অনাকাঙ্ক্ষিত অবসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মব্যস্ত জীবন। এর মধ্যে হঠাৎ হয়তো ঘটল দুর্ঘটনা। ভেঙে গেল হাত-পা। সামান্য বা বেশি আহত হয়ে দেখা গেল ঘরে বসে থাকতে হচ্ছে। তেমন অসুস্থতা নয়, কিন্তু চলাফেলা করা সম্ভব হচ্ছে না। চেনা ব্যস্ততা থেকে ক্ষণিকের বিরতি। পরিবারের অন্য সদস্য, বন্ধুরাও তখন ব্যস্ত। কারও সঙ্গে বসে গল্প করারও সুযোগ থাকে না। একঘেয়েমি ভর করে। কী করে এ অবস্থা কাটিয়ে উঠবেন, বুঝতে পারেন না। এমন সময়ে অনেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এতে দেখা যায়, সুস্থ হতে আরও বেশি সময় লাগে। অথচ সুস্থ হয়ে ওঠার পথে এ সময়টা অনেকভাবেই কাজে লাগানো যায়।‘এ সময় মনে দুশ্চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে।’ এমনটিই মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ মিখলা সরকার। তিনি বলেন, ‘প্রথমে প্রয়োজন’ এ রকম যেকোনো দুর্ঘটনা মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি। তা হলে এর নেতিবাচক দিকগুলো মনে জায়গা করে নিতে পারবে না। কাজের ক্ষেত্রে এটি হয়তো আপনাকে পিছিয়ে ফেলবে, তবে এটিকেই অন্যভাবে দেখার চেষ্টা করুন। এই যেমন অনেক দিন ধরেই একটু অবসর চাইছিলেন। এ সময়টাকে সেভাবে কাজে লাগান। আপনার পছন্দের কাজগুলো করতে পারেন। ধরে নিন, এটা এক রকম ছুটি-ই। ছুটি কাটিয়ে নতুন উদ্যমে আবার কাজে ফিরবেন আপনি।’প্রায় দুই সপ্তাহ ধরে সারা দিন বাড়িতে কাটছে অভিনয়শিল্পী মৌটুসী বিশ্বাসের। শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন। এখন প্লাস্টার করা পা নিয়ে বিশ্রামে আছেন। ‘অনেক দিন পর এ রকম অবসর পেলাম। নিজের মতো করে কাটাতে পারছি সময়। দিনে প্রায় তিনটি করে সিনেমা দেখেছি। অনেক না দেখা সিনেমা জমে গিয়েছিল। এ ছাড়া আমার স্বামীও নতুন সিনেমা বের হলেই সেটি কিনে আনছে। ছোটগল্প, উপন্যাস পড়ছি। বিভিন্ন পত্রিকার শারদীয় বিশেষ সংখ্যাগুলো পড়া হচ্ছে। প্রচুর বই পড়া হয়েছে এবার। নড়াচড়া করা নিষেধ করে দিয়েছিলেন চিকিৎসক। একটু একঘেয়েমি লাগলেই আমার স্বামী গল্প করছে। সে-ও তাড়াতাড়ি অফিস থেকে ফিরছে। মানসিকভাবে আমাকে অনেক সমর্থন দিয়েছে, যা এ সময় খুব প্রয়োজন। আমার মা-ও এসেছিলেন। মজার মজার রান্না করে খাইয়েছেন, যাতে আমি খুশি হই। কত দিন এমন নিবিড় করে পরিবারের সঙ্গে কাটাইনি। এবার এ সুযোগ এসেছে।’ হেসে বললেন মৌটুসী।‘অনেক দিন ধরেই করব করব ভাবছি’—এই কাজগুলো এ সময় করে ফেলতে পারেন। প্রিয় লেখকের কোনো বই পড়ে ফেলতে পারেন। দেখা হয়নি, অথচ দেখতে চান—এমন সিনেমাগুলো দেখতে পারেন। অথবা হাতে তুলে নিতে পারেন কাগজ-কলম। ডায়েরির পাতায় ফুটিয়ে তুলতে পারেন আপনার ভাবনা।এ সময় বিশ্রামের প্রয়োজন হয়। তাই এমন কোনো কাজ করা উচিত নয়, যা শরীরকে আরও অসুস্থ করে তুলবে। চলাফেরা করতে অসুবিধা হলে বিছানায় বসেই লেখালেখি ও পড়ার কাজটা করতে পারেন। সব সময় যাদের সঙ্গে যোগাযোগ করার সময় হয়ে ওঠে না, চাইলে তাদের সঙ্গেও মুঠোফোনে কথা বলতে পারেন। তারাও খুশি হবে, আপনারও ভালো লাগবে। সময়ের অভাবে হয়তো পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করা হয়ে ওঠে না। এ সময় বাড়িতে তাদের আসতে বলতে পারেন। সময়টা ভালো কাটবে, মনও ফুরফুরে হবে। ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। দেখা যাবে, প্রয়োজনের বাইরেও কত কিছু আপনি জানতে পারছেন, যা অন্য সময় দেখার সুযোগ থাকে না। যা-ই করেন না কেন, মনটাকে ভালো রাখতে হবে।পরিবারের সদস্যদেরও ভূমিকা আছে। বাড়িতে এমন চলাফেরায় অক্ষম কোনো ব্যক্তি থাকলে অন্যদের তাঁকে সময় দিতে হবে। তা না হলে তিনি একাকিত্বে ভুগবেন। এতে তাঁর সুস্থ হওয়ার প্রক্রিয়া ব্যাহত হবে। বাড়িতে যেন আনন্দময় পরিবেশ থাকে। দিনে সময় না পেলে রাতে খাবারের পর তাঁর সঙ্গে সময় কাটানো যায়। বাইরে থাকলে ফোন করে খোঁজখবর নেওয়া ভালো। এতে তিনি নিজেকে বোঝা মনে করবেন না। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বাড়ির বাইরে কোথাও থেকে বেরিয়ে আসা যায়। যাঁরা দীর্ঘমেয়াদি এমন আহত অবস্থায় থাকেন, তাঁদের মধ্যে চরম হতাশা দেখা দিতে পারে। তখন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত।‘মনে রাখতে হবে, এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রামের। সেটির ব্যাঘাত করে কোনো কিছু করা যাবে না। নড়াচড়া কম হলে হাড় প্রাকৃতিক নিয়মে জোড়া লেগে যাবে।’ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর চৌধুরী। তিনি মনে করেন, এ সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। একেক রোগীর জন্য একেক নিয়ম হতে পারে। আপাতদৃষ্টিতে একটি কাজ করতে গিয়ে মনে হতে পারে, এতে কোনো ঝুঁকি নেই। কিন্তু সেটাই আবার অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাঁর পরামর্শ মেনে চলতে হবে। পর্যাপ্ত বিশ্রাম না নিলে সুস্থ হতে বেশি সময় লাগবে। পায়ে কোনো আঘাত পেলে বিছানায় সময় কাটানোই ভালো। তা না হলে শরীরের ভর পায়ের ওপর পড়বে। এতে করে হাড় জোড়া লাগার প্রক্রিয়া ব্যাহত হবে। তবে আসল কথা হলো, মনের ওপর কোনো চাপ দেওয়া যাবে না। মন ভালো রাখুন, এতে শরীরও ভালো থাকবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবেন।