অনাথ কাই আর দরদি স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটল্যান্ডে ২০০৬ সালের প্রাণী-স্বাস্থ্য ও কল্যাণ আইন অনুযায়ী গৃহপালিত পশুকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ। ছবি: বিবিসি
স্কটল্যান্ডে ২০০৬ সালের প্রাণী-স্বাস্থ্য ও কল্যাণ আইন অনুযায়ী গৃহপালিত পশুকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ। ছবি: বিবিসি

ওর নাম কাই। বয়স দুই থেকে তিন বছর। স্বভাবে শান্ত ও আদুরে। চুপচাপ বসে আছে একটা রেলস্টেশনে। গলার ফিতা বাঁধা প্ল্যাটফর্মের রেলিংয়ে। পাশে একটা স্যুটকেস রাখা। স্যুটকেস ভর্তি ওর খাবার, খাবারের পাত্র, খেলনা, বালিশ-টালিশ সবই আছে। কিন্তু ছোট্ট এই কুকুরটিকে স্টেশনে রেখে গেল কে? ওর মালিকই বা কে? স্কটল্যান্ডের আয়ার রেলস্টেশনে কুকুরটিকে এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে দেশটিতে। বিবিসি এ খবর জানিয়েছে।

কাই নামের কুকুরটির এভাবে পরিত্যক্ত হওয়ার রহস্য উন্মোচনের চেষ্টা করছে স্কটল্যান্ডের একটা প্রাণী অধিকার সংরক্ষণ দাতব্যপ্রতিষ্ঠান। শার-পেই প্রজাতির সংকর কুকুরটিকে ২ জানুয়ারি আয়ার রেলস্টেশনে এমন পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার করে স্টেশন কর্তৃপক্ষ।

এসপিসিএ নামের দাতব্যপ্রতিষ্ঠানটি কাইয়ের শরীরে স্থাপন করা মাইক্রোচিপ থেকে কুকুরটির আগের এক মালিককে খুঁজে বের করতে পেরেছেন। কিন্তু আগের মালিক জানিয়েছেন, ২০১৩ সালে অনলাইনে গৃহপালিত পশু কেনাবেচার সাইট গুমট্রির মাধ্যমে তিনি কাইকে বিক্রি করেছিলেন। তবে, অনলাইন সাইটটি থেকে নতুন ক্রেতার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রতিষ্ঠানটির পরিদর্শক স্টুয়ার্ট টেইলর জানান, ‘কুকুরটির শরীরে মাইক্রোচিপ স্থাপন করা ছিল এবং তা থেকে জানা গেছে ওর নাম কাই। মাইক্রোচিপ নিবন্ধন থেকে আগের মালিককে পেয়ে ২০১৩ সালে কাইকে বিক্রি করে দেওয়ার কথা জানতে পারি আমরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নতুন মালিকের সন্ধান পাইনি।’

স্টুয়ার্ট টেইলর বলেন, ‘অনলাইনে গৃহপালিত পশু কেনাবেচার বিপদের দিক এমনই। কাইয়ের ঘটনা থেকে আমরা হয়তো এটা বুঝতে পারব। অনলাইনে এমন অনেকেই পোষা প্রাণী কেনেন যাঁরা আসলে এ বিষয়ে কিছুই জানেন না।’ টেইলর আরও বলেন, ‘কাইয়ের সব জিনিস ওর সঙ্গে দেওয়া থাকা সত্ত্বেও ওকে এভাবে পরিত্যাগ করাটা নির্মম একটা ঘটনা। ওর জন্য একটা নিরাপদ ও ভালো আশ্রয়দাতা খুঁজে না পাওয়া পর্যন্ত আমরাই ওর দেখাশোনা করব।’

ছোট্ট কুকুরটিকে পরিত্যাগকারী মালিককে খুঁজে বের করতে সবার সহায়তা চেয়েছে স্কটিশ এসপিসিএ। প্রাণী অধিকার প্রতিষ্ঠানটি সবাইকে মনে করিয়ে দিতে চায় যে, স্কটল্যান্ডে ২০০৬ সালের প্রাণী-স্বাস্থ্য ও কল্যাণ আইন অনুযায়ী গৃহপালিত পশুকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।