অনাদিকল্পের নির্বাক প্রযোজনা লাফিং গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশারা ভাষার শিল্পিত রূপ মূকাভিনয় যে মাঝে মাঝে কথা ও ধ্বনিকে ছাপিয়ে যায় অনাদিকল্পের গুচ্ছ প্রযোজনা ‘লাফিং গ্যাস’ দেখে দর্শকের সেই উপলব্ধি হলো। ১০ ফেব্রুয়ারি নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে দর্শকের মন ভরিয়েছেন দলটির নির্বাক অভিনেতারা। পাঁচটি অণুগল্প দিয়ে সাজানো এই পরিবেশনা কেবল হাসির ফোয়ারাই ছোটায়নি, পাশাপাশি তুলে ধরেছে সমাজ-বাস্তবতার নানাদিক।
আসরের শুরুতে খ্যাতনামা মূকাভিনেতা কার্লোস মার্টিনেস রচিত ‘লিটল বয়’ শিরোনামের মূকাভিনয় পরিবেশন করেন অনাদিকল্পের দলনেতা মাসউদুর রহমান। ‘লিটল বয়’ পরিবেশনার পর ছিল নারীর নিজস্ব উপলব্ধি নিয়ে ‘স্টেপ আপ গার্ল’। নানা ক্ষেত্রে উদাসীনতার শিকার একজন নারী কী করে প্রতিবাদী হয়ে ওঠে এই গল্পে তা–ই তুলে ধরা হয়েছে। মন ছুঁয়ে গেছে গ্রামগঞ্জে সিঁধকাটা চোর আর গৃহস্থের দ্বৈরথ নিয়ে অণুগল্প ‘থিফ’। একে একে পাঁচটি পরিবেশনা উপহার দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন তাঁরা।
অভিনয়ে অংশ নেন সাদিয়া আফরীন, হৃদয় দেব, শুভ্র কাউসার মোশাররফ আলী, জাওয়াদুল ইসলাম, মুনতাসির মাহমুদ ও মাসউদুর রহমান। সংগীত ও আলোক পরিকল্পনায় ছিলেন রাফসান গালিব। সহযোগিতায় ছিলেন সুফিয়ান জয়, আলী রেজা ও নিমরাজ। প্রযোজনাটি নির্দেশনা দেন মাসউদুর রহমান।