অনাথের আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা আক্তার জাহান। ছবি: অধুনা
আয়েশা আক্তার জাহান। ছবি: অধুনা

রাজশাহীর মেয়ে আয়েশা আক্তার জাহান। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মেয়েদের নিয়ে কাজ করার। রাজশাহী কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময় বিয়ে হয়ে যায় আয়েশার। এরপর সফলভাবেই পার হয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির বৈতরণি। ১৯৯৫ সালে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাসের শুরু থেকেই নিজেদের ব্যবসার হাল ধরেছেন। হয়েছেন রেনেসাঁ গ্রুপের পরিচালক। ব্যবসাটা ঠিকমতো পরিচালনার জন্যই নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
মনের কোণের সেই ছোট্ট ইচ্ছেটাকে মরে যেতে দেননি আয়েশা। ব্যবসার আয় দিয়ে তিনি গড়ে তুলেছেন পিপলস রোকেয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০১৩ সালে পিপলস রোকেয়া ফাউন্ডেশন এতিম ও দুস্থ কন্যাশিশুদের জন্য চালু করেছে একটি আশ্রয় নিবাস (শেল্টার হাউস)। এই প্রতিষ্ঠান দিয়েই শুরু ফাউন্ডেশনের কার্যক্রম। এখন এখানে ৩২ জন শিশু থাকা ও পড়াশোনা, চিকিৎসাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছে। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাড়িতে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। যেখানে শিশুদের সংখ্যা নিয়মিতই বাড়ছে।
রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আয়েশা আক্তার জাহান বললেন, ‘যেখানেই কোনো অনাথ বা এতিম শিশুর খোঁজ পাচ্ছি, আমরা তাকে আমাদের শেল্টার হাউসে নিয়ে আসছি। অনাথ শিশু রাখার জন্য যেকেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সমাজে মেয়েরা এখনো সবদিকে অবহেলিত। অনেক মেয়ে আজকাল চাকরি করলেও বেতনের টাকা খরচের জন্য স্বামীর অনুমতি নিতে হয় অনেক ক্ষেত্রেই । টাকার অভাবে অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এমনই নানা বিষয় নিয়ে নারীদের পাশে থাকতে চেয়েছি আমি, গড়ে তুলেছি রোকেয়া ফাউন্ডেশন।’
পড়াশোনা করে সমাজে নারীদের প্রতিষ্ঠার ব্যাপারে সাহায্য করতে চায় রোকেয়া ফাউন্ডেশন। তাই দেশের মেধাবী মেয়ে শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে আরশাদ আহমেদ মেধাবৃত্তি। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পর জমা পড়া আবেদনপত্রগুলো থেকে ৩৩ জন মেয়েকে বেছে নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ের এই বৃত্তির জন্য। যারা প্রতিমাসে নির্দিষ্ট অঙ্কের বৃত্তি পাচ্ছে। বৃত্তির সংখ্যা আরও বাড়বে বলে জানালেন আয়েশা। ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মাসেই (আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীতে চালু হচ্ছে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার একটি ক্লিনিক এবং অটিস্টিক মেয়েদের জন্য রাজধানীর উত্তরায় আরেকটি আবাসিক প্রতিষ্ঠান।
স্বামী ও তিন সন্তান নিয়ে আয়েশা বসবাস করছেন ঢাকায়। তবে প্রতি সপ্তাহেই যান গাজীপুরে। শুক্রবারের ছুটির দিনটা শেল্টার হাউসের শিশুদের সঙ্গে কাটে আয়েশার। বললেন, ‘ছোট্ট এসব শিশুর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। অনাথ এই শিশুরা এখন পড়াশোনা শিখে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে।’ এই শিশুদের মাধ্যমে পূরণ হচ্ছে আয়েশার ছোটবেলার স্বপ্ন।