কক্সবাজারের মহেশখালী উপজেলার অনাবাদী জমিতে তরমুজ লাগিয়েছিলেন চাষিরা। তরমুজের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে তাঁদের মুখে। এতে এলাকার প্রায় ২০০ পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই তরমুজ এখন বিক্রি হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের নানা অঞ্চলের বাজারে।উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া, তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা ও বড়দিয়ায় অনাবাদি জমিতে এবার তরমুজের চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। জানা গেছে, ২০০৪ সালে সোনাদিয়া দ্বীপের পশ্চিমপাড়ায় তরমুজের চাষ শুরু করেন কয়েকজন চাষি।পরে ২০০৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তরমুজ, খিরা ও শাকসবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ নেওয়া উদ্যোগী তরুণদের অনেকে তরমুজ চাষ শুরু করেন। গত বছর এলাকার ১৫০ জন আর এ বছর প্রায় ২০০ জন চাষি তরমুজ চাষ করছেন। এ বছর ফলন তুলনামূলক অনেক বেশি হওয়ায় তরমুজ চাষে ঝুঁকছেন আরও অনেকে। সম্প্রতি সোনাদিয়ার পশ্চিমপাড়ায় সরেজমিনে দেখা যায়, চাষিরা খেত থেকে তরমুজ নিয়ে একপাশে স্তূপ করে রাখছেন। পাইকারি ব্যবসায়ীরা সেখান থেকে প্রতিটি ৬০-১৪০ টাকা দামে কিনে নিচ্ছেন। পশ্চিমপাড়ার তরমুজ চাষি রশিদ মিয়া, আবদুস সালাম ও শফিউল আলম জানান, এ বছর চরের অনাবাদি জমিতে তরমুজ চাষ করছি। খরচ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। ফলনও হয়েছে বেশ ভালো। মৌসুম শুরুর আগে তরমুজ পুষ্ট হওয়ায় দামও ভালো পাওয়া গেছে। খরচ বাদ দিয়ে এক-দেড় লাখ টাকা লাভ হবে । গোরকঘাটার ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, অন্য বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে এবং চাষিরাও ভালো দাম পাচ্ছেন। এখানকার তরমুজ মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রামের বাজারে যাচ্ছে। বেসরকারি এনজিও সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ ও সংরক্ষক আবদুল কাইয়ুম জানান, এখানকার বেশির ভাগ মানুষ শামুক-ঝিনুক তুলতেন। এতে পরিবেশের ক্ষতি হতো। এটা বন্ধ করার জন্য দ্বীপবাসীকে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হয়। প্রশিক্ষণ পেয়ে অনেকে তরমুজ চাষ করেছেন। সফলও হয়েছেন তাঁরা। এর ফলে পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখেছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন বলেন, এ বছর উপজেলার কুতুবজোম, ছোটমহেশখালী ও শাপলাপুর ইউনিয়নে ৯০ হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। এর মধ্যে সোনাদিয়ায় তরমুজ চাষ বেশি হয়েছে। এ বছর তরমুজের ফলন ভালো হওয়ায় চাষিরা পরের মৌসুমেও তরমুজ চাষ করবেন বলে জানিয়েছেন।