অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে পেকুয়ার বিদ্যালয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে পেকুয়াকে ভাগ করে আলাদা উপজেলা করা হয়েছে ২০০৩ সালের এপ্রিলে। এর ১০ বছর পরও এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও কর্মকর্তার পদ সৃষ্টি হয়নি। ফলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো চলছে অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে। সব দাপ্তরিক কাজের জন্য প্রধান শিক্ষকদের কক্সবাজার জেলা কার্যালয়ে ধরনা দিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে।একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি দাখিল (ক্ষেত্রবিশেষে আলিম, ফাজিলসহ) মাদ্রাসা রয়েছে। আগে চকরিয়া মাধ্যমিক শিক্ষা কার্যালয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান তদারকের দায়িত্ব পালন করছিল।উপজেলা ভাগ হওয়ার পর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান দেখাশোনা করে আসছেন চকরিয়া কিংবা কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারীরা। তবে এসব কর্মচারীরও দেখা মেলে কালেভদ্রে। সম্প্রতি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কক্সবাজার সদর থেকে বিদ্যালয়গুলো তদারকের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।পেকুয়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক আবুল বশর বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও কর্মকর্তা না থাকায় উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যথাযথ তদারক হচ্ছে না। ফলে মাধ্যমিক স্তরে লেখাপড়ার মানও বাড়ছে না। কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকেরা যে যার মতো ক্লাস নিচ্ছেন আর মাস শেষে বেতন গুনছেন।’নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষকেরা নানা ক্ষেত্রে চরম হয়রানির শিকার হচ্ছেন। উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। বই বিতরণ, উপবৃত্তির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো, বিদ্যালয় পরিদর্শন এবং বিভিন্ন দাপ্তরিক কাজকর্মে চলছে চরম অব্যবস্থাপনা।’পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমাদের বিদ্যালয় পরিদর্শন হচ্ছে না। বিদ্যালয়গুলো চলছে যেন আল্লাহর ওয়াস্তে, কোনো রকম তদারকি ছাড়া। সব দাপ্তরিক কাজের অনুমোদনের জন্য আমাদের কক্সবাজার জেলা কার্যালয়ে ধরনা দিতে হয়। এতে হয়রানির শিকার হওয়া ছাড়াও নষ্ট হচ্ছে অর্থ ও সময়।’পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠানের বার্ষিক তথ্য ফরম পূরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কিন্তু পেকুয়ায় এ পদে কেউ না থাকায় কাজটি করেন কক্সবাজার জেলা শিক্ষা কার্যালয়ের এক গবেষণা কর্মকর্তা। এ কাজে তাঁর কাছে যাতায়াত ও আনুষঙ্গিক খরচগুলো করতে হয় নিজের পকেট থেকে।’পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও কর্মকর্তা না থাকার বিষয়টি জেলার সমন্বয় সভায় বেশ কয়েকবার তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগাদা দিয়েছি। কিন্তু তাঁরা বলেছেন, জেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সংকট রয়েছে।’জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা সংকটের কারণে পেকুয়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা কার্যালয় চালু করা যায়নি। সেখানকার সমস্যার কথা বিবেচনা করে আমি নিজে তদারক করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগ হলে সমস্যাগুলো আর থাকবে না।’