
ঈদ আসতে এখনো দুই সপ্তাহের বেশি বাকি। এমন সময় এলাকার খোলা মাঠে লাইট-ক্যামেরা দেখে এলাকাবাসী প্রথমে ভাবল আসন্ন ঈদের কোনো নাটকের শুটিং হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে লাইট-ক্যামেরা সেট হওয়ার পর দৃশ্যপটে দেখা গেল একটা নাদুসনুদুস দেশি গরুকে। প্রথমে একজন স্থির চিত্রগ্রাহক নানা অ্যাঙ্গেল থেকে বিরাট ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললেন।
গরুকে নানাভাবে ডানে-বাঁয়ে কাত করে ছবি তোলা হচ্ছে। গরু কাত হতে ব্যর্থ হলে ফটোগ্রাফার সাহেব নিজেই কাত হয়ে যাচ্ছেন! তিনি সম্ভবত ওয়াইল্ড ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেছেন! কারণ, ছবি তোলার একপর্যায়ে মনমতো শট পাচ্ছেন না দেখে তিনি গরুর পেছনে আসমানি রঙের চাদর ঝুলিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলেন! তারপর আবার ক্যামেরা অন হলো। একজন উপস্থাপক হ্যাট মাথায় কাউবয় সেজে গরু থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রিপোর্টিং স্টাইলে বলতে লাগলেন, ‘দর্শক, আপনি হয়তো জেনে গেছেন, এবার ভারত থেকে গরু আমদানিতে কড়াকড়ি চলছে। এর মধ্যে বর্ষার রেশ এখনো কাটেনি। প্রায় প্রতিদিনই চলছে বৃষ্টির হামলা! এই চরম অবস্থায় আপনি যদি চিন্তিত থাকেন কীভাবে একটা ভালো গরু কিনবেন, তাহলে প্রথমে আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিন। তারপর স্থিরচিত্র দেখে গরু পছন্দ হলে যাচাই-বাছাই করার জন্য নিচের ভিডিও লিংকে চাপ দিন।’
এবার গরুর ভিডিও চিত্র ধারণের কাজ শুরু হলো! প্রথমে দুজন এসে গরুর মুখে হাত দিয়ে হাঁ করিয়ে গরুর দাঁতের সংখ্যা কত, তা ভিডিও করা হলো। কারণ, ক্রেতা তা দেখে গরুর বয়স নির্ধারণ করতে পারবেন! এরপর গরুর শিঙের সাইজ দেখানোর পালা। এর জন্য কয়েকটা লং ও বেশ কয়েকটা ক্লোজ শট নেওয়া হলো। সেটাও শেষ হলো সাফল্যের সঙ্গে। তারপর গরুর শরীরে কোথাও কোনো খুঁত আছে কি না, তা দেখানোর জন্য ক্যামেরা জুম করে ক্লোজ শট নেওয়া হচ্ছে; অনেকটা ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে যেভাবে ক্লোজ শটে পিচ দেখানো হয়, সে রকম! এটা হচ্ছে সেই অর্থে গরুর বডি রিপোর্ট!
গরু কেমন শক্তিশালী, সেটা তো ক্রেতাকে দেখানো দরকার। সে কারণেই আরেকটা গরুকে আনা হয়েছে। আবার নতুন করে লাইট সেট করা হলো। গরু দুটোকে কাছাকাছি আনতেই তারা একে অপরের সঙ্গে কঠিন গুঁতোগুঁতি লাগিয়ে দিল। উপস্থিত দর্শক এ পর্যায়ে ব্যাপক হাততালি দিয়ে গরুদের উৎসাহ-উদ্দীপনা জোগাল। অবশেষে প্রবল শক্তিমত্তা প্রদর্শন করে জয়ী হলো মূল চরিত্রে থাকা গরুটি।
ঘটনা এখানেই শেষ নয়! গরুটির গায়ের রং আসল কি না, সেটা বোঝানোর জন্য গরুটির শরীরে পানি ঢেলে দিলেন একজন। আরেকজন এসে সাবান দিয়ে ঘষে সাদা ফেনা দেখিয়ে প্রমাণ করলেন রং খাঁটি!
এতসব কাণ্ড যখন ঘটছে, তখন পাশেই একজন পশু-বিশেষজ্ঞ আপনমনে মেকআপ নিচ্ছিলেন। একসময় লাইট-ক্যামেরা তাক করা হলো তারই ওপরে। গরুটি স্বাস্থ্যগত দিক থেকে ঠিক আছে কি না এবং গরুটিকে যেকোনো মোটাতাজাকরণ বড়ি খাওয়ানো হয়নি, সেটার বিবরণী দিলেন সেই বিশেষজ্ঞ। ইতিমধ্যে ঘটনাস্থলে অনেক দর্শক জমায়েত হয়েছে। এবার হবে দর্শকপর্ব। যাচাই হবে গরুর বাজারমূল্য। উপস্থাপক আবার ক্যামেরার সামনে। আগেই কজন দর্শক ঠিক করা ছিল। একে একে তাদের কাছে গরুটির দাম জিজ্ঞেস করতে লাগলেন তিনি। সঙ্গে সঙ্গে সেটা ধারণ করা হলো ক্যামেরায়।
দর্শকপর্ব শেষে শুরু হলো শেষ পর্বের ভিডিও ধারণের প্রস্তুতি। জনমত জরিপে গরুটির দাম ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উপস্থাপক সেটা জানিয়ে দিলেন সবার উদ্দেশে। সঙ্গে বললেন, ‘ঘরে বসে এই ভিডিও দেখে গরুটি পছন্দ হলে এবং কিনতে চাইলে ফোন করুন ০১********* নম্বরে। বুকিং দিতে হলে অগ্রিম ৩০ শতাংশ টাকা পাঠাতে হবে আমাদের এই নম্বরে ০১*********। ঈদের দিন সকালে গরু পৌঁছে যাবে আপনার ঠিকানায়!’