অনাগত সন্তান বাবাকে দেখার সুযোগটাও পেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্ত্রী উম্মে সালমার জীবনে এখন শুধুই কান্না l ছবি: প্রথম আলো
নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্ত্রী উম্মে সালমার জীবনে এখন শুধুই কান্না l ছবি: প্রথম আলো

কোলে শিশুসন্তান। দোতলার বারান্দায় বসে তাকে দেখাচ্ছিলেন বাবার ছবি। চোখ তাঁর আটকে আছে ছবির মানুষের চোখে। দুচোখের কোণে জল টলমল করছিল, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা।
ছেলেকে বলছিলেন, ‘দুষ্টুমি করো না, বাবা কষ্ট পাবে।’ ‘বাবা কবে আসবে?’ ছেলের প্রশ্নে মা নীরব হয়ে যান। এবার চোখের কোণে আটকে থাকা বিন্দু বিন্দু জল স্থির থাকে না। গড়িয়ে পড়ে ছবিকে স্পর্শ করল। আর কত মিথ্যা সান্ত্বনা দেবেন সন্তানকে, হয়তো এই ভেবে নিশ্চুপ হয়ে যান মা উম্মে সালমা (৩৩)। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা।
উম্মে সালমা ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী। ২৫ জুলাই মানিকগঞ্জ সদরের কাটিগ্রামে রবিউলের গ্রামের বাড়ি গেলে কোলে ছেলে আর স্বামীর ছবি নিয়ে উম্মে সালমাকে বসে থাকতে দেখা গেল। ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। এক ছেলে তাঁর, আরেক সন্তান অনাগত। স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সালমা।
সালমার বাবার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার দেপাশাই গ্রামে, বাবা মো. শাজাহান। ২০০৯ সালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি অর্জন করেন। ২০০৮ সালে পারিবারিকভাবে রবিউলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর তাঁর কোলজুড়ে আসে ছেলে সাজিদুল করিম।
ছোটবেলা থেকেই খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন রবিউল। লেখাপড়ায়ও ছিলেন মেধাবী। ছাত্রাবস্থায়ই তিনি গ্রামের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। প্রতিবন্ধী শিশুদের ভালোবাসতেন তিনি। সমাজের অবহেলিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু ও কিশোরদের জন্য বাড়ির অদূরে বাসাই গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন বিকনিং লাইট অরগানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) নামের বিশেষায়িত বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩২ জন প্রতিবন্ধী শিশু পড়ালেখা করছে। এ ছাড়াও তিনি গ্রামের শিশুদের লেখাপড়ার জন্য ‘নজরুল বিদ্যাসিঁড়ি’ নামের একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

বাবার ঘরে ফেরার অপেক্ষায় থাকে ছেলে সাজিদুল l ছবি: প্রথম আলো
বাবার ঘরে ফেরার অপেক্ষায় থাকে ছেলে সাজিদুল l ছবি: প্রথম আলো

স্বামীর এসব কাজে সব সময়ই সহযোগিতা করতেন সালমা। কথা বলার একপর্যায়ে কেঁদে ফেললেন। এ সময় পাশে বসে থাকা শাশুড়ি (রবিউলের মা) করিমুননেছাও কাঁদছিলেন। কিছুটা শান্ত হয়ে তিনি (করিমুননেছা) জানান, ওর বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় রবিউল।
স্বামীর কথা ধীরে ধীরে বলেন সালমা, ‘রবিউল ছিলেন ধৈর্যশীল। পেশাগত ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারকে সময় দিতেন। আমার প্রতি দায়িত্ব পালনেও কমতি ছিল না তাঁর। তবে বাড়ি ফিরতে দেরি হলে অভিমান করতাম।’ রবিউলের আচরণ ও কথায় অভিমান করে অবশ্য বেশিক্ষণ থাকতে পারতেন না সালমা। ‘তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁকে ছাড়া আজ ২৪টি দিন গেল, মনে হচ্ছে ২৪ যুগ কাটিয়েছি। ছেলেটা এখনো বাবার পথ চেয়ে বসে থাকে। রাতে কখন বাড়ি ফিরবে, সেই আশায় থাকে।’
বাড়িতেই কথা হয় রবিউলের একমাত্র ছোট ভাই শামসুজ্জামানের সঙ্গে। তিনি জানালেন, ছেলে সাজিদুল (৬) এখন বাবারই গড়ে তোলা গ্রামের ‘নজরুল বিদ্যাসিঁড়ি’ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ছে। তাঁর ভাবি নয় মাসের অন্তঃসত্ত্বা। স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে আগামী ১ আগস্ট সন্তান প্রসবের সম্ভাব্য দিন রয়েছে তাঁর।
কথা বলার এক ফাঁকে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন সালমা। বলেন, ‘নিজের জন্য নয়, দেশের জন্য রবিউল জীবন উৎসর্গ করেছে। এর থেকে বড় পাওয়া, এর থেকে গৌরব একজন স্ত্রীর কাছে কী হতে পারে? তবে আফসোস শুধু এটুকুই, বড় ছেলে ওর বাবাকে দেখেছে, আদরও পেয়েছে। কিন্তু আমার অনাগত সন্তান সেই সুযোগটুকুও পেল না! বাবার আদর্শে ওরা বড় হবে, এটাই চাই।’
নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম প্রতিষ্ঠিত মানিকগঞ্জের দুই স্কুল নিয়ে বিশেষ প্রতিবেদন থাকছে আগামী শনিবার ছুটির দিনে ক্রোড়পত্রে