শিক্ষাব্যবস্থা। আর এই ধরিত্রী করোনার প্রকোপ থেকে একদিন মুক্তি পাবে, সেই প্রত্যাশা করি।

লেখক: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ