অনার্য অন্যস্বরের এক দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই সন্ধে সাতটা। হঠাৎ দেখা গেল, মেঘলা আকাশে ফানুস উড়ছে। এভাবেই ফানুস উড়িয়ে বেশ ঘটা করে উদ্বোধন করা হয় শ্রুতিদল অনার্য অন্যস্বরের এক দশক পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী শ্রুতি উৎসব। অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণ-ব্রাহ্মণীর বসনে চর্যাপদ থেকে সুরে সুরে পরিবেশনা ‘অবণাগবন’ দর্শকের মাঝে নান্দনিকতার রেশ ছড়িয়ে দেয়। ‘অবণাগবন’-এর চর্যাপদ-এর কিছু শ্লোক অনুবাদ করেন সাইমন জাকারিয়া এবং এটি নির্মাণ করেন শীর্ষেন্দু নন্দী। এরপর অনুষ্ঠানের পরবর্তী পরিবেশনাগুলো ‘মুক্তমঞ্চের’ পরিবর্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবেশিত হয়। আবৃত্তিকার রাশেদ হাসানের আবৃত্তি কবি মাহবুব-উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, সৈয়দ শামসুল হকের ‘আমি পাখিদের কথা বলতে এসেছি’ দর্শকদের আপ্লুত করে। এরপর আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন লায়লা আফরোজ। তিনি আবৃত্তি করেন কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘ছিন্নপত্র’, সব্যসাচীর ‘মনে রেখ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ ও শামসুর রাহমানের ‘অভিশাপ দিচ্ছি।’ সামাজিক অবক্ষয় এবং বিবেকের দায়বদ্ধতার ওপর ভিত্তি করে মুক্তধারা আবৃত্তিচর্চাকেন্দ্র পরিবেশন করে ‘নক্ষত্রের মৃত্যু’। এতে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তসলিমা নাসরিন, শেখর বরণ, মল্লিকা সেনগুপ্ত, প্রমোদ বসু, মৃণাল দত্ত প্রমুখের কবিতা ব্যবহার করা হয়। ‘নক্ষত্রের মৃত্যু’ এর গ্রন্থনা ও নির্দেশনা দেন মাহমুদা সিদ্দিকা। পরে হরবোলা উপস্থাপন করে ‘কালবেলার কালস্রোতে’। বর্তমান সময়ের বন্ধ্যাত্ব ও বৈরিতাকে উপজীব্য করে নির্মিত আবৃত্তি প্রযোজনা ‘কালবেলার কালস্রোতে’ রচনা করেন অর্ণা অপূর্ণিকা এবং নির্দেশনা দেন মজুমদার বিপ্লব। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একক আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, কাজি মাহতাব, সুমিত দত্ত ও শীর্ষেন্দু নদী। আবৃত্তি সংগঠন প্রমা পরিবেশন করে হুমায়ুন আজাদের ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সামাজিক অসংগতি নিয়ে অনার্য, অন্যস্বরের পরিবেশনা ‘নদীর রং মচকা ফুলের মতো লাল।’ এটি রচনা করেন মাহবুব মোর্শেদ। অনার্য, অন্যস্বরের দলপতি সৌমেন রুদ্র জানান, ‘অনার্য, অন্যস্বর, আবৃত্তি সংগঠন নয়, শ্রুতিদল। তাই আমরা কবিতা নয়, যেকোনো কিছুই পাঠ করতে পারি। ১০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন শিল্পের মাধ্যমে সামাজিক অসংগতি, অস্থিরতা, দুর্বোধ্যতা ভিন্ন আঙ্গিকে সমাজের সামনে উপস্থাপনের প্রয়াস চালাচ্ছে।’ আবৃত্তিকার রাশেদ হাসান বলেন, ‘অনার্য, অন্যস্বরের এক দশক পূর্তিতে অসম্প্রদায়িকতায় বিশ্বাসীরা এক মঞ্চে দাঁড়িয়েছি।’ ২৪ জুলাই রাত ১০টায় উৎসব শেষ হয়।