অনাড়ম্বর পরিবেশে উদ্যাপিত হলো উখিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে অনাড়ম্বর পরিবেশে এবার প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্যাপন করেছে উখিয়ার বৌদ্ধ সমপ্রদায়ের বাসিন্দারা। অন্যান্য বছরের মতো ছিল না আকাশে রঙিন ফানুস ওড়ানো এবং বাদ্য-বাজনা বাজিয়ে কীর্তনের অনুষ্ঠানমালা। উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪টি বৌদ্ধমন্দির ও বিহারে সাদামাটাভাবে দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে উৎসবের সমাপ্তি টানা হয়। মন্দিরগুলোতে সাধারণ ভক্তদের উপস্থিতিও ছিল গত বছরের তুলনায় কম। সরেজমিন পরিদর্শন ও উপজেলা বৌদ্ধ সার্বজনীন উন্নয়ন কমিটি সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হলদিয়াপালং, রত্নাপালং, রাজাপালং, জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের বৌদ্ধ সমপ্রদায় অধ্যুষিত বিভিন্ন গ্রামের ৩৪টি মন্দির ও বিহারে একই সময়ে সকাল সাড়ে আটটায় অষ্টশীল, নয়টায় বুদ্ধপূজা, দুপুর দুইটায় ধর্মসভা, বিকেলে প্রার্থনা ও সন্ধ্যা ছয়টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজাপালং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জাদী বৌদ্ধবিহারে গিয়ে দেখা যায়, নীরব পরিবেশে মন্দিরের ভেতরে নারী-পুরুষ সমবেত হয়ে প্রার্থনা করছেন। বিহারের অধ্যক্ষ জ্যোতি শুভ ভিক্ষু ত্রিপিটকের শ্লোকের মাধ্যমে প্রার্থনা পরিচালনা করেন এবং ধর্ম দেশনা দেন। প্রার্থনা শেষে তিনি এ প্রতিবেদককে জানান, উখিয়া উপজেলা বৌদ্ধ সার্বজনীন উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত পরিসরে পুরো উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা পালন করেছে। প্রার্থনায় সরকার, দেশ ও প্রত্যেক মানুষের অগ্রগতি ও শান্তি কামনা করা হয়। বিহারের দায়িকা কলেজছাত্রী প্রতিমা বড়ুয়া (২২) বলেন, ‘অন্যান্য বছরের মতো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবার প্রবারণা উৎসব পালন করতে না পারায় মনে তেমন আনন্দ নেই। গত ৩০ সেপ্টেম্বরের ঘটনা আমাদের সব কিছু ম্লান করে দিয়েছে।’বিহার পরিচালনা কমিটির সদস্য মংফু বড়ুয়া সেদিনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উখিয়া উপজেলা বৌদ্ধ সার্বজনীন উন্নয়ন কমিটির আহ্বায়ক প্লাবন বড়ুয়া ও যুগ্ম আহ্বায়ক মেধু কুমার বড়ুয়া জানান, গত ৩০ সেপ্টেম্বরের সহিংস ঘটনার প্রতিবাদে মন্দির ও বিহার পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী অনাড়ম্বর পরিবেশে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে উখিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেক মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মন্দিরের আশপাশে এবং গ্রামগুলোতে টহল জোরদার করে।উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে। ফলে শঙ্কামুক্ত পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।