অনাড়ম্বরে পালিত হলো হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
খাগড়াছড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশন ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আন্তর্জাতিক নারী দিবসেই ফেডারেশন গঠিত হয়েছিল।খাগড়াছড়ি ও বাঘাইছড়ির বাঘাইহাটে সংহিস ঘটনার প্রেক্ষিতে এবার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে পালিত হলো। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কনিকা দেওয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য আমীর আব্বাস, মনিরুল মনির ও রীনা দেওয়ান। সভায় বক্তারা খাগড়াছড়ি ও বাঘাইহাটের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের সাংস্কৃতিক ও আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ১৯৮৮ সালের ৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশন গঠিত হয়। এটি এ অঞ্চলের আদিবাসী নারীদের বিভিন্ন সমস্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।