অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট একটা ব্যানার টানিয়ে তার সামনে আমরা ছয় বন্ধু বসে পড়লাম। ব্যানারে লেখা আছে ‘সেশনজটের কবল থেকে রেহাই পাওয়ার দাবিতে আমরণ অনশন। সৌজন্যে: জীবন ক্ষয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।’ সেশনজট সব ছাত্রছাত্রীর জন্য একটা ক্ষতিকর বিষয়। এ কারণে আমরা ভেবে ছিলাম ভার্সিটির অন্য ছাত্রছাত্রীও হয়তো আমাদের সঙ্গে অনশনে অংশ নেবে। কিন্তু নাহ। কেউ আসছে না। সবাই আমাদের দিকে একপলক তাকিয়ে যে যার কাজে চলে যাচ্ছে। এটা দেখে আমি সেশনজটের ক্ষতিকর দিক উল্লেখ করে একটা জ্বালাময়ী বক্তব্য শুরু করলাম। বক্তব্য শেষ হতে না হতেই দেখি, আনিস স্যার সামনে দাঁড়িয়ে। স্যার প্রথমে ব্যানারে চোখ বুলিয়ে একটু হাসলেন, তারপর হাসি বন্ধ করে গম্ভীর গলায় বললেন, ‘এই গরুর দল ডিপার্টমেন্টে চল, ক্লাস করবি।’স্যার বরাবরই ক্লাসে আমাদের কয়েকজনকে গরু বলে ডাকেন। এতে আমাদের কোনো ক্ষোভ ছিল না। কিন্তু আজ মাঠে-ময়দানে গরু বলে ডাকলেন। সেটা আবার প্রথম সেমিস্টারের কিছু মেয়ে শুনে হাসতে হাসতে চলে গেল। আনিস স্যারের কারণে সম্মান পড়তে এসে আর সম্মান থাকল না। এখন ইচ্ছা করছে সেশনজটের বিরুদ্ধে নয়, আনিস স্যারের বহিষ্কারের দাবিতে অনশন করতে।স্যার চলে গেলেন। তবে একা নয়। সঙ্গে ছবিকে নিয়ে গেলেন। আমরা গরু হলেও ছবি নয়। সে ভালো ছাত্রী। যাওয়ার সময় ছবি বলে গেল, সরি দোস্ত, বেসিক জেনেটিক্সের একটা বিষয় আমি ভালো বুঝি না, স্যার ওটা আজ বুঝিয়ে দেবেন। কিছু মনে করিস না, আসি।ছবির বিদায় অর্থাৎ অনশনকারীর সংখ্যা ছয় থেকে কমে পাঁচে দাঁড়াল। ধীরে ধীরে সূর্য মাথার ওপর এসে স্থির হলো। পকেট থেকে মোবাইল ফোন বের করে সময় দেখে নিলাম। দুপুর ১২টা বাজে। আমাদের অনশন কর্মসূচি ‘উটপাখি’ নামের একটি নিউজ চ্যানেল কিছু সময়ের জন্য সরাসরি সম্প্রচার করল। তারা আমাদের বন্ধু ধীমানের সাক্ষাৎকার নিল। এতে আমরা আনন্দিত হলাম। সঙ্গে সঙ্গে সবাই একটু ভাব নিয়ে বসলাম। বলা তো যায় না, কখন আবার কোন চ্যানেল এসে হাজির হয়। কিছু সময় পর হাজির হলেন একজন। তিনি কোনো চ্যানেলের নন, কোনো সাংবাদিকও নন। মুদি দোকানদার গোলাম নবী সাহেব। ধীমানের কাছে গোলাম নবী সাহেব পাঁচ হাজার টাকা পাবেন। তিনি অনেক দিন ধরে ধীমানের খোঁজ পাচ্ছেন না। একটু আগে ‘উটপাখি’ টিভিতে আমাদের অনশন কর্মসূচি দেখে তিনি ধীমানকে খুঁজতে এসেছেন। কিন্তু এই মুহূর্তে আর ধীমানকে পাওয়া যাবে না। গোলাম নবী সাহেবকে আসতে দেখে ধীমান পালিয়েছে। ধীমান পালিয়ে যাওয়ায় আমি মর্মাহত হলেও বাকি চারজনকে নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে লাগলাম। বাকিদের নিয়ে শপথ করলাম, আমরা মরব তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়ব না। এমন সময় ভার্সিটিতে ছাত্রদের দুটি দলের ভেতর সংঘর্ষ শুরু হলো। সংঘর্ষ ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করতে লাগল। ছাত্রছাত্রীরা যে যেদিকে পারছে ছুটছে। অন্যদের সঙ্গে আমার দুজন অনশনকারী অর্থাৎ সুদীপ্ত ও রানা কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু আমাদের অবস্থান থেকে আমি এবং শিশির বিন্দুমাত্র বিচ্যুত হলাম না। আমরা পরিকল্পনা করলাম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। একটু পর পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনল। সুতরাং পরিস্থিতি এখন শান্ত। ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমাদের দুজনের পেট চোঁ-চোঁ করছে। তখন শিশিরের প্রেমিকা মুনিয়া এল। আমি ভাবলাম, আমাদের দলে হয়তো আরও একজন বাড়ল। কিন্তু একি, মুনিয়া ব্যাগ থেকে ছোট একটা টিফিনবক্স বের করে শিশিরের সামনে ধরে বলল, ‘তুমি যদি সেশনজট নিয়ে অনশন করে মারা যাও, তাহলে আমার বিয়ে নিয়ে জট বেঁধে যাবে। এখনই খেয়ে নাও, না হলে আমি রূপসার জলে ঝাঁপ দেব।’আমি জানি, মুনিয়ার কথার অবাধ্য শিশির কোনো দিন হয়নি। এখনো হলো না। যথারীতি খাওয়া শুরু করল। সেই মুহূর্তে আবার ‘উটপাখি’ টিভির সাংবাদিক এবং ক্যামেরাম্যান এসে উপস্থিত হলেন। তাঁরা শিশিরের খাওয়া ক্যামেরায় ধারণ করতে লাগলেন। এমন পরিস্থিতিতে কী করা উচিত, বুঝতে পারছি না। চুপি চুপি ব্যানার খুলে মুড়ি দিয়ে মেসের পথে পা বাড়ালাম। জানি না শেষ দৃশ্যটুকু ক্যামেরায় ধরা পড়েছে কি না। তৌফিক আলমকেশবপুর, যশোর।